স্বপ্ন দেখছে নেপালও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশ খড়কা খানিকটা চমকে দিলেন প্রথম দর্শনেই। গড়পড়তা নেপালিদের চেয়ে দীর্ঘ, সুগঠিত শরীর। ইংরেজি বলা আর বাচনভঙ্গি চমৎকার। কালকের সংবাদ সম্মেলনটাও দারুণ এক অভিজ্ঞতাই হওয়ার কথা তাঁর জন্য। এত ক্যামেরার ঝলকানি, সংবাদমাধ্যমের আগ্রহ, এত প্রশ্ন! শুনে ঠোঁটে হাসি ঝুলিয়ে নেপাল অধিনায়ক বললেন, ‘এসব আমাদের জন্য নতুন নয়। দেশেও আমাদের নিয়ে প্রবল আগ্রহ।’
এই উত্তরে বিস্মিত চোখগুলো দেখেই হয়তো আবার বলার তাগিদ অনুভব করলেন, ‘আমাদের দেশে ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ লোকের। যেকোনো টেস্ট খেলুড়ে দেশের চেয়ে তা কম নয়। বাচ্চারা ক্রিকেট খেলে, স্কুল-কলেজ থেকে শুরু করে সব পর্যায়েই ক্রিকেটারদের জনপ্রিয়তা অনেক। ফুটবলকেও ছাড়িয়ে যেতে বসেছে ক্রিকেট।’
হিমালয়কন্যা নেপালে ফুটবলের জনপ্রিয়তা বাংলাদেশে কমবেশি সবারই জানা। ক্রিকেটের এত জনপ্রিয়তার তথ্য তাই বিস্ময়কর বৈকি! তবে খড়কা আসল চমকটা দিলেন দর্শন দেওয়া পর্বটার পরেই। নেপালের জন্য এমনিতে ক্রিকেটের এই বিশ্ব আসরে খেলাটাই অনেক বড় পাওয়া। কিন্তু নেপাল অধিনায়ক দৃপ্ত উচ্চারণে বললেন, শুধু অভিযাত্রী হতেই আসেননি তাঁরা, ‘আমরা এখানে এসেছি বিশ্বমঞ্চে নেপালের ক্রিকেটকে তুলে ধরতে। সব সময়ই আজকের এখানে নিজেদের দেখার স্বপ্ন দেখে এসেছি আমরা। কোয়ালিফাই করেছি হয়তো মাত্র কদিন, কিন্তু ১০-১২ বছরের পরিশ্রমের ফসল সেটি। শুধু মাঠে নামতে নয়, প্রতিদ্বন্দ্বিতাই করতে এসেছি আমরা। আমাদের দেশের মানুষকে, ক্রিকেট-বিশ্বকে দেখিয়ে দেওয়ার সুযোগ এটি যে আমরা সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য রাখি।’
নেপালের ক্রিকেট এগিয়ে আসছে, সেই খবর মাঝেমধ্যেই মিলেছে টুকটাক। ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট চ্যাম্পিয়নও হয়েছিল নেপাল। সেই বিশ্বকাপসহ তিনটি যুব বিশ্বকাপ খেলেছেন খড়কা। এখন চোখে আরও বড় স্বপ্ন, ‘এই টুর্নামেন্ট নেপাল ক্রিকেটের জন্য হবে ব্রেক থ্রু। দেশে ক্রিকেটের ভালো কাঠামো গড়ে উঠবে। আমাদের সরকার, স্পোর্টস কাউন্সিল ক্রিকেটের উন্নতিতে অনেক আগ্রহী। আশা করি, এখান থেকে ক্রিকেট এগিয়ে যাবে।’
প্রাথমিক পর্বে বাংলাদেশ শুধু আফগানদের নিয়েই ভাবছে। নেপালিদের শরীরী ভাষা কিন্তু বলছে, তাদেরও হালকা করে দেখলে বিপদ হতে পারে!