স্বপ্নপূরণের আগের লড়াই
খুলনার নরসুন্দর সুশীল চন্দ্র শীল একসময় ফুটবল খেলতেন বলে ছেলে সুমন চন্দ্র শীলকেও ফুটবলার বানানোর স্বপ্ন দেখতেন। আগ্রহের কমতি ছিল না ছেলেরও। এয়ারটেল রাইজিং স্টারসের জন্য গত জুলাইয়ে যখন নাম নিবন্ধন করতে বলা হলো, তখনই সুমন এয়ারটেলের একটি সিম কেনে। এরপর জেলা পর্যায়ের বাছাই শেষে টিকে যায় বিভাগীয় দলে। দুঃখের বিষয়, সেই মুঠোফোনটা কালই চুরি হয়ে গেছে। দিন শেষে সুমন অবশ্য ভুলে গেছে দুঃখটা। এয়ারটেল রাইজিং স্টারসের চ্যাম্পিয়নশিপ ট্রফিটা যে উঠেছে খুলনা বিভাগীয় দলের অধিনায়ক সুমনের হাতেই!ইংল্যান্ডে যাওয়ার স্বপ্নযাত্রার বাছাই প্রক্রিয়ার অংশ টুর্নামেন্টটি কাল জিতল খুলনা বিভাগ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনালে আবদুল্লাহ টোফেলের একমাত্র গোলে তারা হারাল ঢাকা বিভাগ-২-কে। চ্যাম্পিয়ন হওয়া মানেই এই দলটাই ম্যানচেস্টারে যাচ্ছে, তা নয়। ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের তিন কোচ কেভিন ও’কনেল, মাইকেল বেনেট ও মাইকেল ম্যাকক্লিন বিভাগীয় পর্যায়ের ২০০ জন খেলোয়াড় থেকে সেরা ১২ জনকে বেছে নেবেন। স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে কাল গভীর মনোযোগে ৫০ মিনিটের ফাইনাল দেখলেন তিন কোচ। কেভিন জানালেন, ‘আমরা ভালো মানের খেলোয়াড় খুঁজতেই সব ম্যাচ দেখছি।’ সৌভাগ্যবান ১২ জন এরই মধ্যে নির্বাচিত কি না, নির্বাচিত হলে তারা কারা, তা বলতে চাইলেন না। শুধু বললেন, ‘এই কিশোরদের জন্য ম্যানচেস্টারে গিয়ে ফুটবল শেখাটা একটা বড় সুযোগ। সেখানে গিয়ে ওরা রুনি, গিগস, স্কোলসদের দেখবে। কিছু শেখার জন্য সকার স্কুলটা দারুণ এক জায়গা।’ মাত্র সপ্তাহ খানেক ম্যানচেস্টারে থাকবে ১২ ফুটবলার। কিন্তু এটাই হবে ওদের জন্য বিরাট এক অনুপ্রেরণা। বিখ্যাত ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার টানই মাঠে টেনে এনেছে ঝিনাইদহের কিশোর টোফেলকে। ইংল্যান্ডে যাওয়ার স্বপ্ন তার চোখে-মুখে, ‘এর আগে অনূর্ধ্ব-১৫ দলে খেলার জন্য ঢাকায় এসেছিলাম। কিন্তু বাছাইপর্ব পার হতে পারিনি। এবার এয়ারটেল রাইজিং স্টারসের বিভাগীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগটা কাজে লাগিয়ে ইংল্যান্ডে যেতে চাই।’ খেলাটা তার মধ্যে এমনভাবেই ঢুকে গেছে যে ঘুমের ঘোরেও ফুটবল খেলে টোফেল। ‘ঘুমের মধ্যেও ফুটবলে লাথি মারি।’ বলে হাসতে লাগল। এই দল থেকে কারা শেষ পর্যন্ত নির্বাচিত হবে, সেটা জানা যাবে আগামীকাল। তবে সুমনের প্রত্যাশা খুলনা থেকেই বেশি সুযোগ পাবে, ‘আমরা যারা খুলনা দলে আছি, সবাই সমান। উনিশ-বিশ। খুলনার মাঠে সেরাটা দিয়েছি, ঢাকার মাঠেও সেরাটা দিয়েছি। আমরা চ্যাম্পিয়ন। আমাদের ১২ জন সুযোগ পেলে খুশি হব।’ পুরো প্রক্রিয়ার সঙ্গে শুরু থেকেই ছিলেন বাফুফের অন্যতম কোচ মাহবুব হোসেন। এই আয়োজনটাকে একটা দেশের ফুটবলের জন্যই বড় কাজ বলে মানছেন, ‘আমাদের দেশের কিশোরেরা চিন্তাই করতে পারে না যে তারা ম্যানইউয়ের মতো ক্লাবে যাবে। পুরো ব্যাপারটার সঙ্গে সম্পৃক্ত রয়েছে এই ছেলেদের মা-বাবা, পরিবার। সবাই খেলা দেখছে সরাসরি। যখন কেউ ইংল্যান্ড থেকে আসবে, তখন ওকে জেলায় এক নামে চিনবে। ওকে দেখে আরও দশটা ছেলে ফুটবলে আসবে। এটা তো বিরাট ব্যাপার!’