স্বপ্নদুয়ারে নেইমার

প্রশংসা, স্তুতি ছিল। ছিল ধারালো ছুরির মতো সমালোচনাও। কিন্তু সবচেয়ে বেশি বোধ হয় ছিল কাঁধে প্রত্যাশার চাপ। ১৫ জুনের আগে নেইমারও ঠিক ‘এই নেইমার’ হয়ে ওঠেননি।
জাপানের সঙ্গে কনফেডারেশনস কাপের প্রথম ম্যাচ থেকে শুরু করে উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনাল। চারটি ম্যাচ বদলে দিয়েছে অনেক কিছু। প্রশংসা-স্তুতি বেড়েছে, কমেছে সমালোচনার ধার। আর প্রত্যাশা? এখন আকাশচুম্বী! আর মাত্র একটা ম্যাচ, যে ম্যাচ মোড় ঘুরিয়ে দিতে পারে তাঁর ক্যারিয়ারের। ব্রাজিলিয়ান ফুটবলের নতুন রাজকুমারের গল্প যদি প্রত্যাশিত পথে এগোয়, তাহলে স্পেনের বিপক্ষে আজকের ম্যাচটা তাঁর স্বপ্ন-সৌধের একটা সিঁড়ি।
ক্লাব ও দেশের হয়ে টানা ৯ ম্যাচ গোলহীন থেকে শুরু করেছিলেন কনফেডারেশনস কাপ। তার পরও তাঁকে বার্সেলোনা কিনে নিয়েছে পাঁচ বছরের জন্য, দরাজ শংসাপত্র দিয়ে যাচ্ছিলেন পেলে। কিন্তু সমালোচকদের মুখ কি তাতেও বন্ধ হয়? মাঠে খেলে দেখাতে হবে তো!
সেটা দেখালেন। মাত্রই ৪ মিনিটের মাথায় জাপানের জালে বল জড়ালেন বুলেট শটে। মেক্সিকোর বিপক্ষে অসাধারণ এক ভলিতে আর জিয়ানলুইজি বুফনকে হতভম্ব করা ফ্রি-কিকে করলেন গোল। এগুলো তাঁর নিজের। কিন্তু জো, ফ্রেড আর পাওলিনহোদের গোলগুলোর পেছনের কারিগরও তো তিনিই। লুইস ফেলিপে স্কলারির এক ঝাঁক প্রতিশ্রুতিমান শিষ্যের মধ্যে নিজেকে চেনালেন আলাদা করে। গণবিক্ষোভে উত্তাল ব্রাজিল আজও তাকিয়ে তাঁর দিকেই। প্রত্যাশার পারদ চড়ছে, তবে সেই প্রত্যাশা পূরণে তৈরি নেইমারও, ‘আমরা আমাদের পরিবার, আমাদের বন্ধু এবং সর্বোপরি ব্রাজিলের জনগণের জন্য খেলব। ঐতিহাসিক এই ম্যাচের জন্য আমরা তৈরি।’
ঐতিহাসিক ম্যাচই তো! বিশ্বকাপের মহামঞ্চ হয়তো নয়। কিন্তু বিশ্ব ফুটবলের সবচেয়ে কুলীন দলের সঙ্গে সাম্প্রতিক কালের সবচেয়ে সফল দলের লড়াই—নামের ভারেই যে এ ম্যাচ মহিমান্বিত। সদ্য বার্সেলোনার সঙ্গে চুক্তি করা ব্রাজিলিয়ান অবশ্য এগিয়ে রাখছেন প্রতিপক্ষকেই, ‘স্পেন বিশ্বের সেরা দল। ওরাই আজ ফেবারিট।’ এটা হতে পারে প্রতিপক্ষকে সম্মান দেখানো কিংবা শুধুই চাপে রাখার কৌশল। তবে এমন একটা ম্যাচ জিতিয়ে ইতিহাসের অংশ হতে নেইমারের ইচ্ছা তো জাগেই, ‘আমি কিছুটা উৎকণ্ঠিত। দেশের জন্য খেলব, সারা পৃথিবী দেখবে। এ ম্যাচ আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকতে পারে।’ তবে স্বপ্ন সত্যি করতে গিয়ে বাড়তি কোনো চাপ নিতে রাজি নন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ‘আমি সব সময় যেভাবে খেলি, আজও সেভাবেই খেলব। ফ্রি-কিক নেব, চারপাশে পাস দেব এবং গোলের চেষ্টা করব। আমি দলকে সাহায্য করতে চাই।’
যা চাইছেন তার সবকিছু ঠিকঠাক করতে পারলে শেষ হাসিটা নেইমারেরই থাকবে, হূদয় ভাঙবে স্পেনের। তবে জাভি-ইনিয়েস্তা-বুসকেটস-পেদ্রোসহ স্পেনের বার্সেলোনা তারকারা কিন্তু ভেতরে ভেতরে খুশি হতেও পারেন!
প্রতিপক্ষের হূদয় ভেঙে দিতে পারবে আশা করেই তো বার্সেলোনা চুক্তি করেছে তাঁর সঙ্গে। এএফপি।