স্বপ্ন দেখছেন স্যামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে সালে তাঁর জন্ম, ওই বছরেই টানা তৃতীয়বার ফাইনালে উঠে টানা তৃতীয় বিশ্বকাপ শিরোপার সামনে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের না পারার সেই শুরু। গত তিন দশকে তাদের একটাই বড় সাফল্য, ২০০৪ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়। গত তিন দশকে এই একটাই বড় শিরোপা। এককালের ক্রিকেট-বিশ্বের শাসনকর্তারা এখন দলিত শ্রেণীর প্রজা। ড্যারেন স্যামি জানেন, ক্রিকেটে ক্যারিবীয়দের ভালোবাসার নিভু নিভু সলতেটা উসকে দিতে পারে একটি সাফল্যই। হয়তো এই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।শ্রীলঙ্কায় ওয়েস্ট ইন্ডিজের গায়ে ফেবারিটের তকমা। গেইলরা এমন কিছুতে অভ্যস্ত নন। কিন্তু পরশু সুপার এইটের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে প্রতিশ্রুতির স্বাক্ষর তারা রেখেছে। আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি। শ্রীলঙ্কাও জিতেছে সুপার ওভারের রোমাঞ্চে। সেই পাল্লেকেলেতেই মুখোমুখি দুই দল। এই ম্যাচের জয়ী দলের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। দুই বছর আগের বিশ্বকাপের সেমিফাইনালে এই শ্রীলঙ্কার কাছেই হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ তাদের জন্য প্রতিশোধ নেওয়ারও পালা।স্বাগতিক হলেও শ্রীলঙ্কাকে নিরঙ্কুশ ফেবারিট ভাবতে দিচ্ছে না গত ম্যাচটা সুপার ওভারে নিয়ে যাওয়া নিউজিল্যান্ড। তা ছাড়া স্যামি জানাচ্ছেন, ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ক্রিকেট-পাগল মানুষের মুখে হাসি ফোটাতেই তাঁরা এসেছেন শ্রীলঙ্কায়, ‘আমরা যখন ক্যারিবিয়ান ছেড়ে আসি, আমাদের সমর্থকদের জন্য এই টুর্নামেন্ট জিততে হবে—এটাই ছিল আমাদের মাথায়।’ওয়েস্ট ইন্ডিজকে আসলেই দারুণ জোটবদ্ধ মনে হচ্ছে। বিশেষ করে বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব ভুলে ক্রিস গেইলই যেন দারুণ কিছু করার জন্য উদ্গ্রীব। দলকে এক সুতায় গাঁথার কৃতিত্ব অধিনায়কেরই প্রাপ্য। স্যামি বলছেন, ‘আমি শুধু সবাইকে শান্ত রাখি। দলে বেশ কজন দুর্দান্ত খেলোয়াড় আছে। এমন অবস্থায় শুধু এমন কাউকে দরকার যে সামনে থেকে পথ দেখাবে। মাঠে আমি চেষ্টা করি সিদ্ধান্ত নেওয়ার সময় দলের সব সিনিয়রকে যুক্ত করতে।’তবে শ্রীলঙ্কাকে যথেষ্টই সমীহ স্যামির, ‘ওদের সিনিয়ররা সব সময়ই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। দলে তারুণ আর অভিজ্ঞতার ভালো মিশেল আছে। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারানো খুব কঠিন। কিন্তু আমরা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’ রয়টার্স।