অবিশ্বাস্য মনে হয়! বল হাতে নিয়ে স্ট্রাইক প্রান্তে ক্রিস গেইলকে দেখলে বুক দুরু দুরু করে না। হাত থেকে বল ফসকে যেতে চায় না, লেংথ খুঁজতে সময় লাগে না, ফ্লাইট দিতে ভয় লাগে না। অভিষেক ম্যাচ তাঁকে নার্ভাস করে না। আনকোরা হয়ে বিশ্বসেরাদের সঙ্গে লড়াই তাঁকে শঙ্কিত করে না। অভিষেকে বিস্ময়-জাগানিয়া পারফরম্যান্সে তাঁকে খুব বিস্মিত করে না। আনন্দ দেয়, তবে খুব রোমাঞ্চিত করে না। বিশ্বাস করা মুশকিল। তবু বিশ্বাস করতে হয়। সোহাগ গাজীর মনের বল, কণ্ঠের জোর আর মাঠের পারফরম্যান্স অবিশ্বাস্য এই সবকিছুকে বিশ্বাস করতে বাধ্য করে।টেস্টের পর দেশের হয়ে ওয়ানডে অভিষেকেও সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন, ক্রিকেট ইতিহাসেই যেটা অনন্য। অভিষেক ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচ হওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার। ওয়ানডে অভিষেকে দ্বিতীয় বলেই উইকেট। সময়ের ভয়ংকরতম ব্যাটসম্যানকে সবচেয়ে প্রিয় শিকার বানিয়ে ফেলা। আন্তর্জাতিক আঙিনায় পা দিয়েই প্রতিনিয়ত বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন। কিন্তু নিজে খুব একটা বিস্মিত নন। আকাশে উড়ছেন না। এমন শুরুর চিত্রনাট্য স্বপ্নেই কেবল সম্ভব। কিন্তু ‘স্বপ্ন’ শব্দটা তাঁকে দিয়ে বলানোই গেল না। সোহাগের কাছে সবই বাস্তব, তাঁর জেদ আর পরিশ্রমের ফসল!এত এত কীর্তি, রেকর্ডের কথা শুনে সোহাগ হাসেন, ‘এত কিছু জানতাম না। ভালো লাগছে জেনে। তবে অবিশ্বাস্য লাগছে না। অনেক দিন থেকেই নিজেকে প্রস্তুত করেছি। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন সানি ভাই (ইলিয়াস সানি) সুযোগ পেল, আমার জেদ চেপে গিয়েছিল। মনে মনে ঠিক করেছিলাম, সুযোগ পেলেই এমন কিছু করতে হবে, যাতে বাইরে যেতে না হয়। শুরুটা ভালো হয়েছে। এটা ধরে রাখতে চাই। অনেক অনেক দিন খেলতে চাই বাংলাদেশ দলে।’ক্যারিয়ারের এমন উড়ন্ত সূচনায় অনেকেই ‘উড়ে’ যান। সোহাগের পা মাটিতেই আঁকড়ে আছে। সবকিছুকেই সহজভাবে নেওয়া তাঁর দর্শন। টেস্ট ক্যারিয়ারের প্রথম বলে ছয় খেয়েও তাই ভড়কে যান না। ওয়ানডে অভিষেকে সহজ ক্যাচ হাতছাড়া হওয়ার পরও মুষড়ে পড়েন না। ফিরে আসেন প্রবল দাপটে। কাল সিমন্সের ক্যাচ ফসকে গেল। বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই তুলে নিলেন গেইলকে! এটিও বাংলাদেশের রেকর্ড। খুলনার এই মাঠের পাশের বাড়ির ছেলে মানজারুল ইসলাম রানা এর আগে ওয়ানডে অভিষেকে তৃতীয় বলেই পেয়েছিলেন মাইকেল ভনের উইকেট।কাল বল হাতে পেয়েই দেখলেন স্ট্রাইকে গেইল! টেস্ট অভিষেকে প্রথম বলে ছয় কি কাল বুকে খানিকটা কাঁপন ধরায়নি? সোহাগ নির্বিকার, ‘মনে পড়া-টড়া কিছু নয়। বোলাররাই ছয় খায়, তারাই আবার উইকেট নেয়। আমি নিজেকে নিয়ে পরিকল্পনা করি। সেটায় আজও সফল হয়েছি।’সফল নিয়মিতই হচ্ছেন! বিশ্বের তাবৎ বোলারের স্বপ্নেও হানা দেন যিনি, সেই গেইলকে আউট করলেন তিন ম্যাচে তিনবার! আন্তর্জাতিক ক্রিকেটে কেবল হাঁটি হাঁটি পা পা, এর মধ্যে গেইলের একটা দুর্বলতাও খুঁজে পেয়েছেন, ‘খেয়াল করে দেখবেন, গেইল সুইপ শটটা ঠিক ভালো খেলে না। ফুল লেংথ বোলিংয়ে শট খেলার জায়গা না দিলে ও একটু অস্বস্তি বোধ করে। কিন্তু পেছনের পায়ে দারুণ দক্ষ। আমি চেয়েছি ওকে সামনে সামনে খেলাতে। টেস্টেও এভাবে ওর উইকেট পেয়েছিলাম।’ তবে গেইল এর শতগুণ ফিরিয়ে দিতে পারেন, এটা সোহাগ ভালো করেই জানেন। ব্যক্তিগত দ্বৈরথ বা মনস্তাত্ত্বিক লড়াইয়ের জয়-পরাজয়ে তাই যেতে চান না, ‘গেইল কী করতে পারে, এটা তো সবাই জানে।’ওয়ানডের চেয়ে এমনিতে টেস্ট পারফরম্যান্সটাকেই সবাই এগিয়ে রাখে। কিন্তু পারিপার্শ্বিকতা মিলিয়ে সোহাগ ব্যতিক্রম, ‘দলের জয়টাই তো সবচেয়ে বড়। আজ ম্যান অব দ্য ম্যাচ হয়ে দলকে জেতাতে পারলাম, এটিই আমার কাছে আগে। জিততে পারলে হয়তো টেস্টকেই এগিয়ে রাখতাম।’অভিষিক্তের আলোর ছটায় কিছুটা আড়ালে পড়ে গেছেন। কিন্তু দলের জয়ে আবদুর রাজ্জাকের অবদানও কম নয়। অনেক দিন পর ওয়ানডে খেলছেন বলে দলের ও নিজের পারফরম্যান্স নিয়ে নিজের মনেই খানিকটা শঙ্কা ছিল। মাঠে ওই শঙ্কা ভুলে ৩ উইকেট পেয়েছেন ৩৯ রানে। দলের অভিজ্ঞ সেনানী মুগ্ধ তরুণ সেনানীকে দেখেও, ‘খুব ভালো করছে সোহাগ। আমি আগে থেকেই আশাবাদী ছিলাম। খুলনা দলে খেলার সময় সতীর্থদের বলেছিলাম, সোহাগ ভালো করবে। আমার দেখে মনে হয়েছে, ওর মধ্যে ইচ্ছা আছে। সবারই ইচ্ছা থাকে। কিন্তু ওর মধ্যে অন্য রকম কিছু একটা আছে।’রাজ্জাক যা জানতেন, সবাই এখন তা দেখছে। সোহাগ অনেক দিক থেকেই ‘অন্য রকম!’