স্বপ্নপূরণের পথে আরেক ধাপ
বাড়ির লাগোয়া স্টেডিয়াম। বিকেল না হতেই সেটির সবুজ মাঠ টেনে নিয়ে যায় নাঈমকে। সারা দেশে যখন ক্রিকেটে পাগল, তখন তার ধ্যান-জ্ঞান ফুটবল। স্যাটেলাইট আর ইন্টারনেটের যুগে মেসি-রোনালদো-নেইমাররা পৌঁছে গেছেন ইউরোপ ছাড়িয়ে গোপালগঞ্জেও। মুগ্ধ নাঈম তাঁদের খেলা দেখে। তবে তার আদর্শ মেসি-রোনালদোরা নন, বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার জাহিদ হোসেন! জাহিদের মতো নাঈমও মিডফিল্ডার। একদিন জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে সেও। কে জানে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে প্রশিক্ষণ নিয়ে আসার পর হয়তো সেই সুযোগটা এসেই যাবে!
নাহ্, নাঈম ম্যানচেস্টারে যাবে এটা নিশ্চিত হয়নি এখনো। তবে সেই পথে সে অনেক দূর এগিয়ে গেছে। নাঈম এবং তার মতো আরও অনেক কিশোরের এই স্বপ্নপূরণের উদ্যোগটা দেশের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশের। বিশ্বের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সহযোগিতায় ২০১২ সাল থেকে তারা আয়োজন করছে ‘এয়ারটেল রাইজিং স্টারস’ কর্মসূচি। আয়োজনের প্রথম বছরে ১২ জন কিশোর ফুটবলার সুযোগ পেয়েছিল ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে এক সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণের, দেখা পেয়েছিল তাদের প্রিয় ফুটবলারদের, অনুপ্রেরণা পেয়েছিল স্বপ্ন সত্যি করার। সেই ধারাবাহিকতায় এবারও প্রাথমিকভাবে ১২০ জন কিশোর ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য। নির্বাচিত হওয়ার আগে তারা নিজ নিজ কেন্দ্র কিংবা জেলা দলের হয়ে খেলেছে এয়ারটেল আয়োজিত নকআউট টুর্নামেন্টে। সেই সব টুর্নামেন্ট থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত কোচরা বেছে নিয়েছেন গড়ে ৬ জন করে সেরা ফুটবলার। সব মিলিয়ে ১২০ জনের ঠিকানা হয়েছে বিকেএসপি। এখানে আজ থেকে শুরু প্রশিক্ষণপর্ব শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ১২ জন যাবেন ম্যানচেস্টারে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য। বিকেএসপিতে প্রশিক্ষণ দিতেও উড়ে আসছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দলের কোচরা।
নাঈমের মতোই বিএসএসপির প্রশিক্ষণে সুযোগ পেয়েছে টাঙ্গালাইলের সূতি ভিএম পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের দুই সহপাঠী নাহিদ ও মামুন, সিরাজগঞ্জের রকিবরা। এয়ারটেল রাইজিং স্টারের প্রথম আসরে অংশ নিলেও সেবার জেলা পর্যায়েই বাদ পড়ে গিয়েছিল নাহিদ। কিন্তু হাল না ছেড়ে আরও বেশি পরিশ্রমের পুরস্কার পেয়েছে সে এবার। বাবা মারা যাওয়ায় মাত্র ১৫ বছর বয়সেই সংসারের দায়িত্ব এসে পড়েছে মামুনের কাঁধে। কিন্তু সব দায়িত্ব সামলাতে গিয়ে নিজের পড়াশোনা আর ফুটবলপ্রেমের সঙ্গে আপস করেনি মামুন। গত বছর জেএসসি পরীক্ষার কারণে বাছাইপর্ব পুরোটা খেলতে না পারলেও অদম্য উৎসাহে এবার ঠিকই বিকেএসপিতে জায়গা করে নিয়েছে রকিব।
স্বপ্নপূরণের পথে কোনো কিছুই কি আর বাধা হয়ে দাঁড়াতে পারবে এসব কিশোরের সামনে?