স্বপ্ন তাড়া আর স্বপ্ন ছোঁয়া
আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন প্রায় এক যুগ। কালকের আগে আন্তর্জাতিক সেঞ্চুরি আছে ২৪টি। ৯৬ রানে অপরাজিত ব্যাটসম্যানেরও পরশু রাতটি তাই বিনিদ্র কাটার কথা নয়। তবে প্রতিপক্ষ-উইকেট-পরিস্থিতি যেমনই হোক, টেস্ট সেঞ্চুরি বলে কথা! ভেতরে ভেতরে একটা অস্থিরতা ঠিকই ছিল। ডাবল সেঞ্চুরির কথা ভেবে দিন শুরু করেছিলেন কি না, জানতে চাওয়ায় ইউনুস খান হাসেন, ‘আমি তো চারটি রানের কথাই ভাবছিলাম!’গত মে মাসে সেন্ট কিটস টেস্টের তৃতীয় দিন শেষে ৯৭ রানে অপরাজিত ছিলেন তৌফিক উমর। পরের দিন সেঞ্চুরি ছুঁতে কী ভোগান্তিটাই না হয়েছিল বেচারার! কয়েকবার আউট হতে হতে বেঁচে গিয়ে ৩ রান ছুঁতে লেগেছিল ১৮ বল। তবে কাল অমন যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়নি ইউনুসকে। দিনের তৃতীয় বলটাই শাহাদাত হোসেন করলেন লেগ স্টাম্পে। ‘উপহার’ দুই হাতে লুফে নিতে ভুল করবেন কেন ইউনুস? দারুণ এক ফ্লিকে ছুঁলেন ১৯তম টেস্ট সেঞ্চুরি।বরাবরই ‘বড় ইনিংসের’ ব্যাটসম্যান। এখানেই থামলে কি আর চলবে? ড্রেসিংরুম থেকে কোচ-অধিনায়কের বার্তা পেলেন, ‘একটু চালিয়ে খেলো, দেখো ডাবলটা হয় কি না।’ তিনি ‘চালালেন’ এবং করে ফেললেন তৃতীয় ডাবল সেঞ্চুরি। চালিয়ে খেলা মানে যে খ্যাপাটে ব্যাটিং নয়, বরং পরিস্থিতির দাবি মেনে খেলা—এটাও দেখিয়ে দিলেন। প্রথম সেঞ্চুরি হয়েছিল ১৫৮ বলে, পরেরটিতে বল লাগল ১৩২, ১৫০ থেকে ২০০ হতে মাত্র ৪৩ বল—কিন্তু একটা মুহূর্তের জন্যও মনে হয়নি রানের জন্য উন্মত্ত ইউনুস।খানিকটা অস্থিরতা ছুঁয়ে গিয়েছিল অবশ্য ১৯০ ছোঁয়ার পর। ২০০৬ সালে ভারতের বিপক্ষে টানা দুই টেস্টে আউট হয়েছিল ১৯০-এ। টেস্ট ইতিহাসে ১৯৯ করে রান আউট হওয়া একমাত্র ব্যাটসম্যানও তিনিই। সেই স্মৃতি খানিকটা মনে পড়ে গিয়েছিল। তবে জানালেন, কাল পণ করেছিলেন ওসবের পুনরাবৃত্তি হতে দেবেন না। ১৯০ থেকে ৮ বলের মধ্যে দুই চার ও একটি ডাবলসে ২০০। পাকিস্তানের হয়ে তাঁর চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে কেবল জাভেদ মিয়াঁদাদ (১২৪ টেস্টে ২৩), মোহাম্মদ ইউসুফ (৯০ টেস্টে ২৪) ও ইনজামাম-ইল-হকের (১১৯ টেস্টে ২৫)। ইউনুসের ১৯ হলো ৭২ টেস্টেই, যেভাবে খেলছেন তাতে শীর্ষে উঠতে সময় খুব বেশি লাগবে না। রান সংগ্রহের তালিকাতেও পাকিস্তানে তাঁর সামনে আছেন কেবল এই তিনজন। তবে ইউনুসের স্বপ্ন আরেকটু বিস্তৃত, ‘আমি এক শ টেস্ট খেলতে চাই, তাহলে হয়তো অন্য রেকর্ডগুলো ছুঁয়ে ফেলব বা ছাড়িয়ে যাব। তবে মূল লক্ষ্য দেশের হয়ে শততম টেস্ট খেলা, এটা অনেক বড় গৌরব।’ইউনুস যখন স্বপ্নকে তাড়া করার কথা বললেন, পাশে বসে স্বপ্নপূরণের আনন্দে ভাসছেন মাত্রই নবম টেস্ট খেলা একজন। প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়ে উচ্ছ্বসিত আসাদ শফিক, ‘বাংলাদেশে আসার আগে আমাদের একটা কনফারেন্সের মতো হয়েছিল, আমি বলেছিলাম বাংলাদেশে আমি আমার প্রথম টেস্ট সেঞ্চুরিটা পেতে চাই। সেটা পেয়ে খুব ভালো লাগছে। প্রথম টেস্ট সেঞ্চুরি...স্বপ্ন সত্যি হওয়ার মতো।’ইউনুসের স্বপ্ন পূরণ করতে খেলতে হবে আরও কয়েক বছর। শিগগিরই ছাড়ার ইচ্ছা নেই, কাল এটাও জানিয়ে দিলেন। পাশে বসা তৃপ্ত তরুণকে হয়তো এটাও বুঝিয়ে দিলেন, ‘স্বপ্নের কোনো শেষ নেই। একটি পূরণ হয়েছে, এবার তাড়া করো আরেকটি!’