স্বপ্নডানা মেলার অপেক্ষায় গলফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলফ
গলফ

বাংলাদেশ ওপেন শুরু হতে বাকি এখনো এক সপ্তাহ, কিন্তু কাল কুর্মিটোলা গলফ ক্লাবে পা রাখতেই সেই হাওয়া যেন গায়ে এসে লাগল। এই গলফ টুর্নামেন্টটির সঙ্গে নানা পর্যায়ে যুক্ত লোকজনের ছোটাছুটি, ব্যস্ততা মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ। শুরুর এত আগেই যদি এই অবস্থা হয়, শুরু হলে না জানি আরও কত রং ছড়ায় এই টুর্নামেন্ট!
আর সেটি হওয়াও উচিত। এই প্রথম এশিয়ান টু্যর আয়োজক বাংলাদেশ, ভারতের পরে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। ২৫ দেশের মোট ১৫০ জন পেশাদার গলফারের এই টুর্নামেন্টে ১১৯ জন বিদেশি খেলবেন, সিদ্দিকুর রহমানসহ বাংলাদেশের গলফার ৩১ জন। সবচেয়ে বেশি প্রতিযোগী তো বাংলাদেশেরই, সংখ্যায় পরের ছয়টি দেশের নাম সাজানো যায় এভাবে—ভারত (২৭ জন), থাইল্যান্ড (২৬), অস্ট্রেলিয়া (১০), কোরিয়া (৬), যুক্তরাষ্ট্র ও জাপান (৫ জন করে)। ১০ জন গলফার আছেন, যাঁরা এর আগে অন্তত একটি এশিয়ান টু্যর জিতেছেন। এশিয়ান টু্যরের অর্ডার অব মেরিটে দুটি এশিয়ান টু্যর বিজয়ী বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুরের অবস্থান ৩২। এ থেকেই বুঝতে পারেন, কতটা উচ্চমার্গের এই টুর্নামেন্ট!
কিন্তু এরপরও যে কথাটি অবধারিতভাবে উঠবে সেটি হলো বাংলাদেশের ক্রীড়ামনস্ক জনজীবনকে এটি কতটা ছুঁয়ে যাবে? নিম্নবিত্ত পটভূমিকা থেকে উঠে এসে উচ্চবিত্ত এই খেলাটির বিশ্বমানচিত্রে বাংলাদেশের নাম লিখিয়েছেন সিদ্দিকুর। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষণায় হতে যাওয়া তিন লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতা আয়োজক হিসেবে গলফ মানচিত্রে ঠাঁই করে দিচ্ছে বাংলাদেশের। তবু বাংলাদেশে গলফ কি অপরিচয়ের দূরত্ব ঘোচাতে পেরেছে?
পারেনি বলেই সংবাদ সম্মেলনের মেজাজে কাল কুর্মিটোলা গলফ ক্লাবে হলো একটি ছোট কর্মশালা। গলফ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আয়োজনের নানা দিক নিয়ে কথা বললেন। চার দিন ধরে খেলা চলার সময়ে সাংবাদিকদের বা দর্শকদের কী করা উচিত আর কী উচিত নয়, টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে তা বুঝিয়ে বললেন মেজর মোরশেদ। এই পর্ব শেষ হতেই গলফ কর্মকর্তারা নেমে পড়লেন সাড়ে ছয় হাজার গজ বিস্তীর্ণ সবুজ কোর্সে। হাতে-কলমে শিক্ষা। টি-ইনের জায়গায় দাঁড়িয়ে নিজেই বল ড্রাইভ করলেন ব্রিগেডিয়ার ফজল। উড়ে গিয়ে পড়ল অনেক দূরের সবুজে। সাংবাদিকদের ডাকলেন হাতেখড়ি দেওয়ার জন্য। একজন সাহস করে ড্রাইভ করতে গেলেন, প্রথমবার বলে ক্লাবই ছোঁয়াতে পারলেন না, পরেরবার যে শট করলেন তাতে বল কয়েক গজ গড়িয়ে পড়ল সামনে। হাসির উচ্চরোল। মুখে হাসি নিয়ে ব্রিগেডিয়ার ফজল বললেন, ‘এ রকম হতেই পারে। আমি যখন গলফ বলে প্রথম শট করি, এর চেয়েও খারাপ করেছিলাম।’ এ দেশের গলফ হাঁটি হাঁটি পা পা করেই আজ আন্তর্জাতিক জগতে এসেছে। গলফ এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক বড় স্বপ্নের নাম।
এই স্বপ্নটা আরও বড় ডানা মেলবে বসুন্ধরা ওপেন দিয়ে। আয়োজকদের আশা, ৬৫ জন কাট পাওয়া খেলোয়াড়দের মধ্যে ১০ জন অন্তত থাকবেন বাংলাদেশের। সংখ্যাটি ১৫-ও হতে পারে। আর পুরস্কারের তালিকায় ওপরের দিকে থাকবেন ৬ থেকে ১০ জন। একে তো হাতের তালুর মতো চেনা কোর্স, তার ওপর ১৪ লাখ টাকা ব্যয়ে বিদেশি কোচ ও মনোবিদ এনে প্রস্তুত করা হয়েছে সিদ্দিকুর-জামাল–সজীবদের।