স্বপ্নবাজ জংয়ের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতির কাঁটাতার মাঝখানে বিভেদরেখা টেনে দেয় একই ভাষা আর সংস্কৃতির মানুষের মাঝে। দু দিন আগে যারা ছিল আত্মার আত্মীয়, একদিন অবাক বিস্ময়ে আবিষ্কার করতে হয়, তারাই দুটি ভিন্ন দেশের বাসিন্দা। যেমনটা ঘটেছিল কোরিয়ার বেলায়, ১৯৪৮ সালে।দুই কোরিয়ার অনেকেই নিশ্চয়ই এখনো স্বপ্ন দেখে উঠে যাবে সীমান্তের এই কাঁটাতার। জং তে-সে সেই স্বপ্নবাজদের একজন। কিন্তু খেলার পাতায় রাজনীতি কেন?কারণ জং নিজে একজন ফুটবলার। তবে এই পরিচয়ের গণ্ডিতে নয়, ‘এশিয়ার ওয়েইন রুনি’ নামে পরিচিত এই ফরোয়ার্ড নিজেকে পরিচয় করিয়ে দিতে চান একজন কোরীয় হিসেবে। শুধু কোরীয়, তাতে উত্তর বা দক্ষিণের সীমারেখা নেই। থাকবে কেন? জংয়ের মা একজন দক্ষিণ কোরীয়। বাবা উত্তরের। আর জং? তিনি নিজে জন্মেছেন জাপানে!কিন্তু চাইলে তো আর তিন দেশের হয়ে খেলা সম্ভব নয়। তাঁকে একটি দেশকেই বেছে নিতে হতো। জং বেছে নিয়েছেন খর্বশক্তির উত্তর কোরিয়াকে। ‘কারণ, শেষ পর্যন্ত নিজেকে আমার একজন উত্তর কোরীয়ই মনে হয়’—বাবার দেশের হয়ে খেলার ব্যাখ্যা দিয়েছেন এই ২৫ বছর বয়সী।জংকে বলা হচ্ছে, আগামী বিশ্বকাপের ছোট দলের বড় তারকাদের একজন। বহির্বিশ্বের কাছে নিজেদের গুটিয়ে রাখা সমাজতান্ত্রিক উত্তর কোরিয়া সম্পর্কে খুব কমই জানে মানুষ। যেমন পাঁড় ফুটবল অনুসারীর কাছেও অনেকটাই অচেনা তাদের ফুটবল দল। কিন্তু সেই অচেনা আঁধারেও উজ্জ্বল একজন—জং তে-সে।জং খেলেন জাপানের শীর্ষস্থানীয় ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলে। পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই আছেন টোকিওর পার্শ্ববর্তী শহরের ক্লাবটিতে। আন্তর্জাতিক মঞ্চে তিনি নজর কাড়েন ২০০৮ সালের পূর্ব এশীয় চ্যাম্পিয়নশিপে। চূড়ান্ত পর্বে তিন ম্যাচে দুই গোল করেছিলেন। তখন থেকেই তাঁকে ঘিরে জাপান আর দুই কোরিয়ার মিডিয়ার তুমুল আগ্রহ।জং চান এবার তাঁকে চিনুক গোটা বিশ্ব। ইউরোপের নামী কোনো ক্লাবে খেলার স্বপ্ন দেখেন। সেই স্বপ্নদুয়ারের চাবি তাঁকে এনে দিতে পারে আগামী বিশ্বকাপ। ‘স্ট্রাইকার হিসেবে আমার তো প্রতি ম্যাচেই গোল করা উচিত। কোনো প্রতিপক্ষই সহজ নয়। তাই ওদের বিপক্ষে গোল করতে পারলে আন্তর্জাতিক স্ট্রাইকার হিসেবে সুনাম ছড়িয়ে পড়বে আমার’—নিজের লক্ষ্যের কথা বলেছেন জং।তবে শুধু নিজের জন্যই ভাবছেন—এতটা স্বার্থপর তিনি নন। ১৯৬৬ বিশ্বকাপে সর্বশেষ খেলেছিল উত্তর কোরিয়া। তাদের আগের একমাত্র বিশ্বকাপ। এবং প্রথম ওই আসরেই সবাইকে চমকে দিয়ে তারা উঠে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। এবার ব্রাজিল, আইভরিকোস্ট আর পর্তুগালের মতো প্রতিদ্বন্দ্বীদের নিয়ে ‘গ্রুপ অব ডেথে’ পড়েছে বলে অনেকেরই ধারণা, গ্রুপ পর্ব পেরোনোই শক্ত হবে তাদের জন্য। কিন্তু সতীর্থদের এসব কথায় কান না দেওয়ার পরামর্শ তাঁর।‘আমাদের প্রথম লক্ষ্য হবে গ্রুপ পর্ব পেরোনো। গ্রুপটা কঠিন পড়েছে। কিন্তু আমরা যদি বিশ্বাসই করতে না পারি যে আমরা জিতব, তাহলে তো আমাদের পক্ষে জেতা হবে না। আর আমরা যদি বিশ্বাস করি আমরা পারব, তবেই আমরা পারব।’জং আসলেই স্বপ্নবাজ! ওয়েবসাইট।