স্বপ্ন দেখাচ্ছেন ‘পরিণত পার্সি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়োহান ক্রুইফ, মার্কো ফন বাস্তেন, রুদ খুলিত, ডেনিস বার্গক্যাম্প, রবিন ফন পার্সি—তালিকায় সবচেয়ে বেমানান নাম কোনটি?উত্তরটা খুবই সহজ। ক্রুইফ নেদারল্যান্ডের তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ফন বাস্তেন, খুলিত, বার্গক্যাম্পরাও ডাচ গ্রেট। এঁদের পাশে নাম লেখানোর মতো কিছুই এখনো করতে পারেননি ফন পার্সি। ৪৪ ম্যাচে ১৮ গোল আর এমন কি! তার চেয়েও বড় কথা, মাঠে যতটা না থাকেন তার চেয়ে বেশি ব্যস্ত থাকেন মাঠে ফেরার লড়াইয়ে। ইনজুরির সঙ্গে যে তাঁর আজন্ম সখ্য!ফন পার্সিকে এখানে টেনে আনার কারণ, এই গ্রেটদের পাশে বসার মতো প্রতিভা তাঁর আছে। একটা ক্ষেত্রে বরং ছাড়িয়ে যেতে পারেন এঁদের সবাইকেও, হল্যান্ডকে যদি এনে দিতে পারেন অধরা বিশ্বকাপ! ‘টোটাল ফুটবল’ দিয়ে আধুনিক ফুটবলের মোড় পাল্টে দিয়েছে তারা, মন রাঙানো ফুটবল তাদের ট্রেডমার্ক, কিন্তু ট্রফিতে হাত ছোঁয়ানো কখনোই হয় না। ক্রুইফ, অঁরি হান, নিসকেন্সদের কল্যাণে ১৯৭৪ ও ১৯৭৮-এ দুবার ফাইনাল খেলা হয়েছে, সেরা সাফল্য সেটাই। আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে ডাচরা এবার ফন পার্সিকে ঘিরে। পার্সিকে বিশ্বকাপে পেয়েই নিজেদের সৌভাগ্যবান ভাবতে পারে ডাচরা। ইনজুরির জন্য গোটা মৌসুমে আর্সেনালের হয়ে খেলতে পেরেছেন মোটে ২০টি ম্যাচ। তবে এখন তিনি পুরো ফিট। ওই ইনজুরিকেই হল্যান্ডের জন্য ‘শাপেবর’ ভাবছেন খুলিত, সাবেক ডাচ ফুটবলারের ধারণা, মাঠের বাইরে থাকায় যে বিশ্রামটা পেয়েছেন ফন পার্সি, ব্যবধান গড়ে দিতে পারে সেটাই। খুলিতের কথাকে গুরুত্ব দিতেই হবে, কারণ পার্সির গুরুদের একজন তিনি। ডাচ ক্লাব ফেইনুর্দে ফন পার্সির উত্থানের সময় কোচ ছিলেন খুলিত, দেখেছেন খুব কাছ থেকে।ফন পার্সির সেরাটা দেখা যেতে পারে আরেকটা কারণেও। অনেক প্রতীক্ষার পর হল্যান্ড দলে নিজের প্রিয় জায়গাটা অবশেষে পেয়েছেন তিনি—সেন্ট্রাল স্ট্রাইকার। রুদ ফন নিস্তলরয় ছিলেন, পার্সিকে তাই আগে খেলতে হয়েছে উইংয়ে। খুলিতের সূত্রমতো তরতাজা থাকার জন্যই হোক বা প্রিয় পজিশনে খেলার কারণে, তিনটি প্রস্তুতি ম্যাচে পার্সি গোল করেছেন চারটি। ইঙ্গিতটা পরিষ্কার—বিশ্বকাপেও ঝড় তুলতে প্রস্তুত পার্সি।পছন্দের পজিশনটা পেয়েছেন, তবে পার্সির কিন্তু দলের প্রয়োজনে আগের পজিশনে খেলতেও আপত্তি নেই, ‘ডিফেন্স ভেঙেচুরে বল নিয়ে ঢুকতে আমি পছন্দ করি। তবে দুটো পজিশনে ঘুরে-ফিরে খেললে প্রতিপক্ষ আমাকে নিয়ে কোনো নিশ্চিত পরিকল্পনা করতে পারবে না।’ কোচ বার্ট ফন মারউইক পার্সিকে বাজি ধরছেন বদলে যাওয়া মানসিকতার জন্য। ফেইনুর্দে পার্সির কোচ ছিলেন মারউইকও, সেদিনের প্রতিভাবান ছেলেটি আজ পরিণত, এটাই মুগ্ধ করেছে মারউইককে। পার্সি নিজে অবশ্য এর কৃতিত্ব দিচ্ছেন সাবেক আর্সেনাল ও ডাচ সতীর্থ বার্গক্যাম্পকে, ‘বার্গক্যাম্পের কাছ থেকে আমি অনেক শিখেছি, শুধু ফুটবলার হিসেবে নয়, মানুষ হিসেবেও। আগে এত ভাবতাম না, সবকিছু সহজভাবে নিতাম। এখন ফুটবল খেলি মাথা ও হূদয় দিয়ে।’মেসি, রুনিদের নিয়েই আলোচনা বেশি হচ্ছে। কিন্তু বিশ্বকাপটা হতে পারে এই বদলে যাওয়া ফন পার্সির!