স্বপ্ন দেখছেন মাইকেল ওয়েনও
ব্রাজিলের বাতাসে উঠেছে রোনালদিনহো-রব। চোখের তারায় বিশ্বকাপ স্বপ্ন নিয়ে ঘুরছেন ফরাসি মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা। নিজের সম্ভাবনাকে দিনে দিনে জীবন্ত করে তুলছেন ডেভিড বেকহাম নিজেই। একটু আড়ালে চলে যাওয়া, কিংবা হারিয়ে যাওয়া তারকারা ২০১০ বিশ্বকাপে খেলার স্বপ্ন ছাড়ছেন না। স্বপ্ন দেখছেন মাইকেল ওয়েনও। ১৯৯৮ সালে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়ে। রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ গোলদাতারও। রেকর্ড দিয়ে ক্যারিয়ার শুরু করা ওয়েন গতি আর টেকনিকের অপূর্ব সমন্বয় ঘটিয়ে ইংল্যান্ড দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠেছিলেন। ১৯৯৮ বিশ্বকাপ, ইউরো ২০০০, ২০০২ বিশ্বকাপ এবং ইউরো ২০০৪—সব কটি টুর্নামেন্টেই গোল করা ইংল্যান্ডের একমাত্র স্ট্রাইকার তিনি।তবে মানুষের মনে তাঁর নামটি বেশি গেঁথে আছে ১৯৯৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত গোলটির জন্যই। ওই গোলটি আজও ভুলতে পারছে না কেউ। ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ওয়েনকে তাই দেখতে চায় অনেকেই। কিন্তু শুধু স্বপ্ন আর ভালোবাসাই তো সব নয়। এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট ইংল্যান্ড দলে সুযোগ পেতে হলে ওয়েনকে যে একই সঙ্গে ভালো খেলতে হবে এবং প্রমাণ দিতে হবে শারীরিক সক্ষমতার। কোচ ফ্যাবিও ক্যাপেলো এ দুটি বিষয়ে ছাড় দেওয়ার লোক নন। স্বপ্ন দেখায় কোনো ঘাটতি না থাকলেও এ দুটি ক্ষেত্রেই কমতি আছে ওয়েনের!১৯৯৬ সালে লিভারপুলে নাম লেখানোর পর থেকেই দুর্দান্ত খেলছিলেন। ১৯৯৭ থেকে ২০০৪ পর্যন্ত সাতটি মৌসুমেই ছিলেন লিভারপুলের সর্বোচ্চ গোলদাতা। দুর্দান্ত পারফরম্যান্স নিয়েই পাড়ি জমিয়েছিলেন স্পেনে, নাম লিখিয়েছিলেন রিয়াল মাদ্রিদে।রিয়ালে ছিলেন এক বছর, তবে নিজের ছায়া হয়ে। রিয়াল ছেড়ে আবার ইংল্যান্ডে ফিরে আসেন। কিন্তু সেই পারফরম্যান্স আর ফিরে পাননি। বাজে ফর্মের সঙ্গে ইনজুরিও জোট বেঁধে নেমেছিল তাঁর পেছনে। ২০০৬ বিশ্বকাপের ইংল্যান্ড দলে ছিলেন ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপ খেলা ওয়েন। কিন্তু দুষ্টগ্রহের মতো ইনজুরিই শেষ করে দেয় তাঁর বিশ্বকাপ, এক বছর ফুটবল থেকেই দূরে থাকতে হয় তাঁকে। এবার আবার আশা জেগেছে মৌসুমের শুরুতে। নিউ ক্যাসল থেকে তাঁকে কিনে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আবার ম্যানইউই এখন উপহার দিচ্ছে হতাশা। ওয়েইন রুনি, দিমিতার বারবেতভদের হটিয়ে অ্যালেক্স ফার্গুসনের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন না। অন্যদিকে, বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে যাঁদের সঙ্গে লড়াই, সেই ওয়েইন রুনি, ড্যারেন বেন্ট, জার্মেইন ডিফো, গাব্রিয়েল আগবনলাহোররা নিজেদের দলে খেলছেন দারুণ, গোল পাচ্ছেন নিয়মিত। ওয়েইন অবশ্য দমে যাওয়ার লোক নন। অত হিসেবটিসেব না করে তিনি আছেন আশায়, ‘আপনি যদি বেশি ভাবেন তাহলে নিজের প্রতি আস্থা হারাতে থাকবেন। তাই নির্দিষ্ট নিয়মে অনুশীলন করে যেতে হবে।’ওয়েনের স্বপ্ন সত্যি হলে এবারের বিশ্বকাপটা তাঁর প্রত্যাবর্তনের গল্পই হবে। ওয়েবসাইট।