স্বপ্ন দেখছেন পেকারম্যান
আরেকটা বিশ্বকাপ আসছে। আরেকবার আর্জেন্টাইন সমর্থকেরা আশায় বুক বাঁধছে। ২০০৬ সালের জন্য আফসোসটা কি আরেকবার বুক ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে?২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার আক্ষেপ মানেই হোসে পেকারম্যান নামটা আরেকবার সামনে চলে আসা। যুক্তি-তর্ক যা-ই বলুক, জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হারের জন্য আর্জেন্টাইন সমর্থকেরা এখনো পেকারম্যানকেই দোষে। সমর্থকদের ধারণা, সেদিন মেসিকে বসিয়ে না রাখলে আর্জেন্টিনাই সেমিফাইনালে যেত।পেকারম্যান নিজে কী মনে করেন, সেটা আগেও বলেছেন। আবারও প্রশ্নটার উত্তর দিতে হলো তাঁকে। যথারীতি ব্যর্থতার দায় দিলেন দুর্ভাগ্যকে। পেকারম্যান মনে করেন না, তিনি কোনো ভুল করেছিলেন, ‘প্রথমত এবং প্রধানত, আমি সব সময় ভালো ফুটবল খেলার পক্ষে ছিলাম। আমার ধারণা, আর্জেন্টিনা অত্যন্ত সাফল্যের সঙ্গে সেটা করতে পেরেছিল। পেনাল্টি শ্যুট-আউটে টুর্নামেন্ট থেকে বাদ পড়া খুবই দুঃখের। না হলে ওই বিশ্বকাপে আমরা সবাইকে দেখিয়েছিলাম, কত ভালো আমরা খেলতে পারি। টুর্নামেন্টে ১১টি গোল করে মাত্র ৩টি গোল হজম করেছিলাম। ক্যাম্বিয়াসো আর ম্যাক্সি রদ্রিগেজের করা দুটি গোল ওই বিশ্বকাপের সেরা তিন গোলের মধ্যে জায়গা পেয়েছিল।’তবে এই পুরোনো কাসুন্দি ঘাঁটতে পেকারম্যানের ভালো লাগে না। সবকিছু ভুলে এখন তিনি চোখ রাখছেন দক্ষিণ আফ্রিকার দিকে। আর্জেন্টিনাকে নিয়ে আশায় আরেকবার বুকই বেঁধে আছেন।আর্জেন্টিনার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে সমালোচক—সবাই যখন ম্যারাডোনার হাতে ‘সর্বনাশ’ দেখছেন, পেকারম্যান তখন ম্যারাডোনাতেই ভরসা দেখছেন। পেকারম্যানের বিশ্বাস, তাঁর উত্তরসূরি বিশ্বকাপের জন্য ঘর গুছিয়ে ফেলেছেন। পেকারম্যানের এত বড় আশার কারণটা লিওনেল মেসি। মেসির বর্তমান ফর্ম দেখে অভিভূত পেকারম্যান। সেই ছোট্ট মেসি নিজেকে বদলে আজ বিশ্বসেরা হয়ে উঠেছেন, এতে পেকারম্যান অভিভূত না হয়ে পারেন!পেকারম্যানের অভিভূত হওয়ার আরেকটা কারণ, সম্প্রতি মেসির বলা একটা কথা। যদিও লোকে মনে করে পেকারম্যানের জন্যই জার্মানি বিশ্বকাপে নিজেকে চেনাতে পারেননি মেসি। কিন্তু মেসি নিজে ব্যালন ডি’অর ট্রফি নিতে গিয়ে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন পেকারম্যানের অবদান। বলেছেন, তাঁর এই উত্থানের পেছনে পেকারম্যানেরও বিশাল ভূমিকা আছে। পেকারম্যানই তাঁকে জাতীয় দলে ডেকেছিলেন!সাবেক শিষ্য বিশ্বসেরাদের মঞ্চে দাঁড়িয়ে এমন কথা বলায় আর্দ্র হয়ে গেছেন বর্তমানে মেক্সিকোয় থাকা পেকারম্যান, ‘লিওর মুখে আমার নাম শুনে একটু অবাকই হয়েছিলাম। ও আমাকে বড়ই গর্বিত করেছে। এটা ঠিক, দীর্ঘকাল ধরে আমাদের সরাসরি কোনো কথা হয় না। কিন্তু নানা মাধ্যমে আমরা পরস্পরের খোঁজখবর রাখি।’এই অনুসন্ধানই পেকারম্যানকে বলছে, তাঁর ‘লিও’ এবার আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা-খরা ঘুচিয়ে দিতে পারবে। ওয়েবসাইট।