স্বপ্ন দেখেন না ইনিয়েস্তা
মেসি-রোনালদোদের পেছনে ফেলে এই গ্রীষ্মেই জিতেছেন ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। স্পেনের টানা দ্বিতীয় বারের মতো ইউরো জয়ের অন্যতম নায়ক আন্দ্রেস ইনিয়েস্তা ফিফা ব্যালন ডি’অরেরও অন্যতম দাবিদার। কিন্তু বার্সেলোনা মিডফিল্ডার ব্যালন ডি’অরের স্বপ্ন দেখছেন না। ব্যক্তিগত এই পুরস্কার নিয়ে কথা বলতে গিয়ে ইনিয়েস্তা এটাও বুঝিয়ে দিয়েছেন, মেসি কেন এই গ্রহের সেরা খেলোয়াড়।২০১০ সালে বিশ্বকাপ জিতেও বিশ্বসেরা খেলোয়াড়ের পুরস্কারটা পাননি ইনিয়েস্তা। সেবার ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। এবারও ব্যালন ডি’অরের জন্য মেসিই বড় দাবিদার ইঙ্গিত করে ইনিয়েস্তা বরং বলছেন, ক্লাব এবং স্পেন জাতীয় দলের হয়ে এই পর্যায়ে খেলতে পেরেই তিনি গর্বিত, ‘আমি আমার খেলাটা খেলার চেষ্টা করি। এটা গুরুত্বপূর্ণ যে, মানুষই আমার কাজের স্বীকৃতি দিচ্ছে। এ নিয়ে আমার ভাবার দরকার নেই।’ইনিয়েস্তার কথা, ‘ব্যালন ডি’অর নিয়ে স্বপ্নও নেই আমার। আমি এই ব্যক্তিগত পুরস্কার নিয়ে ভাবছি না। তবে যদি আমি জিতি, অবশ্যই খুব খুশি হব। এই মুহূর্তে বিশ্বের সেরা দল বার্সেলোনা, যেখানে আমার ক্যারিয়ার শেষ করার ইচ্ছা এবং স্পেনের হয়ে খেলেই আমি আনন্দিত।’ প্রশংসায় ভিজিয়েছেন মেসিকে, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। সে প্রাকৃতিকভাবেই মাঠে অনেক কিছু করে। তার সঙ্গে খেলাটা অনেক সহজ। ঠিক একই রকম সহজ অন্য খেলোয়াড়দের সঙ্গেও, যাদের সঙ্গে আমি খেলি।’ ওয়েবসাইট।