স্বপ্ন ছাড়েননি পিস্টোরিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ মাস বয়সেই পা জোড়া হারিয়েছেন। কিন্তু থমকে দাঁড়াননি, কৃত্রিম পা লাগিয়েই দৌড়েছেন। কৃত্রিম তন্তুর তৈরি সেই পা তাঁকে বাড়তি নীতিবিরুদ্ধ সুবিধা এনে দেয়—এই অভিযোগে আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা নিষিদ্ধ করেছিল তাঁকে। আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত গিয়ে সেই নিষেধাজ্ঞা থেকে তিনি মুক্ত হয়েছেন। কিন্তু তার পরও অস্কার পিস্টোরিয়াসের একটা স্বপ্ন এখনো পূরণ হয়নি—অলিম্পিকে দৌড়ানোর স্বপ্ন!২৪ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান নতুন স্বপ্নে বুক বেঁধেছেন। আপাতত লক্ষ্য, আগামী সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করা। এ জন্য ২০ জুনের মধ্যে ৪০০ মিটার দৌড়ে তাঁকে টাইমিং করতে হবে ৪৫.২৫ সেকেন্ড। কদিন আগেই নিজের সেরা টাইমিংটা গড়েছেন পিস্টোরিয়াস—৪৫.৬১। তবে ব্যবধান এখনো অনেক। এই ব্যবধান ঘুচিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই আজ নিউইয়র্কে অনুষ্ঠেয় ডায়মন্ড লিগে নামছেন। যেখানে তাঁর অন্যতম প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের তারকা দৌড়বিদ, ২০০৪ অলিম্পিকে সোনাজয়ী জেরেমি ওয়ারিনার।নিজের ব্যক্তিগত সেরা টাইমিং নিয়ে ‘ব্লেড রানার’ পিস্টোরিয়াস খুশি। কিন্তু জানেন, এখনো সামনে আরও লম্বা পথ পাড়ি দিতে হবে, ‘মৌসুমের শুরুটা আমি ভালোমতোই করেছি। বেশ ভালো টাইমিং হয়েছে, কিন্তু এটা ঠিক সেই পর্যায়ের টাইমিং নয়। তা ছাড়া আমিও মাত্র একবারই এই টাইমিং করলাম। নিজেকে প্রমাণের তাই এখনো অনেক বাকি।’২০০৮ বেইজিং অলিম্পিকেই দৌড়াতে চেয়েছিলেন। কিন্তু মাত্র দশমিক ৩ সেকেন্ডের কারণে কোয়ালিফাই করতে পারেননি। ‘বেইজিং অলিম্পিক একটুর জন্য মিস করেছি। এবারও সেটা হোক, আমি তা মোটেও চাই না।’ বলেছেন ‘বিশ্বের পা-বিহীন দ্রুততম মানব’। এএফপি।