স্বপ্ন পূরণ হচ্ছে সেমেনিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিয়া মুতোলা তাঁর কানে শুধু একটাই মন্ত্র পড়িয়ে দিয়েছেন, ‘যাও, নিজের সেরাটা উজাড় করে দাও। সোনার জন্য নয়, নিজের জন্য লড়াই করো।’এই কানমন্ত্র নিয়েই আজ ট্র্যাকে নামছেন কাস্টার সেমেনিয়া। পূরণ হচ্ছে তাঁর অলিম্পিকের ট্র্যাকে দৌড়ানোর স্বপ্ন। মেয়েদের ৮০০ মিটারের বাছাই শুরু হচ্ছে আজ। মুতোলা নিজে ২০০০ সিডনি অলিম্পিকে মেয়েদের ৮০০ মিটারে সোনা জিতেছিলেন। ফলে সেমেনিয়ার জন্য যোগ্য কোচ তিনিই। যদিও এই নিশ্চয়তা কেউ দিতে পারছে না, ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপের কীর্তির পুরনাবৃত্তি করে দেখাবেন সেমেনিয়া। ওই ঘটনার পর দক্ষিণ আফ্রিকার এই অ্যাথলেটের জীবনে যে এসেছে উথাল-পাথাল ঢেউ। জীবনের সবচেয়ে স্পর্শকাতর জায়গাটি নিয়েই তাঁকে যেতে হয়েছিল পরীক্ষাগারে। প্রমাণ দিতে হয়েছিল তিনি নারী!এ নিয়ে প্রায় এক বছরের মতো ট্র্যাকের বাইরে থাকতে বাধ্য হয়েছেন বিষয়টি নিষ্পত্তি না হওয়ায়। অবশেষে ফেরার সবুজ সংকেত পেয়েছেন। কিন্তু সেই মানসিক ধাক্কা সামলে উঠতে সময় লেগেছে অনেক। এর মধ্যে ছিল চোটের হানাও। ধারণা করা হয়, তাঁর আগের কোচ মাইকেল সেমে আখের ছোবড়া বানিয়ে দিয়েছেন অতিরিক্ত অনুশীলন করিয়ে করিয়ে। কোচ পাল্টে শেষে মুতোলার দ্বারস্থ হয়েছেন। মুতোলা তাঁর হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। তার পরও লন্ডনে সেমেনিয়া ফেবারিটও নন। বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন কেনিয়ার পামেলা জেলিমো নিজের সেরা ফর্মে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, রাশিয়ার মারিয়া সাভিনোভাও দারুণ ফর্মে। সেমেনিয়ার এটা প্রথম অলিম্পিক। অনভিজ্ঞতাও একটা বাধা। কিন্তু দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেটের প্রকৃত বাধাটা আরও বড়। তাঁর দিকে সব সময় প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে থাকা অদৃশ্য আর দৃশ্যমান সব চোখ।এসব নিয়ে সেমেনিয়া অবশ্য মাথা ঘামাচ্ছেন না। এই ২১ বছর বয়সী বলেছেন, ‘সেসব এখন আমার জন্য অতীত। আপনাকে ভবিষ্যতের ওপরই মনোযোগ দিতে হবে। ওর ব্যাপারগুলো নিয়ে আমার মাথা না ঘামালেও চলবে। আমি আমার দৌড়ে মনোযোগ দিচ্ছি। প্রতিবছর আমি যত অভিজ্ঞতা অর্জন করি, আমি আগের চেয়ে আরও বেশি নির্ভার হয়ে উঠি। আমি এখন এও জানি, কোন কথা মনোযোগের সঙ্গে শুনতে হয় আর কোন কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কানে বের করে দিতে হয়।’এক কয়েক বছরে সেমেনিয়ার বয়স যেন অনেক বেড়ে গেছে! তাঁর কথা শুনে সে রকমই মনে হয়। পোড় খেতে খেতে এখন তিনি খাঁটি সোনা, ‘আমি সব সময়ই নিজের সেরাটাই দৌড়ানোর চেষ্টা করি। কখনো পারি, কখনো পারি না। আমাকে নেতিবাচক বিষয়গুলোরও মুখোমুখি হতে হবে। লোকে এমন অনেক কথা বলবে যেটায় আপনি দুঃখ পাবেন। কিন্তু আপনাকে সব সময় ইতিবাচক থাকতেই হবে। এটাই আমাকে শিখতে হবে। আমাকে পেশাদারের মতো আচরণ করতে হবে। এটা আমার প্রথম অলিম্পিক, তাই এটা আমার জন্য স্পেশাল।’ এএফপি।