স্বপ্নপূরণের কাছাকাছি
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড লায়ন্সের চার দিনের প্রস্তুতি ম্যাচ চলছিল নর্দাম্পটনে। তৃতীয় দিন হোটেল থেকে মাঠে যাবেন জনি বেয়ারস্টো, লবিতে জিওফ মিলারের সঙ্গে দেখা। প্রধান নির্বাচকের কাছ থেকেই সরাসরি শুনলেন খবরটা, জায়গা পেয়ে গেছেন ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে! বেয়ারস্টোর মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন ক্রিকেটার হওয়ার স্বপ্ন গেঁথে গিয়েছিল মনে। ২০ বছর ইয়র্কশায়ারের উইকেট সামলেছেন বাবা ডেভিড বেয়ারস্টো। ইংল্যান্ডের হয়েও খেলেছেন ৪ টেস্ট ও ২১ ওয়ানডে। বাবার সঙ্গে যেদিন প্রথম গেলেন ইয়র্কশায়ারের ড্রেসিংরুমে, সেদিনই মনে মনে ঠিক করে ফেললেন ক্রিকেটারই হবেন। বুঝতে শেখার সঙ্গে সঙ্গে বাড়ল স্বপ্নের পরিধিও। ইংল্যান্ডের হয়ে খেলতে হবে টেস্ট ক্রিকেট। সেই স্বপ্ন পূরণ থেকে এখন মাত্র এক কদম দূরে ২২ বছর বয়সী বেয়ারস্টো। কাঙ্ক্ষিত সেই টেস্ট ক্যাপ পেয়ে যেতে পারেন কালই, উইজডেন ট্রফির প্রথম টেস্টে!এই দিনটির জন্য গত ১৪ বছর ধরেই অপেক্ষা করছে বেয়ারস্টো পরিবার। আরও নির্দিষ্ট করে বললেন জনির মা জেনেট। ১৯৯৮ সালে, জনির বয়স যখন মাত্র ৮, বেয়ারস্টো পরিবারে নেমে এসেছিল মহাবিপর্যয়। জেনেট ছিলেন প্রচণ্ড অসুস্থ, আর্থিক সংকটে পড়ে গিয়েছিলেন ডেভিড, মাতাল হয়ে গাড়ি চালিয়ে ধরা পড়েছিলেন পুলিশের হাতে। ছিল আরও কিছু ছোটখাটো সমস্যা। সব মিলিয়ে বিপর্যস্ত ডেভিড বেছে নিলেন আত্মহত্যার পথ। মাত্র ৪৬ বছর বয়সে নিজের বাড়িতে ঝুলে পড়লেন গলায় ফাঁস দিয়ে!বাবার মৃত্যু, এরপর পরিবারের সংগ্রাম—সবই মনে আছে জনি বেয়ারস্টোর। জানালেন টেস্ট ক্যাপটা হবে তাঁর মায়ের কষ্টের স্বীকৃতি, ‘ছোট ছিলাম বলেই হয়তো বাবার মৃত্যু ও এর পরের বিপর্যয়টার সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয়েছে। তবে আমার মায়ের জন্য সময়টা সহজ ছিল না। অনেক অনেক কষ্ট করে সবকিছু আবার স্বাভাবিক করতে হয়েছে। বাবা ইংল্যান্ডের হয়ে খেলেছেন। আমিও যদি সত্যিই টেস্ট ক্যাপ পেয়ে যাই, আমার পরিবারের জন্য এটা হবে দারুণ গর্বের এক মুহূর্ত।’ইংল্যান্ডের হয়ে ছয়টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে ফেলেছেন এর মধ্যেই। গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ২১ বলে অপরাজিত ৪১ করে ম্যাচসেরাও হয়েছিলেন। এবার কাউন্টি মৌসুমের শুরুতেই ইয়র্কশায়ারের হয়ে করে ফেলেছেন দুটি সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটিও। এমন ফর্মের সঙ্গে রবি বোপারার চোট দুয়ার খুলে দিয়েছে তাঁর জন্য।স্বপ্ন পূরণের অপেক্ষা, সেটাও লর্ডসে, বেয়ারস্টো স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত। তবে প্রতিক্রিয়ায় পরিণত মানসিকতার ছাপ, ‘ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলার স্বপ্ন নিয়েই বেড়ে উঠেছি। লর্ডসে হলে সেটা হবে আরও বিশেষ কিছু। তবে দিনটা তো আর সব দিনের মতোই হবে। অন্য প্রান্তে বল হাতে একজন থাকবে, তাকে খেলতে হবে। মারার মতো হলে মারতে হবে, কিংবা ডিফেন্স করতে বা বা ছাড়তে হবে—এই তো!’ এএফপি, ওয়েবসাইট।