স্বপ্ন দেখতে বলছেন মাহমুদুউল্লাহ
দিন শেষে আতহার আলী খানের বলে যাওয়া কথাটা দুই রকম অনুভূতি দিতে পারে বাংলাদেশ দলকে। সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার আতহার স্টেডিয়াম ছাড়ার আগে বলে গেলেন, ‘মুশফিকুর আর মাহমুদউল্লাহ যে সময়টাতে উইকেটে ছিল, সেটা ছিল ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো সময়। দারুণ রোদ ছিল। উইকেট ছিল ব্যাটিং উপযোগী।’সেই ‘ভালো সময়’টা কাজে লাগিয়ে মুশফিকুর-মাহমুদউল্লাহ সপ্তম উইকেটে ১০৮ রানের জুটি গড়েছেন ঠিক, কিন্তু তার পরও তো স্কোরটা খুব বেশি হলো না! উল্টো ভারতের ২৪৩ রানের প্রথম ইনিংসের চেয়ে পড়ে থাকতে হলো ১ রান পেছনে। আতহারের কথা বাংলাদেশের জন্য হতাশার কারণ হতে পারে এ জন্যই। তবে কথাটা শুনে বাংলাদেশ কিছুটা স্বস্তি পেতে পারে এই ভেবে যে রৌদ্রোজ্জ্বল ওই সময়টাতে ভারত তো আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি!বাংলাদেশের ইনিংস শেষে কাল দিন শেষ হওয়ার আগে যে ২২.২ ওভার ব্যাট করার সুযোগ পেল ভারত, তাতেই শুধু বীরেন্দর শেবাগের উইকেট হারিয়ে ১২২ রান! বাংলাদেশের বোলারদের সামনে ভারতীয় ব্যাটিং লাইনআপের জন্য উইকেট আর এমন কি বাধা? দিন শেষের সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ প্রতিনিধি মাহমুদউল্লাহ তার পরও স্বপ্ন দেখান, ‘আমরা যদি ভালো বল করে ওদের কম রানে বেঁধে ফেলতে পারি, ফলাফল আমাদের দিকেও আসতে পারে। আমি যথেষ্ট আশাবাদী।’ মাহমুদউল্লাহও জানেন, আশা পূরণের অনেকটাই নির্ভর করছে চতুর্থ দিন সকালে কী হয় তার ওপর, ‘চেষ্টা করব ওদের যত তাড়াতাড়ি সম্ভব অলআউট করে দিতে। শুরুতে উইকেট ফেলতে হবে। সকালে কুয়াশা আর শিশির থাকবে বলে আমাদের পেস বোলাররা তাতে সুবিধা পাবে। আর সাকিব তো আছেই...। খুব ভালো বল করছে সাকিব-শাহাদাত।’ কিন্তু ভারতকে ঠিক কত রানের মধ্যে আটকাতে পারলে স্বপ্নটা রঙিন হয়ে উঠবে বাংলাদেশের? মাহমুদউল্লাহ সীমারেখা বেঁধে দেন, ২৭০ থেকে ২৮০, সর্বোচ্চ ৩০০।মুড়িমুড়কির মতো উইকেট পড়া প্রথম ইনিংসে মাহমুদউল্লাহ-মুশফিকুরই ছিলেন প্রতিরোধ। ৯৮ রানে ৬ উইকেট পড়ার পর যখন মুশফিকুরের সঙ্গে জুটি বাঁধলেন, কী ছিল পরিকল্পনা? বাড়তি কিছু না, মাহমুদউল্লাহ সব সময় যেটা করতে চান সেটাই, ‘শুধু বলেছি পজিটিভ থাকতে। বাজে বলগুলো মারার চেষ্টা করতে।’ মুশফিকুর আউট হয়ে যাওয়ার পর অবশ্য ভালো-খারাপ বল সেভাবে না বেছেই চালিয়েছেন মাহমুদউল্লাহ। তাতে কখনো কখনো মনে হয়েছে টেস্ট ক্রিকেটেও কি ওয়ানডের ব্যাটিংই হচ্ছে! মাহমুদউল্লাহর ব্যাখ্যা, এ ছাড়া তখন উপায়ও ছিল না, ‘শেষের দিকে বেশি ব্যাটসম্যান ছিল না। আমি ভাবলাম আমার স্ট্রাইক নিয়েই খেলা উচিত। শট খেলার প্রবণতা চলে আসছিল তাই। হয়তো সে কারণেই আউট হয়ে গেলাম।’গত ওয়েস্ট ইন্ডিজ সফরটাকে ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট মনে করেন মাহমুদউল্লাহ। বল হাতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না বলে একটু যেন হতাশ, ‘আট নম্বরেই যেহেতু ব্যাট করছি, দলে আমার রোল হয়তো বোলিং অলরাউন্ডার হিসেবেই। ওয়েস্ট ইন্ডিজে বেশ ভালো বল করলেও এখানে হচ্ছে না। তবে চেষ্টা করছি ছন্দ ফিরে পেতে।’বোলিং নিয়ে ভুগলেও ব্যাট হাতে দারুণ ফর্মে। ত্রিদেশীয় সিরিজে দলের পক্ষে সর্বোচ্চ রান তাঁর। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেও করলেন বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ রান। সর্বোচ্চ নিজের টেস্ট ক্যারিয়ারেরও। তৃতীয় টেস্টে এসে পেলেন প্রথম হাফ সেঞ্চুরি, আগের সর্বোচ্চ ছিল মাত্র ২৮। এমন একজন ব্যাটসম্যান কাকে আদর্শ মানেন, সংবাদ সম্মেলনে জানতে চাইলেন এক ভারতীয় সাংবাদিক। উত্তরটাতে ওই সাংবাদিক লেখার একটা লাইন পেয়ে গেলেন। তবে ব্যাটিংয়ের মতো মাহমুদউল্লাহ যে কথাটাও ভালোই বলতে পারেন, বোঝা গেল সেটাও, ‘মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং আমার ভালো লাগে। তবে তার মানে এই নয় যে আমি তাঁকে অনুকরণ করি। তাঁর ব্যাটিংয়ের ধরনটাই শুধু ভালো লাগে আমার।’ধোনি বাইরে বসে আছেন বলেই কি মনস্তাত্ত্বিক লড়াইয়ের এই টেস্ট ম্যাচেও নির্দ্বিধায় নামটা বলে দিলেন মাহমুদউল্লাহ!