স্বপ্ন যখন বাস্তব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইট-সিমেন্টের পাথুরে গ্যালারি নয়, সবুজ ঘাসের চোখ জুড়ানো শ্যামলিমা! কাল আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে চোখ জুড়ানো সিলেট স্টেডিয়ামের, যে স্টেডিয়ামকে বাংলাদেশে অনন্য করে তুলেছে ‘সবুজ গ্যালারি’ আনিস মাহমুদ
ইট-সিমেন্টের পাথুরে গ্যালারি নয়, সবুজ ঘাসের চোখ জুড়ানো শ্যামলিমা! কাল আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে চোখ জুড়ানো সিলেট স্টেডিয়ামের, যে স্টেডিয়ামকে বাংলাদেশে অনন্য করে তুলেছে ‘সবুজ গ্যালারি’ আনিস মাহমুদ

গত বছরের ২২ ডিসেম্বরের কথা কি পাঠকদের মনে আছে? যেদিন বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ দিয়ে ঘটেছিল সিলেট ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক, সেদিন প্রথম ম্যাচে ইউসিবি-বিসিবি একাদশ মাঠে নামতেই হাজারো দর্শকের উচ্ছ্বাসে উল্লাসে গ্যালারি ছিল প্রাণবন্ত। ওটা ছিল আসলে সিলেট স্টেডিয়ামের বিশ্বকাপ মহড়া।
সেই মহড়ার ৮৪ দিন পর বাস্তবেই ঘরের মাঠে বিশ্বকাপ ম্যাচ দেখার স্বপ্নপূরণ হলো সিলেটবাসীর। সেদিনের মতো কালও ছিল গ্যালারিভর্তি দর্শক। ছিল উল্লাসমুখর পরিবেশ। দর্শকে প্রায় পরিপূর্ণ ছিল ১৩ হাজার ৫৩৩ আসনবিশিষ্ট স্টেডিয়ামটি। বেলা সাড়ে তিনটায় জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড দল মাঠে নামে। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের অভিষেক-ক্ষণে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ চিৎকারে প্রকম্পিত হয়ে ওঠে গ্যালারি। খেলায় দুই দলের ব্যাটসম্যানরা চার-ছক্কা হাঁকাক কিংবা বোলাররা উইকেট তুলুক—সবকিছুতেই দর্শকেরা উল্লাস করেছেন।
সিলেট ক্রিকেট স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরের পঞ্চম হাফ সেঞ্চুরি দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে। প্রচুর দর্শক বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়িয়ে কিংবা জাতীয় পতাকা হাতে গ্যালারিতে আসেন। কোন দলের খেলা এটি না জেনে যদি কেউ মাঠে আসেন, তাহলে বাংলাদেশ বনাম অন্য কোনো দলের খেলা ভেবে তিনি ভুল করতে পারতেন। প্রায় পুরো সময়জুড়ে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড দলের খেলা ছাপিয়ে দর্শকদের মুখে ‘বাংলাদেশ’ শব্দটাই বেশিবার উচ্চারিত হয়েছে।

গতকাল হওয়া জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড এবং হল্যান্ড-আরব আমিরাত দল চারটির প্রায় অপরিচিত খেলোয়াড়দের খেলা উপভোগের চেয়ে ঘরের মাঠে বিশ্বকাপ দেখাটাই ছিল সিলেটের দর্শকদের মূল আগ্রহ। কারও জয়-পরাজয়ে কারও মাথাব্যথা ছিল না। নিখাদ খেলার টানেই দর্শকেরা মাঠে এসেছিলেন। এক দর্শক হাতে নিয়ে আসা প্ল্যাকার্ডে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাইলেন একটা বার্তা, ‘সিলেটের মাটি দর্শকদের ঘাঁটি, বুঝে নিক বিশ্ববাসী।’