স্বপ্নপূরণের আনন্দটা তো থাকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যিই কি পদকের আশা করেছিলেন? সাইক সিজার ‘পদক-টদক’-এর প্রসঙ্গে গেলেন না। আশা তো একটা ছিলই, তবে সেটি চমকের। ‘জিমন্যাস্টিকসে কখনো কখনো বিশ্বসেরারাও ভুল করে আর কোনো আন্ডারডগ চমকে দেয় সবাইকে। আমি সেই আন্ডারডগ হতে চেয়েছিলাম’—পরশু তাঁর অলিম্পিক শেষ হয়ে যাওয়ার পর বললেন ২১ বছরের তরুণ।জন্ম-বেড়ে ওঠা সবই যুক্তরাষ্ট্রে। অলিম্পিক-স্বপ্নপূরণের জন্যই শিকড়ের সন্ধান। সেই স্বপ্নপূরণ হওয়াতেই উচ্ছ্বসিত সাইক, ‘আমি একজন অলিম্পিয়ান। এটা তো কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।’ লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে পেরেও গর্বিত, ‘বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারার গর্বটা বলে বোঝানোর নয়।’পারফরম্যান্সেও যে খুব অখুশি, তা নয়। ভল্টে সবচেয়ে ভালো করেছেন (১৫.১১৬), প্যারালাল বারে ১৪.৭৬৬, ফ্লোর এক্সারসাইজে ১৪.৬৬৬, হাই বারে ১৩.৭০০। হাতের ব্যথা বেড়ে যাওয়ায় পমেল হর্স ও স্টিল রিংয়ে অংশই নিতে পারেননি। ওই ‘হাতের ব্যথা’ই সাইক সিজারের অলিম্পিক পারফরম্যান্সে বাড়তি মাত্রা যোগ করছে। কুবার্তিনের সেই অমর বাণী ‘অংশ নেওয়াটাই আসল’ যে মূর্ত করে তুলেছেন তিনি। অলিম্পিকের জন্য প্রস্তুতি নেওয়ার সময় বাঁ বাহুতে চোট পেয়েছিলেন। গত জানুয়ারি থেকে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি এ কারণে। ‘আজ আমি যা করেছি, বলতে গেলে তা বাঁ হাত ছাড়াই। অন্য অনেকে হয়তো সরেই দাঁড়াত। কিন্তু এই সুযোগের জন্য এত বছর ধরে এত পরিশ্রম করে এসেছি যে, আমি অন্য কিছু ভাবিইনি। সেই ছোট্টটি থাকতে অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন দেখে এসেছি, সেই স্বপ্ন তো পূরণ হয়েছে।’ সিজারের কোচ জিওফ করিগানও শিষ্যের পিঠ চাপড়েই দিচ্ছেন, ‘পরিস্থিতি বিবেচনায় ও খুব ভালো করেছে। আমার কোনো অভিযোগ নেই।’ছয়টি রুটিনই শেষ করতে পারলে অলরাউন্ড ফাইনালে ওঠার দৌড় থেকে কতটা পিছিয়ে, তা বোঝা যেত। তবে যে চারটি রুটিন করেছেন, তার কোনোটির পারফরম্যান্সই ব্যক্তিগত অ্যাপারেটাস ফাইনালে ওঠার জন্য যথেষ্ট বলে বিবেচিত হয়নি। অলিম্পিকে বাংলাদেশের বাকি সব প্রতিযোগীর যে নিয়তি, সাইক সিজারেরও তা-ই। জিমন্যাস্টিকসের কোয়ালিফিকেশন রাউন্ডেই শেষ তাঁর অলিম্পিক। ‘অলিম্পিক শেষ’—এই কথায় অবশ্য আপত্তি আছে সাইক সিজারের। মনে করিয়ে দিলেন, তাঁর বয়স মাত্র ২১, সামনে আরও সময় পড়ে আছে। অন্তত আরেকটি অলিম্পিক তো অবশ্যই। বছর খানেক আগেও বাংলাদেশে সেভাবে কেউ তাঁকে চিনত না। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত একটা আন্তর্জাতিক মিটে সোনা জেতার মাধ্যমেই পাখা মেলে সাইক সিজারের অলিম্পিক-স্বপ্ন। অলিম্পিকে এসে নিজেকে চেনানোর কাজটা যে করতে পেরেছেন, তাতেই খুশি সিজার। বাংলাদেশকে প্রথম অলিম্পিক পদক উপহার দেওয়ার ‘অসাধ্য’ সাধন করার জন্য তো চার বছর হাতে রইলই।