স্বপ্নকে ছাড়িয়ে শফিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু ঠিকঠাক থাকলে এবারের বিশ্বকাপের প্রথম বলটা হয়তো আপনিই করবেন...শফিউল ইসলাম যেন লজ্জা পেয়ে গেলেন। লাজুক হাসি দিয়ে বললেন, ‘ব্যাপারটা আমার মাথায়ও আসছে। মাশরাফি ভাই নাই, প্রথম বল আমি-ই হয়তো করব। এটা মনে হওয়ার পর থেকেই একটা স্বপ্ন দেখতে শুরু করেছি, বিশ্বকাপের প্রথম বলেই উইকেট নেব, বীরেন্দর শেবাগের উইকেট...’কত দ্রুতই না বদলে যায় মানুষের জীবন। বছর খানেক আগেও তাঁর স্বপ্ন ছিল, ‘একদিন জাতীয় দলে খেলব!’ বগুড়ার ২১ বছরের তরুণ এখন স্বপ্ন দেখছেন বিশ্বকাপের প্রথম বলেই আউট করবেন শেবাগকে। সেই স্বপ্নকে অবাস্তবও কিন্তু মনে হয় না! জীবন যে পরতে পরতে বিস্ময় জমা রেখেছিল শফিউলের জন্য!ক্রিকেটকে সিরিয়াসলি নেওয়ার পর থেকেই ভাবনা ছিল ভালো একটা পর্যায়ে খেলার। ভালো পর্যায়ে খেলার সুযোগ এল ২০০৭ সালের মার্চে, রাজশাহী বিভাগের হয়ে অভিষেক হলো জাতীয় লিগের ওয়ানডেতে। একটি উইকেট নিয়েছিলেন, ব্যাট করার সুযোগ পাননি। প্রথম শ্রেণীর অভিষেকটা কিন্তু স্মরণীয়ই হয়েছিল। ওই বছরের ডিসেম্বরে অভিষেক, সিলেটের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচটি প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট পেয়েছিলেন। তবে দলকে জিতিয়ে দিচ্ছিলেন ব্যাটিংয়ে! শেষ ইনিংসে ৩৮২ রান প্রয়োজন ছিল রাজশাহীর। শেষ উইকেটে আলমগীর কবিরকে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে প্রায় অসম্ভব এক জয়ের আশা জাগিয়েছিলেন। শেষ পর্যন্ত আউট হন শফিউলই, রাজশাহী হারে ২২ রানে।এর পর থেকে মোটামুটি নিয়মিতই পারফর্ম করছিলেন, তবে অসাধারণ কিছু নয়। জাতীয় দলে ডাক পাওয়াটা তাঁর জন্য তাই হয়ে এসেছিল পরম এক বিস্ময় হয়ে, ‘অভিষেকের ১০-১৫ দিন আগেও ভাবতে পারিনি জাতীয় দলে খেলব। হ্যাঁ, কোনো একদিন খেলব, এই ইচ্ছা তো ছিলই। কিন্তু এত দ্রুত কল্পনাই করিনি।’ সেই ‘একদিন’টা দ্রুত চলে আসায় হকচকিত হয়েছিলেন, কিন্তু দিশা হারাননি। সুযোগটা কাজে লাগিয়েছেন দারুণভাবে। অভিষেক ওয়ানডেতে কুমার সাঙ্গাকারাকে আউট করে খুলেছেন শিকারের খাতা। পরের ম্যাচে পান দীনেশ কার্তিকের উইকেট। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতেই নিউজিল্যান্ডে গিয়ে ৪ উইকেট। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। খুব দ্রুতই হয়ে উঠেছেন দলের বড় ভরসা। অভিষেক বছরেই বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ওয়ানডে উইকেট-শিকারি হয়েছেন ২৩ ম্যাচে ৩২ উইকেট নিয়ে।আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হতে শুরু করেছেন, এর মধ্যেই এসে গেল বিশ্বকাপ। যেন তিনি বিশ্বকাপের দরজায় নন, বিশ্বকাপই তাঁর দরজায় এসে ঠকঠক করছে। শফিউলের কেমন যেন ঘোরের মতো লাগে, ‘যখনই ভাবি বিশ্বকাপ খেলব, সেটাও আবার নিজের দেশের মাটিতে...কেমন যেন লাগে। বলে বোঝাতে পারব না। স্বপ্নের মতো মনে হয়। আবার মনে হয়, এটা তো আমি আসলে স্বপ্নেও ভাবিনি!’তবে এই স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার আরেকটা দিকও আছে। পারফরম্যান্সই তাঁর জন্য বয়ে এনেছে চাপ। মাত্রই গত বছরের জানুয়ারিতে অভিষেক। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এক-দেড় বছর তো অনেকের হাঁটি হাঁটি পা পা করেই কেটে যায়। কিন্তু পারফরম্যান্সই শফিউলকে করেছে দলের গুরুত্বপূর্ণ অংশ। দল তাঁর কাছে অনেক কিছু চায়। মাশরাফি বিন মুর্তজা না থাকায় বিশ্বকাপে তিনি দলের এক নম্বর পেসার। সেই চাপটাও টের পেতে শুরু করেছেন, ‘জানি, দেশের মানুষের প্রত্যাশা অনেক। চারদিকে এখন শুধু বিশ্বকাপেরই আলোচনা। এই যেমন ছুটিতে গিয়েছিলাম, সবাই বলেছে বিশ্বকাপে ভালো করতে হবে। পরিবারের সবারও প্রত্যাশা অনেক।’তবে শফিউল কিন্তু চাপটাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। দেশের মানুষ, পরিবারের সবার এই চাপ তো আছেই। উল্টো নিজেও একটা লক্ষ্য ঠিক করে ফেলেছেন, ‘গত বছর আমি মোটামুটি ভালোই বোলিং করেছি। এ বছরও করতে চাই। তবে বিশ্বকাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ এমন জায়গা, যেখানে ভালো করলে পুরো ক্রিকেট-বিশ্বের নজর কাড়া যাবে। আমি তাই এমন কিছু করতে চাই, যা সবাই অনেক দিন মনে রাখবে।’পারবেন শফিউল? স্বপ্নকেও ছাড়িয়ে গেছেন যিনি, তাঁর জন্য এটা আর এমন কী কঠিন!