স্বপ্ন দেখছেন দ্রগবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড...ফেবারিটরা সব সাবধান! বিশ্বকাপ জয়ের দাবি নিয়ে মঞ্চে আসছে আইভরিকোস্টও। সাবধান লিওনেল মেসি, ওয়েইন রুনি, লুইস ফ্যাবিয়ানো, ফার্নান্দো তোরেস! সোনার জুতার দাবিদার আছেন আরও একজন—আইভরিকোস্টের স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা।আইভরিকোস্ট বিশ্বকাপ জিতবে—এমন বাজি ধরার লোক বেশি নেই। বিশ্বকাপ ইতিহাস এবং আইভরিকোস্টের ফুটবল ঐতিহ্য বাজি ধরতে সাহসও দেয় না। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখেন। আইভরিকোস্টের স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা তেমন একজন। তিনি স্বপ্ন দেখেন আফ্রিকার প্রথম দেশ হিসেবে তাঁর দল বিশ্বকাপ জিতবে, ‘আমি এমনটাই আশা করি। আমরা গ্রুপ পর্ব পেরোতে পারলে বড় সম্ভাবনাই আছে।’আসলে গ্রুপ পর্বের বাধা পেরোনোটাই কঠিন হবে আইভরিকোস্টের জন্য । প্রায় প্রতিটি বিশ্বকাপেই এমন একটি গ্রুপ থাকে, যেটিকে ‘মৃত্যুফাঁদ’ বলা হয়। সেই মৃত্যু-উপত্যকা এবার ‘জি’ গ্রুপ। যেখানে আইভরিকোস্টের সঙ্গী ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও উত্তর কোরিয়া। এই মৃত্যুফাঁদ পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে পারলে বাকি পথটা সহজই মনে হওয়ার কথা।আইভরিয়ানদের মতো অনেকেরই বিশ্বাস— দ্রগবা যদি তাঁর চেলসির পারফরম্যান্সটা বিশ্বকাপে নিয়ে যেতে পারেন, তাহলে অনেক কিছুই সম্ভব। সদ্য শেষ হওয়া মৌসুমটা কেটেছে অসাধারণ। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। করেছেন ২৯ গোল।শিরোপা নির্ধারণী শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছেন চেলসি স্ট্রাইকার। ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল আর আর্সেনাল—বড় তিন দলের বিপক্ষে এ মৌসুমে করেছেন ছয়-ছয়টি গোল। মানে বিশ্বের সেরা ডিফেন্ডারদের পরাজিত করে গোল করা দ্রগবার জন্য কোনো ব্যাপারই না। এ কারণেই আইভরিয়ানদের বিশ্বাসটা গভীর যে, ব্রাজিল-পর্তুগালের রক্ষণ ভেদ করে দ্রগবা ঠিকই গোল করতে পারবেন। ব্রাজিল বা পর্তুগালকে ছিটকে দিয়ে আইভরিকোস্টকে নিতে পারবেন দ্বিতীয় রাউন্ডে।যদি তাই হয় এবং দ্রগবার হিসাবমতো টুর্নামেন্টের আরও ওপরের দিকে উঠতে পারে আইভরিকোস্ট, তাহলে দ্রগবার সর্বোচ্চ গোলদাতা হওয়ারও একটা সুযোগ থাকে। মেসি, ফ্যাবিয়ানো, তোরেস, রুনিদের টপকে তিনিও জিততে পারেন সোনার জুতা। এমন অর্জনের কথা দ্রগবাও নিজেও যে ভাবেননি তা নয়, ‘জাতি হিসেবে ভালো করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি বিশ্বকাপ জিতি এবং আর সোনার জুতাটা আমার অধিকারে আসে, তাহলে দারুণ একটা ব্যাপারই হবে!’ এএফপি, ওয়েবসাইট।