স্বপ্ন দেখছেন নাঈম
২০০৭ বিশ্বকাপের কোনো একটা ম্যাচ একসঙ্গে দেখছিলেন দুই ক্রিকেটার বন্ধু। হঠাৎ একজন বলে উঠলেন, ‘দোস্ত, তুই আগামী বিশ্বকাপে মিরপুর স্টেডিয়ামে খেলবি। আমি গ্যালারিতে বসে দেখব।’কামরুল হাসানের (জনি) কথা সেদিন হেসেই উড়িয়ে দিয়েছিলেন নাঈম ইসলাম, ‘আমি ভাবছিলাম, এটা স্রেফ কাছের বন্ধুর অতি আবেগ। তখন আমি ঘরোয়া লিগ-টিগ খেলি। কিন্তু বিশ্বকাপ দূরের কথা, জাতীয় দলে ঢোকার ভাবনাও নেই মাথায়।’ সেই নাঈম জাতীয় দলে ঢুকে গেলেন পরের বছর। গত ১৯ জানুয়ারি বিশ্বকাপ দল ঘোষণার পর ফোন করলেন সেই বন্ধুকে, ‘দোস্ত, গ্যালারিতে থাকছিস তো?’বছর দুয়েক ধরেই জাতীয় দলে মোটামুটি নিয়মিত। বিশ্বকাপ দলে জায়গা পাওয়াটা তাই প্রত্যাশিতই ছিল। তার পরও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর আনন্দ ও স্বস্তিটা গেছে বেড়ে! নাঈমের দারুণ গর্বও হচ্ছে, ‘দেশের মাটিতে এত বড় ইভেন্ট, আমি তার সরাসরি অংশ। আমি সত্যিই খুব গর্বিত।’গর্বিত নজরুল ইসলামও। ভদ্রলোকের ইচ্ছা ছিল ছেলেকে খেলোয়াড় বানাবেন। ফুটবল হোক বা ক্রিকেট বা অন্য যেকোনো খেলা। কিন্তু খেলোয়াড় হতেই হবে। বাবাকে নিরাশ করেননি নাঈম। শুরুটা ছিল জিমন্যাস্টিকস দিয়ে। শারীরিক কসরতের খেলায় মন বসাতে না পেরে চলে এসেছেন ক্রিকেটে। সরকারি চাকুরে বাবার বদলির সুবাদে জেলায় জেলায় ঘুরতে হয়েছে। থিতু হতে পারছিলেন না। সেই সুযোগটা এনে দিল বিকেএসপি। এবার শুধু খেলাতেই মন দিতে পারলেন। তাঁকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এল ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্লেট শিরোপা জয়ের ফাইনালে সর্বোচ্চ রান করেছিলেন নাঈম।এরপর ওই দলের সতীর্থরা যখন তরতর করে এগিয়ে চলছেন, নাঈম যেন হারিয়ে গেলেন। সেই সময় তাঁকে পথে ফেরানোর কৃতিত্বটা দিলেন বিকেএসপির এক ‘গুরু’কে, ‘ওই সময় রুশো স্যার আমাকে অনেক সাহায্য করেছেন। প্রতিদিন ঢাকা থেকে গিয়ে আমি প্র্যাকটিস করতাম। স্যার এত কষ্ট না করলে হয়তো আমি আজকের অবস্থায় আসতে পারতাম না।’ এরপর ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আর আইসিএল-ঝড়ের পালাবদলে ২০০৮ সালে অক্টোবরে ঢুকে গেলেন জাতীয় দলে।টপ-অর্ডার ব্যাটসম্যান, পাশাপাশি বোলিংটাও খারাপ করেন না—ঘরোয়া লিগের এই পরিচয় পাল্টে গেল জাতীয় দলে ঢুকে। এখানে তাঁর কাজ, ‘খানিকটা ব্যাটিং, খানিকটা বোলিং।’ অভিষেকের পর থেকে এভাবেই চলছে। তার পরও আপত্তি নেই নাঈমের, ‘হয়তো প্রিয় পজিশনে ব্যাটিং করতে পারছি না। কিন্তু জাতীয় দলে খেলতে তো পারছি! দেশকে প্রতিনিধিত্ব করার মতো আনন্দ তো আর কিছুতে নেই। দল আমাকে যেভাবে কাজে লাগাতে চায়, আমি প্রস্তুত।’ঠান্ডা মাথার ব্যাটসম্যানকে দলের প্রয়োজনে খেলতে হচ্ছে লোয়ার-মিডল-অর্ডারের মতো জায়গায়, যেখানে প্রত্যাশা থাকে শুধু চার-ছয়। মাঝে আরেক কাণ্ড করে প্রত্যাশা বাড়িয়েছেন নিজেই। ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারার পর নামই হয়ে গেল ‘ছক্কা নাঈম’। প্রত্যাশাও হয়ে গেল আকাশচুম্বী, ‘সবাই ভাবে, আমি নেমেই চার-ছয় মারতে শুরু করব। কেউ বুঝতে চায় না আমি আসলে পাওয়ার হিটার নই, দলের প্রয়োজনে নিচে খেলতে হচ্ছে। তার পরও চেষ্টা করি প্রত্যাশা পূরণ করতে। পারলে ভালো লাগে, না পারলে খুব কষ্ট পাই।’নাঈমকে প্রত্যাশার চাপটা সবচেয়ে বেশি সামলাতে হয় অবশ্য নিজের বাড়িতেই। খেলাপাগল বলেই হয়তো নাঈমের কাছে অনেক প্রত্যাশা বাবার, ‘বাবার কথায় আমি তো অনেক সময় ঘাবড়েই যাই। বাবা চান, আমি যেন প্রতি ম্যাচেই ভালো করি। তবে এ সময় আমাকে আড়াল করেন মা। মা বলেন, এত বড় বড় মানুষের সঙ্গে খেলে, ও যা করে সেটাই ভালো।’তবে শুধু বাবা নন, বিশ্বকাপে সামলাতে হবে পুরো দেশের অনন্ত প্রত্যাশার চাপ। নাঈম জানালেন, দলের পাশাপাশি তিনি নিজেও প্রস্তুত, ‘আমরা জানি, একমাত্র ক্রিকেটই পুরো দেশকে এক সুতোয় গাঁথতে পারে, সবার মুখে হাসি ফোটাতে পারে। দল জিতলে আনন্দে ভেসে যায় পুরো দেশ। এ জন্যই তো আমরা এত কষ্ট করছি। সবার দোয়া থাকলে আশা করি প্রত্যাশা পূরণ করতে পারব।’ নাঈমরা প্রত্যাশা পূরণ করবেন, এই স্বপ্নে বিভোর তো গোটা দেশও!