স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ লিসিকির
এবারের উইম্বলডন শুরুর আগে হয়তো অনেকে তাঁর নামটাই জানতেন না। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পারবেন না, এমনটাই ধরে রেখেছিলেন অনেকে। কিন্তু সেরেনা উইলিয়ামসকে হারের স্বাদ দিয়ে সেই সাবিনা লিসিকিই এগিয়ে চলেছেন ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের পথে। আজ ৬-৩, ৬-৩ গেমে কাইয়া কানেপিকে হারিয়ে নিশ্চিত করেছেন উইম্বলডনের সেমিফাইনাল। আর দুটি ম্যাচ জিতলেই প্রথমবারের মতো গ্রান্ড স্ল্যাম জয়ের স্বাদ পাবেন জার্মানির এই তারকা।গতকাল উইম্বলডনের চতুর্থ রাউন্ডে দুর্দান্ত ফর্মে থাকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন সাবিনা লিসিকি। টেনিসের শীর্ষ তারকার বিপক্ষে জয়টা হয়তো তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। আজকের কোয়ার্টার ফাইনালের জয়টা সে রকমই ইঙ্গিত দিয়েছে। মাত্র এক ঘণ্টার লড়াইয়ে সরাসরি সেটে হারিয়েছেন ইস্টোনিয়ার কানেপিকে। এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো উইম্বলডনের সেমিফাইনাল পর্যন্ত এসেছিলেন লিসিকি। সেবার শেষ চারের লড়াইয়ে হেরেছিলেন মারিয়া শারাপোভার কাছে। এবার শারাপোভা, সেরেনাদের বিদায়টা তাই শিরোপার স্বপ্নই দেখাচ্ছে লিসিকিকে। ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে আগনিয়েস্কা রাদওয়ানস্কা বা লি নার মুখোমুখি হতে হবে লিসিকিকে। তাঁদের মধ্যে একমাত্র লি নারই আছে গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের অভিজ্ঞতা। ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন এই চীনা তারকা।—রয়টার্স