স্বপ্নকেও ছাড়িয়ে সোহাগের অভিষেক
অভিষেক টেস্ট নিয়ে সবারই স্বপ্ন থাকে। সোহাগ গাজীরও ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে তাঁর সাফল্য ছাড়িয়ে গেছে স্বপ্নকেও। অভিষেক টেস্টে বাংলাদেশ দলের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড করে ফেলবেন—এই স্বপ্ন যে সোহাগও দেখেননি!সোহাগের আগে বাংলাদেশ দলের পক্ষে অভিষেক টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেটে পেয়েছেন তিনজন বোলার। তাঁদের মধ্যে ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৮১ রানে ৬ উইকেট নেওয়া বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলামই এত দিন ছিলেন সেরা। কাল ৭৪ রানে ৬ উইকেট নিয়ে সোহাগ ছাড়িয়ে গেলেন তাঁকে। প্রথম টেস্টের এক ইনিংসে ৬ উইকেট পেয়েছেন জাতীয় দলের সাবেক অফ স্পিনার নাঈমুর রহমান আর বাঁহাতি স্পিনার ইলিয়াস সানিও।শুধু প্রথম ইনিংসে নয়, অভিষেক টেস্টেই এখন বাংলাদেশ দলের পক্ষে সেরা বোলার সোহাগ। দুই ইনিংস মিলিয়ে সেরা বোলিংয়ের রেকর্ডটাও এখন তাঁর। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসে ১১০ রান দিয়ে মোট ৮ উইকেট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। ৭০.২ ওভার বল করে সোহাগ ২১৯ রান দিলেও নিয়েছেন ৯ উইকেট। স্বপ্নের মতো অভিষেক বোধ হয় একেই বলে। কিন্তু সোহাগ বলেছেন, এটা তাঁর স্বপ্নেও ছিল না।‘এ রকম হবে সেটা আমার কল্পনাতেও ছিল না। দলে সুযোগ পাওয়ার পর শুধু ভালো খেলার চিন্তাই ছিল। সেই ভালোটা এ রকম হতে পারে ভাবিনি’—কাল মাঠ ছাড়ার আগে বলছিলেন সোহাগ গাজী। তবে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি অনেক বেশি হয়ে যাওয়ার পরও তৃপ্ত হতে পারছেন না এই অফ স্পিনার। সম্ভাবনা জাগার পরও যে জয়োৎসব হয়নি তাঁর অভিষেক টেস্টে, ‘ভালো লাগছে। নিজের বোলিংটা করতে পেরেছি...। মাথায় ছিল দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের মতোই বল করব। সেটা পেরেছি। তবে আরও বেশি ভালো লাগত ম্যাচটা জিততে পারলে। সেটা না হওয়ায় খারাপ লাগছে।’কৈশোরে সোহাগের ক্রিকেট খেলায় সবচেয়ে বড় বাধা ছিল পরিবার। মা-বাবা চাইতেন না ছেলে ক্রিকেট খেলুক। কিন্তু ওই বয়সেই সোহাগ যখন একটু একটু করে প্রতিভার আলো ছাড়াতে শুরু করলেন, বাধাটা তুলে নিয়ে সবচেয়ে বড় অনুপ্রেরণার নামই হয়ে গেলেন মা-বাবা। ঢাকায় এসে ছেলের প্রথম টেস্ট দেখতে না পারলেও বাড়িতে বসে দেখেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা কী রকম বিভ্রান্ত হলেন তাঁর অফ স্পিনে। অভিষেক টেস্টের সাফল্য সোহাগ উৎসর্গ করলেন মা-বাবাকেই, ‘বাবা-মা অনেক অপেক্ষায় ছিলেন আমার খেলা দেখবেন। তাঁদের আশা ছিল, আমি একদিন এই জায়গায় আসব। এই সাফল্য তাঁদের জন্যই থাকল।’অভিষেক টেস্টের স্মৃতিতে আরও একজনকেও আলাদাভাবে রাখবেন সোহাগ। তিনি সাকলায়েন মুশতাক। পাকিস্তানের সাবেক এই অফ স্পিনার এখন বাংলাদেশ দলের স্পিন পরামর্শক। তাঁর হাত থেকে টেস্ট ক্যাপ পরেছেন, খেলেছেন তাঁর টিপস নিয়ে। দুই ইনিংসে ৯ উইকেট পাওয়ার সাফল্যে ওই টিপসের অবদান আছে, ‘সাকলায়েন আমাকে বলেছেন, প্রতিপক্ষের ব্যাটসম্যানদের যত তাড়াতাড়ি বুঝতে পারব, ততই বোলিংয়ের জন্য ভালো হবে। আমি সেটাই করতে চেষ্টা করেছি আগে।’ওয়েস্ট ইন্ডিজের ওপরের দিকের বেশির ভাগ ব্যাটসম্যানই বাঁহাতি। অফ স্পিনার সোহাগকে দলে নেওয়ার বড় কারণ ছিল সেটাই। প্রত্যাশা পূরণ করায় কাল সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিমের অভিনন্দনও পেলেন তিনি, ‘ওদের টপ সিক্সের পাঁচজনই বাঁহাতি। আমরা ওকে কেবল এ বার্তাই দিয়েছিলাম যে তুমি উইকেট পাও বা না পাও, ইকোনমি রেট যেন ঠিক থাকে। সুযোগ তৈরি করতে হবে। দায়িত্ব এটুকুই। ফল কী হবে তা নিয়ে চিন্তা করো না। ভালো বল করাটাই আসল। আল্লাহর রহমতে ও অনেক ভালো বল করেছে। যে কয়টা উইকেট ও পেয়েছে, বেশির ভাগই ভালো ভালো উইকেট এবং ভালো বলেই পেয়েছে।’ম্যাচের প্রথম ওভারেই সোহাগের হাতে বল তুলে দিয়েছিলেন মুশফিক। প্রথম বলেই ছক্কা, প্রথম ওভারে দেন ১৮ রান। কিন্তু নিজেকে সামলাতে সময় নেননি সোহাগ। সাফল্য তুলে নেওয়ার শুরুটা করেছেন ক্রিস গেইলের উইকেট দিয়ে। সোহাগকে নিয়ে প্রথম ওভারে ‘জুয়া’ খেলার কারণটা কাল ব্যাখ্যা করলেন অধিনায়ক, ‘গেইল চাচ্ছিল যত দ্রত সম্ভব সোহাগকে আক্রমণ থেকে সরিয়ে দিতে। আর আমাদের চিন্তা ছিল ও ভালো বল করলে ২০-৩০ রান দিয়ে হলেও আমাদের একটা সুযোগ থাকবে গেইলকে আউট করার। এ মানসিকতা নিয়েই আমরা নেমেছিলাম এবং সফলও হয়েছি।’শুরুর সাফল্যটাকে জয়োৎসবের রূপ দেওয়া যায়নি—হতাশা কেবল এটুকুই। নইলে জয়ের সম্ভাবনা জাগানো ঢাকা টেস্টে সোহাগ গাজীও কম বড় উপহার নন।অভিষেক টেস্টে ইনিংসে সেরা বোলিং বিপক্ষ ভেন্যু বছর৬/৭৪ সোহাগ গাজী ও. ইন্ডিজ মিরপুর ২০১২৬/৮১ মঞ্জুরুল ইসলাম জিম্বাবুয়ে বুলাওয়ে ২০০১৬/৯৪ ইলিয়াস সানি ও. ইন্ডিজ চট্টগ্রাম ২০১১৬/১৩২ নাঈমুর রহমান ভারত ঢাকা ২০০০৫/৫১ মাহমুদউল্লাহ ও. ইন্ডিজ কিংসটাউন ২০০৯অভিষেক টেস্টে সেরা বোলিং বিপক্ষ ভেন্যু বছর৯/২১৯ সোহাগ গাজী ও. ইন্ডিজ মিরপুর ২০১২৮/১১০ মাহমুদউল্লাহ ও. ইন্ডিজ কিংসটাউন ২০০৯৭/১২৮ ইলিয়াস সানি ও. ইন্ডিজ চট্টগ্রাম ২০১১৬/৮১ মঞ্জুরুল ইসলাম জিম্বাবুয়ে বুলাওয়ে ২০০১৬/১৫৪ নাঈমুর রহমান ভারত ঢাকা ২০০০