স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ খালেদ মাহমুদের

বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদের সঙ্গে অনুশীলনে কথা বলছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিমছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ বছর আগের কথা। নিউজিল্যান্ড সফরে যাওয়া প্রথম বাংলাদেশ দলে ছিলেন খালেদ মাহমুদ। সেবার দুটি টেস্ট খেলে দুটিতেই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। সব সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচ হারের পর কাল মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। দলের সঙ্গে থেকে সে জয় দেখে খালেদ মাহমুদ নিশ্চয়ই অনেক গর্বিত!

সাবেক এ অধিনায়ক এখন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর। নিউজিল্যান্ড সফরে আছেন দলের সঙ্গে। বাংলাদেশের সাবেক এ অলরাউন্ডার দুটি টেস্ট খেলেছেন নিউজিল্যান্ডের মাটিতে। হ্যামিল্টন টেস্টে প্রথম ইনিংসে ৪৫ রানের একটি ইনিংস ছিল খালেদ মাহমুদের। ওয়েলিংটন টেস্টে ভালো করতে পারেননি। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানোর স্বপ্নটা সব সময়ই দেখেছেন খালেদ মাহমুদ। এই স্বপ্ন কাল সত্যি হওয়ার পর নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্পার্ক স্পোর্টকে তিনি বলেন, ‘স্বপ্ন সত্যি হলো। এই সফর নিয়ে আমরা খুব পরিশ্রম করেছি। দলটা অভিজ্ঞ নয়, অনেক তরুণ খেলোয়াড় আছে। কিন্তু ওরা নিজেদের কাজটা করতে পেরেছে।’

বাংলাদেশ কাল মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়েছে
ছবি: টুইটার

টেস্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত ছিল। বাংলাদেশ মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনায় বেশ চাপে ছিল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। ২০১৮ সালের পর জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দলের বিপক্ষেও টেস্ট জিততে পারেনি মুমিনুল হকের দল। ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল কোয়ারেন্টিনে থাকতে খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে কথা বলেন ৫০ বছর বয়সী সাবেক এ অলরাউন্ডার, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা ভালো খেলিনি। কোয়ারেন্টিনে থাকতে দলের সবাইকে একটি বিষয় বলেছি “কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে বলতে হবে, হ্যাঁ আমরা পারি।”’

খালেদ মাহমুদের জন্য এটি স্বপ্ন পূরণ হওয়ার মতোই
ফাইল ছবি

খালেদ মাহমুদ জানান, নিউজিল্যান্ডে এবার আগেভাগে যাওয়ায় লাভবান হয়েছে বাংলাদেশ দল, ‘ছেলেরা খুব পরিশ্রম করেছে। আমার মনে হয়, এবার আগেভাগে এসে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে অনুশীলন করায় লাভবান হয়েছি। ব্যাটিংয়ে কী হতে পারে এবং কোথায় বল করতে হবে, তা বুঝেছে দল। মাঠে তার প্রয়োগটা দারুণ ছিল।’ নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে দারুণ ভূমিকা রাখেন পেসার ইবাদত হোসেন। তাঁকে নিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘প্রথম ইনিংসে তা বোলিংয়ে শৃঙ্খলা ছিল না। অনেক হাফ ভলি ও খাটো লেংথে বল করেছে। সে একটু খাটো লেংথে বল করতে চেয়েছিল। পরে তাকে আমরা বলেছি, উইকেট নিতে হলে এখানে ফুল লেংথেই বল করতে হবে। পরে সে নিখুঁতভাবে নিজের কাজটা করেছে।’