স্বপ্ন ফিরে পেলেন ‘ব্লেড রানার’
জুরিদের ধন্যবাদ জানাচ্ছে গোটা দক্ষিণ আফ্রিকা। তাদের আপিলে সাড়া দেওয়ার জন্য। আপিল গৃহীত হওয়াতেই আজ ৪–৪০০ মিটার রিলের ফাইনালে অস্কার পিস্টোরিয়াসকে নিয়ে দৌড়াতে পারছে দক্ষিণ আফ্রিকা। জুরিরা হস্তক্ষেপ না করলে পিস্টোরিয়াসের অলিম্পিকটা শেষ হতো চরম হতাশায়। কাল সকালে একটি দুর্ঘটনা ভেঙে দিয়েছিল পিস্টোরিয়াসদের ফাইনালে দৌড়ানোর স্বপ্ন। রিলের হিটে কেনিয়ার এক অ্যাথলেটের সঙ্গে সংঘর্ষ হয় দ্বিতীয় লেগের রানার অফেন্টসে মোগাওয়ানের। দৌড় আর শেষ করতে পারেননি বাঁ কাঁধের হাড় সরে যাওয়া মোগাওয়ানে। তৃতীয় লেগে ব্যাটনের জন্য অপেক্ষমাণ পিস্টোরিয়াসের হতাশ চোখে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তখন।কিন্তু ঘণ্টা কয়েকের মধ্যেই আবার রং লাগল তাদের স্বপ্নে। রিভিউ দেখে বিচারকদের মনে হয়েছে দক্ষিণ আফ্রিকানদের সঙ্গে অবিচার করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয়েছে মোগাওয়ানেকে। তাই দেওয়া হলো বিশেষ সুযোগ। আজ নয় নম্বর লেনে দৌড়াবে পিস্টোরিয়াসরা। অন্যদিকে হিটের পরেই ডিসকোয়ালিফাইড হয় কেনিয়ানরা।গত বছর দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপের হিটে দৌড়ালেও ফাইনালে ট্র্যাকে নামা হয়নি পিস্টোরিয়াসের। তাঁকে ছাড়াই রুপা জেতে আফ্রিকানরা। এবারের অলিম্পিকে ৪০০ মিটারের ব্যক্তিগত ইভেন্টের সেমিফাইনালে উঠলেও ফাইনালে যেতে পারেননি ‘ব্লেড রানার’। তাই প্রথম ফাইনালে নামার হাতছানিতে উচ্ছ্বসিত কৃত্রিম পায়ের এই দৌড়বিদ। টুইটারে তাৎক্ষণিক লিখেছেন, ‘যাত্রা চলছেই! আমরা ফাইনালে। ধন্যবাদ ঈশ্বর। আবেগময় চড়াই-উতরাই।’অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। ওঠা হলো ফাইনালেও। ইতিহাস সৃষ্টি করা পিস্টোরিয়াসের গলায় অলিম্পিক পদক উঠবে কি না, সেটা নিশ্চিত হবে আজ রাত ২টা ২০ মিনিটে। চোখ রাখুন টিভির পর্দায়। ওয়েবসাইট।