
হাতে ধরা চ্যাম্পিয়নস লিগের ট্রফি, মুখে হাসি, গায়ে জড়ানো ক্রোয়েিশয়ার পতাকা৷ যেন একটি স্বপ্নকে হাতের মুঠোয় পুরে গায়ে মাখিয়েছেন আরেকটি স্বপ্নের আবেশ৷ চ্যাম্পিয়নস লিগ জয়ের পর লুকা মডরিচ এবার তাকিয়ে বিশ্বকাপের দিকে৷ ক্লাব মৌসুমের উদ্ভাসিত সাফল্যের পর এবার ব্রাজিল মাতানোর পালা!
রিয়াল মাদ্রিদের জন্য এ মৌসুমে মডরিচ ছিলেন আনন্দময় বিস্ময়৷ গোটা মৌসুমে ছিলেন দারুণ ধারাবাহিক৷ তার মানে এই নয় যে এমন কিছু তাঁর কাছ থেকে অপ্রত্যাশিত৷ সামর্থ্য নিয়ে সংশয় ছিল না বলেই তো দুই বছর আগে ৩৩ মিলিয়ন পাউন্ডে টটটেনহাম হটস্পার থেকে ক্রোট মিডফিল্ডারকে দলে টেনেছিল রিয়াল৷ তবে গত মৌসুমে পূরণ করতে পারেননি প্রত্যাশা৷ মানিয়ে নিতে পারছিলেন না মািদ্রদে৷ যেখান থেকে তাঁর উত্থান, সেই ডায়নামো জাগরেবে খেলতেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে৷ টটেনহামে এসেও ভূমিকাটা কম-বেশি একই ছিল৷ রিয়ালের তারকাপুঞ্জে পছন্দের জায়গা পেলেন না মডরিচ৷ সামনে খেলতে পছন্দ করলেও টটেনহাম বা জাগরেবে নানা সময়ে প্রমাণ করেছেন প্রয়োজনে মাঝমাঠের যেকোনো জায়গাতেই তিনি দুর্দান্ত৷ এটা দেখেই হোসে মরিনহো তাঁকে খেলাচ্ছিলেন একটু নিচে৷ মানিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন বলেই গত মৌসুমে সেরাটা দেখে গেছেন সামান্যই৷
এবার কার্লো আনচেলত্তি বের করে এনেছেন মডরিচের সেরাটা৷ রিয়ালের মাঝমাঠ থেকে এবার মেসুত ওজিল চলে গেছেন, কিন্তু এসেছেন গ্যারেথ বেল৷ ক্রিিস্টয়ানো রোনালদো তো আছেনই৷ এই মৌসুমে শুরু থেকেই দারুণ খেলছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া, উঠে আসছেন ইসকো, ইয়ারামেন্দির মতো তরুণেরা৷ মডরিচ তাই জানতেন, টিকে থাকতে হলে জ্বলে উঠতে হবে দল যেখানে চায় সেখানেই৷ উপলব্ধিটা কী দারুণভাবেই না প্রমাণ করলেন পারফরম্যান্সে! কখনো প্লে-মেকারের ভূমিকায়, কখনো নিচে, যেখানেই খেলিয়েছেন আনচেলত্তি, মৌসুমজুড়ে মডরিচ ছিলেন যেন রিয়ালের হৃৎস্পন্দন৷ পরশু রাতেও তা-ই৷ তাঁর পা থেকে বেরিয়েছে অজস্র পাস, প্রতিটি আক্রমণের প্রাণ ছিলেন যেন তিনিই৷ সার্জিও রামোসের সমতা ফেরানো গোলটিও ছিল তাঁর নিখুঁত কর্নার থেকে৷
টটেনহামের মায়া ছেড়ে রিয়ালে এসেছিলেন বড় ট্রফি জয়ের স্বপ্ন নিয়েই৷ নিজের স্বপ্নপূরণ আর ক্লাবের লা ডেসিমা জয়কে এক সুতোয় গাঁথতে পেরে এমনিতে অন্তর্মুখী মিডফিল্ডার পরশু রাতে ছিলেন আত্মহারা, ‘স্বপ্ন হলো সত্যি...আমার ক্যারিয়ারের যত অর্জন, সবকিছুর ওপরে এটি৷ কতটা উচ্ছ্বসিত আমি, সেটা বোঝানোর উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না৷ আমরা সবাই লা ডেসিমার স্বপ্নে আবিষ্ট ছিলাম, কারণ জানতাম এই ট্রফিটা কত তীব্রভাবে চাইছে ক্লাব৷’
এই আবেগের জোয়ারের মাঝেও অবশ্য ভুলছেন না আরেকটি দায়িত্ব৷ শুনতে পাচ্ছেন দেশের ডাক৷ ডেভর সুকারের দেশের সবচেয়ে বড় তারকা এখন তিনিই৷ দলের সবচেয়ে বড় ভরসাও৷ ২০০৬ বিশ্বকাপে গিয়েছিলেন উঠতি এক খেলোয়াড় হিসেবে৷ বদলি নেমেছিলেন দুটি ম্যাচে৷ ক্রোয়েশিয়া বিদায় নিয়েছিল গ্রুপ পর্বেই৷ গত বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি দল৷ এবার খেলছে আবার, গ্রুপটাও যথেষ্ট কঠিন৷ ব্রাজিল, মেক্সিকো, ক্যামেরুনের গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠা হবে বড় চ্যালেঞ্জ৷ তবে ক্লাবের সাফল্যই উজ্জীবিত করছে মডরিচকে, ‘অনেক লম্বা একটি মৌসুম ছিল, কিন্তু ট্রফি জয়ের আনন্দই সব অবসাদকে দূর করে দিচ্ছে৷ আমি দারুণ রোমাঞ্চিত৷ কয়েকটি দিন বিশ্রাম নিয়ে ফিরব ব্রাজিলের প্রস্তুতিতে৷ আমি আশাবাদী, ভালো কিছু করতে পারব৷’
ক্লাবের ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপেও চমক হতে পারেন মডরিচ৷ কে জানে, ক্রোয়েশিয়া ফিরিয়ে আনতে পারে ১৯৯৮ বিশ্বকাপের স্মৃতি! রয়টার্স৷