স্বপ্নপূরণ হতে যাচ্ছে কস্তার!
অনেক নাটকের পর পেয়েছেন স্পেনের হয়ে খেলার ছাড়পত্র। জন্মভূমি ব্রাজিলকে ‘না’ করে দিয়ে স্পেনকে বেছে নিয়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার। নতুন দেশের হয়ে খেলার স্বপ্নটা তাঁর সম্ভবত পূরণ হতে চলেছে এবার। ৫ মার্চ ইতালির সঙ্গে প্রীতি ম্যাচের দলে কস্তাকে ডেকেছেন লা রোজাদের কোচ ভিসেন্তে দেল বস্ক।
অসাধারণ একটা মৌসুম কাটাচ্ছেন কস্তা। এরই মধ্যে লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (২১ গোল)। দলে ডাক পাওয়াটা তাই প্রত্যাশিতই ছিল। দেল বস্ক সেটিই নিশ্চিত করলেন, ‘অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে যা করেছে তার জন্যই কস্তা এখানে। ডাক পাওয়াটা ওর প্রাপ্য ছিল।’
ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার হুয়ান মাতা ও জুভেন্টাস স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তে ডাক পাননি। কার্লোস পুয়োল ও ডেভিড ভিয়ার মতো অভিজ্ঞরাও উপেক্ষিত থেকে গেছেন। তবে দেল বস্ক এঁদের কারও বিশ্বকাপ সম্ভাবনাই বাতিল করছেন না, ‘এই দলটা শুধুই ইতালির জন্য। এটির সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই।’ এএফপি, ওয়েবসাইট।