স্বপ্ন পূরণ হলাে না হানিফের
‘কেন ধোঁকা দিয়ে সবাইকে কাঁদিয়ে এভাবে চলে গেলি? তোকে আমরা খুব মিস করছি। আমাদের এখনো বিশ্বাসই হচ্ছে না যে না-ফেরার দেশে আবু হানিফ’—ফেসবুকে ছেলেটার ওয়াল ভরে গেছে দুঃখগাথায়। বন্ধু ও স্বজনদের আহাজারি চলছেই। সড়ক দুর্ঘটনায় তরুণ হার্ডলার আবু হানিফের অকালমৃত্যু মেনে নিতে পারছে না কেউ।
টাঙ্গাইলের ২৪ বছরের যুবক ছিলেন যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এই ছাত্র খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও ছিলেন তুখোড়। প্রতিটি বর্ষেই প্রথম বিভাগ পেয়ে এসেছেন। স্বপ্ন ছিল বড় অ্যাথলেট হবেন। সেই পথেই এগোচ্ছিলেন। সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায় ১১০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেএমসির হয়ে। কিন্তু স্বপ্নের কলি ফুল হয়ে ফোঁটার আগেই হানিফের প্রাণ কেড়ে নিল সড়ক দুর্ঘটনা।
বিজেএমসির শীতকালীন ক্যাম্পে যোগ দেওয়ার জন্য যশোর থেকে গতকাল ঢাকা আসার কথা ছিল হানিফের। কিন্তু এর আগেই ঘটে গেল এমন মর্মান্তিক দুর্ঘটনা। গতকাল বেলা ১১টায় যশোর-চৌগাছা সড়কের ফুলতাডাঙ্গা গ্রামে ট্রাক ও ইঞ্জিনচালিত নছিমনের সংঘর্ষে অন্য দুজনের সঙ্গে ঘটনাস্থলেই মারা যান হানিফ। যশোর সদর হাসপাতালের মর্গ থেকে বন্ধুরা লাশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসেন। কাল রাতেই তাঁর গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন বন্ধুরা।
বিকেএসপির সাবেক ছাত্র বিশ্ববিদ্যালয়ের গেমসগুলোয় ছিলেন উজ্জ্বল। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ক্রীড়া প্রতিযোগিতায় ব্যক্তিগত ইভেন্টে দুটি সোনা জেতেন। আর আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় হার্ডলসে সোনা জিতেছেন টানা তিনবার। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।