স্বপ্ন নিয়েই কাঠমান্ডু-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার লক্ষ্য কী?‘আমরা কিছু অর্জন করতে চাই। আমরা পর্যটক হয়ে যাচ্ছি না।’সংবাদ সম্মেলনে লোডভিক ডি ক্রুইফের মুখে পর্যটক শব্দটা উচ্চারিত হলো বোধগম্য কারণেই। হিমালয়ের দেশ নেপালে সাধারণত পর্যটকই বেশি যায়। কিন্তু বাংলাদেশ দলের কোচ তো যাচ্ছেন একটা ফুটবল অভিযানে! ২-৬ মার্চ এএফসি চ্যালেঞ্জ কাপে ভালো করার পাহাড়সম এক প্রত্যাশাই তাঁর সঙ্গী। কিন্তু কোনো জাতীয় দলের হয়ে তাঁর প্রথম মিশনটা সহজ হচ্ছে না। ৬ মার্চ নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে ম্যাচটাই যা একটু সহজ হতে পারে। ২ ও ৪ মার্চ ফিলিস্তিন এবং নেপালের বিপক্ষে ম্যাচ দুটিই আসল পরীক্ষা। তাতে জয়ী হতে চান। কিন্তু বাস্তবতা বলছে এটা অগ্নিপরীক্ষাও বটে। কারণ চোটের কারণে স্ট্রাইকার এমিলি ও উইঙ্গার জাহিদকে ছাড়া যেতে হচ্ছে। তবে আজ দুপুরে কাঠমান্ডুগামী বিমানে ওঠার আগে মানসিকভাবে চাঙাই থাকতে চাইল দল।লম্বা প্রস্তুতি নিতে পারলে ভালো হতো। নতুন কোচ কাল বিকেল পর্যন্ত মাত্র চারটি অনুশীলন সেশন পেয়েছেন। যা পর্যাপ্ত হয়নি বললেন প্রথমেই।তবে একটা ভালো দিক, লিগ চলার কারণে খেলোয়াড়েরা খেলার মধ্যেই ছিলেন। ডাচ কোচের নজর কাড়তে ব্যগ্র খেলোয়াড়েরা কোচের মন জয় করতে পেরেছেন বলেই মনে হচ্ছে। ক্রুইফের কথাবার্তায় বারবারই সেটি বেরিয়ে এসেছে, ‘আমি খুব খুশি। খেলোয়াড়দের সম্পর্কে আমার ধারণাটা ভালো। ভালো করতে চায় ওরা, কঠোর পরিশ্রমও করছে এবং ইতিবাচক। ডাচ ফুটবল মানে আক্রমণ। এই খেলোয়াড়েরা আক্রমণাত্মক ফুটবলই খেলতে চায়।’শুধু খেলোয়াড়ই নন। কোচিং স্টাফ এবং ফেডারেশন কর্মকর্তারাও কোচের ‘গুডবুকে’। ‘সবাই চেষ্টা করছে ভালো করতে। সবাই মিলে একটা দলই মনে হচ্ছে’—বেশ ফুরফুরে দেখাল নতুন কোচকে। তাই এমিলি-জাহিদের অভাবকেও বড় করে দেখছেন না। এটিকে বরং তরুণদের জন্য সুযোগ হিসেবেই দেখেছেন।ক্রুইফের দেওয়া ২৩ জনের দলে নতুন মুখ দুটি—বিজেএমসির স্ট্রাইকার তকলিচ এবং ব্রাদার্সের মিডফিল্ডার জামাল। চোটের কারণে এর আগে ডিফেন্ডার রেজাউল, গোলরক্ষক মোস্তাক বিদায় নেন। চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়েছেন জুয়েল রানা, ইয়ামিন মুন্না, জহিরুল, তৌহিদ। তারুণ্যেরই আধিক্য। অভিজ্ঞ খেলোয়াড় খুবই কম। কোচ জানিয়ে দিলেন, ভালো করলে যে কেউ দলে আসবে। তিনি বয়স দেখবেন না। তবে অভিজ্ঞ ডিফেন্ডার সুজনকেই করেছেন অধিনায়ক, মিডফিল্ডার মামুনুল তাঁর ডেপুটি। কোচের মতো সুজনও সামনে তাকাচ্ছেন, ‘এমিলি-জাহিদকে না পাওয়ায় খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই। আশা করি, ওদের ছাড়াই আমরা ভালো করব।’সেই ‘ভালো’টার ব্যাখ্যা দিতে চাননি কোচ-অধিনায়ক কেউই। তবে লক্ষ্যটা যে আগামী বছর মালদ্বীপে চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে জায়গা পাওয়া, সে তো বলাই বাহুল্য। কিন্তু বাছাইপর্ব নিয়ে বেশ সতর্কই থাকছেন ক্রুইফ, ‘ফিলিস্তিন খুব ভালো। আমার ধারণা, ওরাই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ এবং গ্রুপের ফেবারিট। নেপালও কঠিন প্রতিপক্ষ। তারা নিজ মাঠে খেলবে। নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডই এই গ্রুপে আন্ডারডগ।’বাংলাদেশ দলজিয়া, মামুন খান, সোহেল, ওয়ালি, মিশু, সুজন, লিংকন, কেষ্ট, মামুনুল, প্রাণতোষ, নাসির, মামুন মিয়া, শাকিল, জামাল, মারুফ, কোমল, আলমগীর রানা, রায়হান, সোহেল রানা, মেজবাবুল, তকলিচ, মিঠুন, শাখাওয়াত রনি।