স্বপ্নপূরণের খুব কাছে খাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকি পন্টিংয়ের সর্বনাশেই উসমান খাজার পৌষ মাস। পন্টিং শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন বলেই তো ইতিহাস গড়ার সুযোগ পেয়ে যাচ্ছেন খাজা। সিডনি টেস্টে কিছু করুন আর না-ই করুন, দলে থাকলেই চলবে। অস্ট্রেলিয়া টেস্ট দলে খেলা প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে লেখা হয়ে যাবে তাঁরই নাম।পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেওয়া এই ক্রিকেটার বেশ কয়েক বছর ধরেই আলোচনায়। অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে দুই বছর ধরেই ধারাবাহিক তাঁর ব্যাট। চলতি শেফিল্ড শিল্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু জাতীয় দলে অভিষেক হচ্ছে-হবে করেও হচ্ছিল না। ইংল্যান্ডে খেলে যাওয়া পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই টেস্টের সিরিজেও দলে ডাক পেয়েছিলেন। চলতি অ্যাশেজের গত টেস্টেও আঙুলে চোট পাওয়া পন্টিংয়ের ‘ব্যাকআপ’ ছিলেন। অবশেষে অপেক্ষার পালা ফুরোচ্ছে। সিঁড়ি বেয়ে স্বপ্নদুয়ারে দাঁড়িয়ে তিনি, কড়া নাড়ার অপেক্ষায়।এবার আর সাংবাদিকেরা জিজ্ঞেস করেনি অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার জন্য তিনি প্রস্তুত কিনা। মেলবোর্ন টেস্টের আগে এই প্রশ্ন করার পর যে উত্তর এসেছিল, ‘আমি ছয় বছর বয়স থেকেই তৈরি আছি।’ এবার অবশ্য ২৪ বছর বয়সী খাজাকে দুটো কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। পন্টিংয়ের জায়গায় খেলবেন, সেটি তাঁর জন্য বাড়তি চাপ কিনা। দ্বিতীয়ত, প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া দলে খেলার তাৎপর্য তাঁর কাছে কতটুকু।প্রথম প্রশ্নটাকে কভার ড্রাইভ করেছেন এই বলে, তিনি মোটেও নিজেকে পন্টিংয়ের শূন্যস্থান পূরণকারী হিসেবে দেখছেন না, ‘রিকি তো একজন কিংবদন্তি। আমি ওর জায়গা পূরণ করতে পারব বলে মনে হয় না। আসলে পন্টিংয়ের শূন্যস্থান পূরণ করতে আসিনি। আমি আমার নিজের মতো করে চেষ্টা করব। চেষ্টা করব দলকে সাহায্য করতে। আশা করছি, আমরা সিরিজে সমতা ফেরাতে পারব।’দ্বিতীয় প্রশ্নটি একদম ‘ডাক’ করে ছেড়ে দিয়েছেন। যদিও তাঁর অভিবাসী বাবা তারিক খাজা মানছেন, অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ই শুধু নয়, অন্যান্য অভিবাসী সব সম্প্রদায়ের জন্যই এটা সুখবর।তিন বছর বয়সে বাবার হাত ধরে পাকিস্তান ছেড়ে আসা খাজা অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলেও খেলেছেন। তাঁর ব্যাটিং টেকনিক নিয়ে উচ্ছ্বসিত নিউ সাউথ ওয়েলস রাজ্য দলের সতীর্থ, ওপেনার সাইমন ক্যাটিচ, ‘ওর ব্যাপারে আমি তো অনেক দিন ধরেই মুগ্ধ। টেকনিকের দিক দিয়ে আমাদের তরুণ ব্যাটসম্যানদের মধ্যে ও অন্যতম সেরা।’ক্যাটিচ শুধু নন, খাজায় মুগ্ধ তাঁর ‘পূর্বসূরি’ পন্টিংও, ‘উসমানের সবকিছুতেই আমি মুগ্ধ। ওর ফার্স্ট ক্লাস রেকর্ডও (৫১.৭০ গড়) তো খুবই ভালো।’এত প্রশংসা, এত স্তুতি, ইতিহাসের হাতছানি, এসব কি চাপ হয়ে যাবে তাঁর জন্য? খাজার উত্তর, ‘এটাই তো টেস্ট ক্রিকেট!’ এএফপি, ওয়েবসাইট।