স্বপ্ন দেখছেন ইলিয়েভস্কি
গত পরশু বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ের সঙ্গে কথা বলতে বাফুফে ভবনে এসেছেন। সুপার কাপ হচ্ছে তাই লেবানন ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প চেয়েও পাচ্ছেন না। এ নিয়ে কথা বলে বনানীর ফ্ল্যাটে ফেরার সময় নিকোলা ইলিয়েভস্কিকে শান্তই দেখাল। লাল-সবুজের নতুন কোচের কথা, ‘খেলোয়াড়দের নিয়ে একসঙ্গে অনুশীলন করতে পারলে ভালো হতো। তবে যেহেতু খুব বড় টুর্নামেন্ট হচ্ছে শুনেছি, তাই আমি সুপার কাপের খেলা দেখব।’ পরক্ষণেই নিজেই বলে ওঠেন, ‘বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে, পরের রাউন্ডে যাওয়ার। এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।’ হাতে থাকা পানির বোতল নাড়তে নাড়তে মেসিডোনিয়ান কোচ বললেন, ‘আমার দেশে মানুষ মাত্র ২২ লাখ, ছোট্ট একটা দেশ। আমরা ইংল্যান্ড, পর্তুগালের সঙ্গে খেলেছি। ২০০২ সালে আমার কোচিংয়ে এরিকসনের ইংল্যান্ডের সঙ্গে মেসিডোনিয়া ২-২ গোলে ড্র করেছে। বেকহাম, ক্যাম্পবেল, সিম্যান, ওয়েন, জেরার্ডরা খেলেছে। বাংলাদেশ লেবাননের সঙ্গে কেন পারবে না? ঘরের মাঠে ৫০ হাজার মানুষ আসবে, সমর্থন দেবে...ওটাই অনেক বড় প্রেরণা।’পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের প্রথম ম্যাচে ৩-০ জয়। ফিরতি ম্যাচে লাহোরে ০-০। পরের রাউন্ডে গিয়ে অবশ্যই দলের কিছু সমস্যা বের করেছেন, ‘ঢাকায় যেমন খেলল, তার চেয়ে বিপরীত খেলেছে লাহোরে। আপস অ্যান্ড ডাউন হলে তো হবে না। তবে লাহোরে আক্রমণাত্মক খেলার দরকারও ছিল না।’লেবাননের ব্যাপারে বলছেন, ‘ওদের একটা ম্যাচ ভিডিওতে দেখে ধারণা নেব।’ তাঁর কথা, ‘এই ম্যাচটি পার হলে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের সামনে তৃতীয় রাউন্ড। এ দেশের ফুটবলেই এটা ভালো প্রভাব ফেলবে।’এই কদিনে খেলোয়াড়দের দেখে বলছেন, ‘অনেকেরই ফিটনেস নেই। চেষ্টা এবং উদ্যমে ঘাটতি। একজন প্লে-মেকার দরকার। ফেডারেশন এবং খেলোয়াড়দের সহযোগিতা ছাড়া আমার পক্ষে এগোনো সম্ভব নয়।’