স্বপ্নপূরণের কাছাকাছি মার্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালের জানুয়ারি। নিউ ক্যাসেলে পিউরা কাপের ম্যাচে শক্তিশালী নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী এক ব্যাটসম্যান। মুগ্ধ প্রতিপক্ষ অধিনায়ক স্টিভ ওয়াহ ঘোষণা করে দিলেন, ‘এই ছেলে এক দিন টেস্ট খেলবে।’ সিনিয়র ওয়াহর ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হলো সাড়ে আট বছর পর। সেই ছেলে, শন মার্শ টেস্ট খেললেন এবং মুগ্ধ করলেন সবাইকে! মার্শের ‘গুরু’ টম মুডি আর রাজ্য দলের কোচ মিকি আর্থার অনেক দিন ধরেই বলে আসছিলেন, ‘টেস্টের জন্য শন পুরোপুরি প্রস্তুত।’ মুখ রক্ষা হলো তাঁদেরও। বাবার কাছ থেকে ব্যাগি গ্রিন ক্যাপ পাওয়ার পর থেকে সময়টা স্বপ্নের মতোই কাটছে মার্শের। গত রাতটা তবু নির্ঘুম কাটার কথা তাঁর। অভিষেক ইনিংসে ৮৭ রান নিয়ে দিন শেষ ঘুম কি আসে! কুসংস্কারে বিশ্বাস করলে আরও বেশি শঙ্কিত হওয়ার কথা। সেঞ্চুরি থেকে ‘১৩’ রান দূরে দিন শেষ করাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটে মনে করা হয় ‘কুফা!’আলোকস্বল্পতার কারণে ২১.৩ ওভার আগে খেলা বন্ধ না হলে সেঞ্চুরিটা হয়তো কালই পেয়ে যেতেন। অবশ্য মাইক হাসির বিশ্বাস, কোনো কিছুই মার্শকে টলাতে পারবে না। সেই শুরুর দিনগুলো থেকে দেখে আসছেন, মার্শের সামর্থ্যের ওপর তাঁর অগাধ আস্থা। আগের টেস্টে ৯৫ রান করা হাসি নিজেও আছেন সেঞ্চুরির পথে, দিন শেষ করেছেন ৭৬ রানে।৮৭ আর ৭৬ চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দুটি সংখ্যা অবশ্য ৯০ ও ৭! ৭ উইকেট হাতে নিয়ে ৯০ রানের লিড অস্ট্রেলিয়ার। আজ বড় লিড নিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে ছিটকে দিতে চাইবে ক্লার্কের দল। অথচ কালকের সকালটা অন্য রকম বার্তাই দিয়েছিল। আগের দিনের স্কোরেই বিপজ্জনক শেন ওয়াটসনকে ফেরান লাকমল। হিউজ ও ক্লার্কও দ্রুত ফিরে গেলে একপর্যায়ে অস্ট্রেলিয়া রান দাঁড়ায় ৩ উইকেটে ১১৬। সেখান থেকেই মার্শ-হাসির জুটিতে ঘুরে দাঁড়ানো। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ১৪৮ রানের। জুটি ভাঙতে মরিয়া দিলশান নতুন বলে সাঙ্গাকারাকে দিয়ে পর্যন্ত বল করিয়েছেন। লাভ তাতে কিছু হয়নি।নিউ ক্যাসেলের সেই ইনিংসে ৯৩ থেকে মার্ক ওয়াহকে টানা দুটো ছক্কা মেরে সেঞ্চুরি ছুঁয়েছিলেন মার্শ। পরে বলেছিলেন, ‘যত দ্রুত হয়, ততই ভালো। স্নায়ুর চাপকে চড়ে বসতে দিতে চাই না।’ আজও কি করবেন এমন কিছু?সঙ্গীপ্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরির সময় উইকেটে শন মার্শ সঙ্গী পেয়েছিলেন মাইক হাসিকে, টেস্টেও কি তাই হবে?