স্বপ্নটা খুব বড় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এমনিতে ফাল্গুন শেষের সন্ধ্যা পেরিয়ে পথে নামলে একটা মন-ফুরফুরে আবহাওয়ার পরশ পাওয়া যায়। বেশ কদিন ধরে বিমানবন্দর থেকে ঢাকামুখী পথটা ধরলে সে স্নিগ্ধতার আবেশ বেড়ে যায় বহুগুণ। টি-টোয়েন্টি বিশ্ব ক্রিকেট উপলক্ষে সে পথে যে দৃষ্টি শীতল করা রঙিন পেলব আলোর শোভা তার মাঝে ফুটে থাকে এক অবর্ণনীয় আনন্দ-আবাহন। ক্রিকেটকে ছাড়িয়ে আমাদের যুগ-যুগান্তরের আবেগ, ঐতিহ্য আর ইতিহাস চিত্রিত আলোর ধারায়। যে আবেগ দিয়ে, যে ভালোবাসা দিয়ে আমরা ক্রিকেটকে জড়িয়েছি তার উৎসমূল লিপিবদ্ধ ওই আলোকমালার শিল্পিত প্রস্ফুটনে। বাংলার প্রকৃতি, সমাজজীবন, মুক্তিযুদ্ধের গর্বিত প্রহরসহ আমাদের এগিয়ে চলার সব অনুপ্রেরণার উৎস বর্ণালি আলো হয়ে আমাদের এগিয়ে নিয়ে চলে আসন্ন উৎসবের দিকে। সাধুবাদ জানাই এ আলোকসজ্জার পরিকল্পক ও ব্যবস্থাপকদের।
আমাদের জাতীয় দলকে একসঙ্গে দু-চারবার রাতের এই ঢাকা অন্তর্দৃষ্টি নিয়ে ঘুরে দেখা দরকার। তাঁরা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবেন তাঁরা কাদের জন্য খেলছেন, কিসের জন্য খেলছেন। পথের ধারের ওই আলোকমালাকে, বলা ভালো আমাদের ক্রীড়াকাশের ওই আলোকমালাকে আরও দ্যুতিময় করতে আমাদের এ মুহূর্তের জাতীয় বীরদের যে আরেকটু উজ্জীবিত আত্মপ্রয়োগ দরকার। আরেকটু ভালো খেলা দরকার।
দুয়ারে উপস্থিত টি-টোয়েন্টিতে আমরা খুবই সংকুচিত স্বপ্ন নিয়ে যাচ্ছি। প্রথম পর্ব পেরোনোটাই এখন আমাদের আরাধ্য। সেই পর্বের দু-তৃতীয়াংশ নিয়ে আমরা অনেকটাই নির্ভার। ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তাকেও প্রশ্নাতীতভাবে আড়াল করে ধরে নিতে পারি নেপাল ও হংকংকে টপকে যাব সহজেই। বাস্তবতা এ রকমই। শুধু আফগানিস্তানকে নিয়ে সামান্য মাথাব্যথা। এ রকম হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। সময় আমাদের এ রকম একটা নাজুক মোহনায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। এ মোহনা অতিক্রম করতে হবে। কাজটা যে কঠিন বা অসাধ্য তেমন তো নয়। শুধু আফগানিস্তানের এগিয়ে আসার সবল আওয়াজ আর আমাদের পাঁচমিশালি কারণগত দুঃসময় আমাদের সামান্য ভাবাচ্ছে। আজ রাতের ঢাকায় আলোকমালা উপভোগ করতে করতে ক্রিকেটমনস্ক পথিক সদ্যপ্রাপ্ত এশিয়া কাপের অভিজ্ঞতার আলোকে সামান্য টাল খাচ্ছে। সুখানুভূতিতে হামলে পড়ছে অনভিপ্রেত খামতির কামড়। এশিয়া কাপের চার-চারটি ম্যাচে বারবার আশাহত হওয়ার বেদনায় মন সামান্য নড়বড় হওয়ারই কথা। তারপর এশিয়া কাপ চলাকালে পত্রপত্রিকায়-টিভির পর্দায় আমাদের দল নিয়ে, আমাদের ক্রিকেট ব্যবস্থাপনা নিয়ে নানান অসংলগ্নতার বিশ্লেষণ আর মিরপুরের গোলদালানের বাতাসে কান পেতে শোনা ঘোলা জলে মাছ শিকারের নানান গালগল্প শুনে শুনে পথিক বেসামাল। পথিক ছন্দে ফিরতে আগ্রহী। পথিক ক্রিকেটের মহোৎসবে গলা ছেড়ে উল্লাস করতে চায়। কামনা করে তার বসন্তের আনন্দানুভূতিকে মুশফিকদের দাপটে রাঙিয়ে তুলতে।
খুবই সামান্য এ প্রত্যাশা। আফগানিস্তানকে হারাতে হবে। আবেগতাড়িত কোনো পদ্মভুক স্বপ্ন এটা নয়, যুক্তিগ্রাহ্য বাস্তবানুগ চাহিদামাত্র। পথিক নিশ্চিত তাঁর সামান্য এই চাওয়া পূরণ হলেই মূল পর্বে ক্ষিপ্ত বাঘের থাবায় এলোমেলো হয়ে যেতে পারে ক্রিকেটের দুনিয়া। কিন্তু সে তো অনেক পরের কথা। আপাতত প্রথম পর্ব নিয়েই আমাদের আশার দৃঢ়তায় আমরা দাঁড়িয়ে থাকি।
উৎসবের আলোয় হাঁটতে হাঁটতে ক্রিকেটমনস্ক মানুষ, হূদয়ে বাংলাদেশ নিয়ে হাঁটা পথিক এশিয়া কাপের কালো মেঘের ভ্রুকুটি এড়িয়ে চলার উপকরণ খুঁজে পায়। ফিরে দেখে যথাযথ পরিবেশ নিয়ে আমরা দলের সহযোগী হইনি। অধিনায়ককে অনুভব করাতে পারিনি আমাদের সবটুকু দিয়ে আমরা তাঁর সঙ্গে আছি। নির্বাচক, কর্মকর্তারা নানা মন্তব্যে, নানা সিদ্ধান্তে অধিনায়ককে বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী করে তুলেছিলেন। চোটাঘাতের ওপর নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু সবাই এক সমতলে নেই, এ রকম একটা আবহ তৈরি পরিহার করা যেত। করলে অধিনায়ককে মানসিকভাবে নির্ভার রাখা যেত। তাঁর কৌশলগত দলীয় ভাবনায়, সিদ্ধান্ত গ্রহণে অনেক ফলপ্রসূ চিহ্ন আমরা দেখতে পেতাম। সবকিছুর পরও জয়-পরাজয়ের বাইরে এশিয়া কাপ আমাদের প্রাপ্তির খাতায় দিয়েছেও অনেক কিছু। ভারতের বিপক্ষে মুশফিকের শতরান, পাকিস্তানের সঙ্গে বিজয়ের শতক, সাকিবের ঝোড়ো ব্যাটিং, শ্রীলঙ্কার বিপক্ষে আল-আমিনের প্রথম স্পেল...এমনি কত কিছু। যেকোনো দিন যে কারও বিপক্ষে জিততে পারার বিষয়টা চারটি পরাজয়ের মাঝেও বিজ্ঞাপিত ছিল। টি-টোয়েন্টির দ্বিতীয় পর্বে গেলে সেটা মুশফিকরা প্রমাণ করতে বিলম্ব করবেন না।
ঝলমলে রাতের ঢাকায় চলতে চলতে আমাদের পথিক ভাবে এশিয়া কাপের তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা জেনে গেছি, মাঠে যে ১১ জন খেলে তাদের নিয়েই দলটা নয়। বোর্ড সভাপতি থেকে শুরু করে দলীয় বল-বয়দের নিয়ে সবাই মিলেই দল। দলীয় সাফল্যের জন্য সবাইকেই নিজ নিজ অবস্থান থেকে যথাকর্ম করতে হবে। পথিক আশা করে, টি-টোয়েন্টি পর্বে সবাই তা করবে। এবার কোনো বোর্ড পরিচালকের মুখে শুনতে চাইব না যে নিজেদের লোকেরাই ডোবাচ্ছে। এবার আমাদের অধিনায়ক পূর্ণ শক্তির দল পাচ্ছেন। নির্দিষ্ট বিশেষ প্রতিপক্ষের বিরুদ্ধে পরিকল্পনা এবং প্রতি-পরিকল্পনা করার সময় পাচ্ছেন। মাঠের বাইরের চাপ থেকে মুক্ত থাকতে পারলে তাঁর সমরজয়ী আত্মপ্রয়োগ অবশ্যই বিফলে যাবে না। তাঁকে চাপমুক্ত একটা পরিবেশ দেওয়া এখন সংশ্লিষ্ট সবার কর্তব্য। ‘গতিশীল এবং বৈচিত্র্যময়’ নেতৃত্বের গুণ তাঁর মাঝে অবশ্যই আছে। আমাদের টি-টোয়েন্টির দাবি তিনি অবশ্যই মেটাবেন। আমাদের পথিক আশায় রইল।