স্বপ্ন ছোঁয়ার কাছাকাছি রনকি
আরেকবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে পাড়ি দিয়েছিলেন তাসমান সাগর। লুক রনকির সেই স্বপ্নপূরণটা এখন শুধুই সময়ের ব্যাপার। সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান জায়গা পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির নিউজিল্যান্ড দলে। ২০১১ বিশ্বকাপের পর কোনো ওয়ানডে না খেলা ড্যানিয়েল ভেট্টোরিও আছেন ১৫ সদস্যের দলে। আট মাসের দীর্ঘ চোট কাটিয়ে সাবেক অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এই টুর্নামেন্ট দিয়েই। অনেক দল এখনো ৩০ সদস্যের প্রাথমিক দলই ঘোষণা করেনি, কিন্তু নিউজিল্যান্ড চূড়ান্ত করে ফেলল মূল দল। জুনে চ্যাম্পিয়নস ট্রফির শেষ আসর বসছে ইংল্যান্ডে।চ্যাম্পিয়নস ট্রফির আগে মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজও খেলবে নিউজিল্যান্ড। ঘোষণা করা হয়েছে দুই টেস্ট সিরিজের দলও। চোট কাটিয়ে ফিরেছেন ওপেনার মার্টিন গাপটিল ও পেসার মার্ক গিলেস্পি। ৩ ওয়ানডের সিরিজে খেলবে চ্যাম্পিয়নস ট্রফির দলটাই।৩২ ছুঁইছুঁই রনকির জন্ম নিউজিল্যান্ডেই। ওয়েলিংটন ও নেপিয়ারের মাঝামাঝি ছোট্ট শহর ডেনভার্কে। সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে পাড়ি জমান পার্থে। ২০০২ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক প্রথম শ্রেণীর ক্রিকেটে। অ্যাডাম গিলক্রিস্টের অবসর ও ব্র্যাড হাডিনের চোটে আন্তর্জাতিক অভিষেক ২০০৮ সালে। চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। সর্বশেষ ওয়ানডেতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ২৮ বলে ৬৪। কিন্তু পরে হাডিন-মানুদের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেননি। পরে ওয়েড-নেভিল-হার্টলিদের উত্থানে অস্ট্রেলিয়ার হয়ে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি। এই মৌসুমেই তাই পাড়ি জমান জন্মভূমিতে। ওয়েলিংটনের হয়ে প্লাঙ্কেট শিল্ডে ৯ ম্যাচে ৪ সেঞ্চুরি, ঘরোয়া ওয়ানডে-টি-টোয়েন্টি টুর্নামেন্টে আক্রমণাত্মক ব্যাটিংয়ে জাতীয় দলে ঢুকতেও সময় লাগল না। ওয়েবসাইট।চ্যাম্পিয়নস ট্রফির নিউজিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, গ্রান্ট এলিয়ট, অ্যান্ড্রু এলিস, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গাপটিল, মিচেল ম্যাকলেনাগন, নাথান ম্যাককালাম, কাইল মিলস, কলিন মানরো, লুক রনকি, টিম সাউদি, রস টেলর, ড্যানিয়েল ভেট্টোরি ও কেন উইলিয়ামসন।