স্বপ্ন এবার বিশ্বজয়ের
আরিয়েন রোবেনকে দেখে মনে হচ্ছিল, মাঠ ছাড়ার মতো আনন্দের কিছু আর এই পৃথিবীতে নেই। ৮৯ মিনিটে রোবেনকে তুলে ইলেরো ইলিয়াকে নামালেন কোচ বার্ট ফন মারউইক। হাসতে হাসতে, বিজয়ীর ভঙ্গিতে দুই হাত উপরে তুলে, দর্শকদের অভিনন্দনের জবাব দিতে দিতে মাঠ থেকে বের হলেন রোবেন। মিনিট পনেরো আগেই দলের ফাইনাল প্রায় নিশ্চিত করে দেওয়া গোলটি করেছেন, রোবেনের এমন চেহারাই তো দেখার কথা।উরুগুয়ে দ্বিতীয় গোল করার পর অবশ্য ডাগ-আউটে শেষ কয়েকটি মিনিট কেটেছে টেনশনে। শেষ বাঁশি বাজার পর রোবেনের মুখে আবারও হাসি। এই উইঙ্গার এখন স্বপ্ন দেখছেন শিরোপার, ‘আমাদের দলটা অসাধারণ। এখন স্রেফ আর একটা জয় দরকার। টুর্নামেন্টের আগে আমাদের একটিই লক্ষ্য ছিল—শিরোপা। উরুগুয়ে ম্যাচের আগে সবার আত্মবিশ্বাস দেখেই আমি বুঝে ফেলেছিলাম, আমরা জিতব।’ মাস দেড়েক আগেই একটি ফাইনাল খেলেছেন বায়ার্ন মিউনিখের এই তারকা, তবে সেই অভিজ্ঞতা সুখকর হয়নি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পুনরাবৃত্তি আর চান না রোবেন, ‘আমরা লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি। সম্প্রতি ক্লাব পর্যায়ে বড় একটা টুর্নামেন্টের ফাইনাল আমি হেরেছি, এবার আর তা হতে দেব না। এখন আমরা দারুণ আত্মবিশ্বাসী।’রোবেন যে ফাইনালে হেরেছেন, সেটিতেই জয়ী দলে ছিলেন ওয়েসলি স্নাইডার। বিশ্বকাপে হল্যান্ডের সবচেয়ে সফল তারকা শেষ দিকে কিছুটা টেনশনে পড়ে গিয়েছিলেন, ‘ম্যাচটা খুব কঠিন ছিল। শেষ দিকে আমরা কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিলাম, আর উরুগুয়ে খুব কাছাকাছি চলে এসেছিল। তবে শেষ পর্যন্ত জয়টাই আসল, আমরা কীভাবে জিতেছি এটা কেউ মনে রাখবে না।’ উরুগুয়ে যথেষ্ট ভুগিয়েছে, বলছেন রবিন ফন পার্সিও। ফাইনাল খেলতে পারাটাকে এই স্ট্রাইকারের কাছে মনে হচ্ছে স্বপ্নপূরণের মতো, ‘আমরা জানতাম উরুগুয়েকে হারানো সহজ হবে না। হয়েছেও তাই, রেফারি শেষ বাঁশি বাজানোর আগ পর্যন্ত ওরা আমাদের ছাড় দেয়নি। শেষ পর্যন্ত ফাইনালে আসতে পেরে দারুণ লাগছে। যেন স্বপ্ন সত্যি হয়েছে।’ডির্ক কিউটের আবার আক্ষেপ আরও বড় ব্যবধানে জিততে না পারায়, ‘বিরতির পর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি, অনেক সুযোগ সৃষ্টি করেছি। আমাদের অন্তত পাঁচ-ছয়টা গোল করা উচিত ছিল। শেষ মুহূর্তে দ্বিতীয় গোল হজম করাটাও আমাদের জন্য ছিল লজ্জার।’ চার-পাঁচ গোল করতে না পারলেও ফাইনালে আসতে পেরেছে হল্যান্ড, এখন ফাইনালটাও জিততে দৃঢ়প্রতিজ্ঞ কিউট, ‘আমরা জানতাম ফাইনাল খেলার সামর্থ্য আমাদের আছে, কিন্তু শেষ পর্যন্ত এখানে আসতে পারার অনুভূতিটা অবিশ্বাস্য। আমরা ইতিহাস গড়ার খুব কাছাকাছি চলে এসেছি। এই নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠলাম, আশা করি এবার জিতব।’ ওয়েবসাইট।