স্বপ্ন সত্যি হলো প্যাটিনসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের টেস্ট অভিষেকেরও মাস ছয়েক পর পৃথিবীর আলো দেখেছেন জেমস প্যাটিনসন। জন্ম, বেড়ে ওঠা সবই মেলবোর্নে। মাঠে এসে বক্সিং ডে টেস্ট দেখা প্যাটিনসন পরিবারের ঐতিহ্য। বক্সিং ডে টেস্টে খেলা দেখতে এসে ছোট্ট জেমস ভাবতেন, ‘একদিন আমিও...।’নিজের সেই ঘরের মাঠে অভিষেকেই ম্যাচ-সেরা। আনন্দে আত্মহারা প্যাটিনসনের এটা যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার, ‘বক্সিং ডে টেস্টে খেলা, সেটাও ভারতের বিপক্ষে...আমি জানি, শচীনের খেলা শুরুর সময় আমার জন্মও হয়নি...তাঁর বিপক্ষে বোলিং করা এবং এই ব্যাটিং লাইন আপের বিপক্ষে এমন সাফল্য, এক কথায় অবিশ্বাস্য। দলের জয় তো আরও দারুণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলাটাই স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’অথচ বক্সিং ডে টেস্ট নয়, এখন প্যাটিনসনের খেলার কথা ছিল বিগ ব্যাশে। প্যাট কামিন্স চোট না পেলে তাঁর যে এখনো টেস্ট অভিষেকই হতো না! ১৮ বছর বয়সী কামিন্স দক্ষিণ আফ্রিকায় অভিষেকে ম্যাচ-সেরা হওয়ার পরই ছিটকে গেলেন বাইরে। আর এ মাসের শুরুর দিনটিতে ব্যাগি গ্রিন পেলেন প্যাটিনসন, প্রথম তিন টেস্ট তাঁকে উপহার দিল দুটি ম্যাচ-সেরা পুরস্কার। প্রথম দুই টেস্টেই পেয়েছেন ইনিংসে ৫ উইকেট, ৩ টেস্টে এখন উইকেট ২০টি।বল হাতে দ্রাবিড়-লক্ষ্মণ-ধোনিদের হতভম্ব করে দেওয়ার আগে ব্যাট হাতেও খেলেছেন গুরুত্বপূর্ণ এক ইনিংস। অস্ট্রেলিয়া ৩০০ ছুঁইছুঁই লিড নিতে পেরেছে তাঁর অপরাজিত ৩৭ রানেই। প্রথম ইনিংসেও খেলেছিলেন ১৮ রানের কার্যকর এক ইনিংস। ২১ বছর বয়সী পেসার জানালেন, এভাবে ব্যাট হাতেও অবদান রাখতে চান নিয়মিত, ‘ক্রিকেট এখন অনেক বদলে গেছে, শেষের দিকের ব্যাটসম্যানদেরও এখন ব্যাটিং জানতে হয়। শেষ দুই জুটিতে এখন অনেক গুরুত্বপূর্ণ জুটি হচ্ছে। নেটে আমি ব্যাটিংয়ের ওপর অনেক জোর দিচ্ছি।’জয়ের মূল কৃতিত্বটা তিন পেসারকেই দিয়েছেন মাইকেল ক্লার্ক। তবে অসাধারণ এই জয়ের উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘সিরিজের এখনো অনেক বাকি। আমাদের জয়টা উপভোগ করা জরুরি ঠিকই। কারণ, আমরা কঠোর পরিশ্রম করেছি এবং জয়টা প্রাপ্যই ছিল। কিন্তু সিডনিতে আবার নতুন করে শুরু করতে হবে। আজ রাতটা আমরা উপভোগ করব, এরপর সিডনির জন্য প্রস্তুতি নেব। ভারতের পর দলকে হারাতে হলে সব সময় সেরাটা ঢেলে দিতে হবে।’বিশ্বসেরা বলা হলেও বছরজুড়ে ব্যাটিংটাই ছিল তাদের মূল মাথাব্যথা। বছরের শুরুতে কেপটাউন টেস্টে সাড়ে তিন শ পেরিয়েছিল তারা। এরপর দেশের বাইরে ১৬ ইনিংসে তিন শই পেরিয়েছে মাত্র একবার। অধিনায়ক ধোনিও এই পরাজয়ের দায় দিলেন ব্যাটিং ব্যর্থতাকে, ‘লক্ষ্যটা ২৪০-২৫০ রান হলে ভালো হতো। তবে আমার মনে হয়েছে, ২৯০-ও আমাদের করা উচিত ছিল। উইকেট ভালোই ছিল, কিন্তু আমাদের ব্যাটিং দুই ইনিংসেই ফ্লপ করেছে।’চার ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু সিডনিতে, ৩ জানুয়ারি। ওয়েবসাইট।