স্বপ্নপূরণের দুয়ারে শেখ রাসেল
২০০৩ সালে ঢাকার শীর্ষ লিগে আবির্ভাবের পর কখনো লিগ শিরোপার মুকুট পরতে পারেনি শেখ রাসেল ক্রীড়াচক্র। আজ শেখ জামালের সঙ্গে জিতলে তো বটেই, ড্র করলেও হয়ে যাবে সেই স্বপ্নপূরণ। আজ হারলেও রাসেলের শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে যাবে না। ৫ মে শেষ ম্যাচে ফেনী সকারের বিপক্ষে জিতলেও চ্যাম্পিয়ন। লিগ শিরোপাটা এই মৌসুমের সেরা দল শেখ রাসেলই জিতছে, এটা তাই একরকম নিশ্চিতই হয়ে গেছে। শেষ দুই ম্যাচেই হেরে যাওয়ার মতো অভাবনীয় ঘটনা ঘটলে অবশ্য ভিন্ন কথা। ১৪ ম্যাচে রাসেলের পয়েন্ট ৩২, শেখ জামালের ২৮। ১৫ ম্যাচে আবাহনীর ২৯। ১৬ ম্যাচের লিগে এখনো অনেক কিছুই ঘটতে পারে। তবে আশা বাঁচিয়ে রাখতে আজ জিততেই হবে শেখ জামালকে। আগের ম্যাচেই যারা ফেনীতে গিয়ে সকারের কাছে হেরে শিরোপার রাস্তা থেকে একটু ছিটকেই পড়েছে। এ বছর ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ দুটি টুর্নামেন্টই জিতেছে রাসেল। লিগ জিতলে ‘ট্রেবল’ জয়ই হয়ে যায়। তবে বাংলাদেশে প্রতি বছর নিয়মিত তিনটি টুর্নামেন্ট হয় না। তাই ‘ট্রেবল’ শব্দটা ঠিক বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সঙ্গে মানানসই হচ্ছে না।তা না হোক, মৌসুমের তিনটি টুর্নামেন্টই জেতা যেকোনো দলের জন্যই বিশাল এক অর্জন। শেখ রাসেলের সব আকাঙ্ক্ষা ছিল আসলে লিগ ঘিরেই। বাকি দুটি টুর্নামেন্ট জয়কে তারা দেখছে বোনাস হিসেবে। দলের কোচ মারুফুল হক এই শিহরণ জাগানো সময়ে দাঁড়িয়েও ধীরস্থির। শেখ জামালের বিপক্ষে ম্যাচের আগে বলছেন, ‘লিগ জেতাটাই আমাদের আসল লক্ষ্য ছিল। কোনোরকম আবেগ নয়, অন্য ম্যাচগুলোর মতোই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব।’বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ম্যাচ। উৎসবের আয়োজন কী করে রেখেছে শেখ রাসেল? ক্লাব সভাপতি নুরুল আলম চৌধুরী বললেন, ‘আগে তো লিগটা ঘরে তুলি। তারপর যা করার করব।’