স্বপ্নভঙ্গের আগে আশাই ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই উইকেটে রান তাড়া করাই বুদ্ধিমানের কাজ হবে। এটা রান তাড়া করার উইকেট’—কে বলেছেন বলা যাবে না। তবে এশিয়া কাপের ফাইনালের আগের দিন এই ভবিষ্যদ্বাণী যিনি করেছেন, উইকেট সম্পর্কে তাঁর কথাই হওয়া উচিত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য।কাল বাংলাদেশ দল দলও হয়তো সেটাই ভেবেছিল। টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠালেন অধিনায়ক মুশফিকুর রহিম। পাকিস্তানের ২৩৬ রান তাড়া করে প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ। শেষটা হলো না দুর্ভাগ্যের কারণেই।ফাইনালে হেরে গেলেও বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস হয়ে থাকবে ২০১২ এশিয়া কাপ। উপমহাদেশের দ্বিতীয় সেরা দল বাংলাদেশ—এটাও তো কম পাওয়া নয়। তামিম ইকবালের টানা চতুর্থ ফিফটি (৬০), সাকিব আল হাসানের আরও একবার আশার পাপড়ি মেলে ধরা। তবে তারও আগে কাজটা সহজ করে দিয়েছিলেন বোলাররা। মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদরা দারুণ ফর্মে। সঙ্গে শহীদ আফ্রিদির কিছু করে দেখানোর ক্ষুধা। বাংলাদেশের বোলিংয়ের সামনে ব্যাট হাতে দাঁড়ানো প্রতিপক্ষ কঠিনই ছিল। কিন্তু বাংলাদেশ তো এখন আর এক-দুজনের দল নেই যে, সেটি সামলেই অন্যদের সিঁড়ি বানিয়ে ওপরে উঠে যাবে পাকিস্তান। গত দুই ম্যাচে জয় এনেছে সাকিব-তামিম-নাসিরদের সম্মিলিত ব্যাটিং। কাল যৌথ খামারে সাফল্য আনলেন বোলাররাও।বোলিংয়ের কথা বললে এশিয়া কাপের সবচেয়ে বড় বিস্ময়ের নাম বোধহয় মাশরাফি বিন মুর্তজা। হাঁটুতে সপ্তম অস্ত্রোপচারের পর প্রায় এক বছর মাঠের বাইরে কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরেছেন মাশরাফি। ফিরেছেন আলোর ঝলকানি হয়ে। মাশরাফির বোলিংয়ের সবচেয়ে বড় গুণ নিয়ন্ত্রিত লাইন-লেংথ। এক বছরে সেটা একচুলও এদিক-সেদিক হয়নি। কাল নাসির জামশেদকে মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়ে প্রথম ব্রেক থ্রুটাও এনে দিলেন। শেষ দিকে নিয়েছেন উমর গুলের উইকেট।বাংলাদেশ দল ফাইনালে ওঠার পর থেকেই গোটা দেশ শিরোপার স্বপ্নে বুঁদ। পাকিস্তানকে হারানোর প্রতিজ্ঞা সবার মধ্যে। ফাইনালের আগের দিন অধিনায়ক মুশফিকুর রহিমও বলেছিলেন, এত দূর এসে ফিরতে চান না। কাল স্টেডিয়ামে আসা প্রত্যেক দর্শকের একটাই আশা ছিল—জয় নিয়ে ঘরে ফিরবেন। শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ চাদরে শিরোপা জয়ের ‘ল্যাপ অব অনার’ দেখবেন বাংলার দামাল ছেলেদের।পাকিস্তান ইনিংসের শুরু থেকেই স্বপ্নটা একটু একটু করে সত্যি মনে হচ্ছিল। ১৬ রানে প্রথম উইকেটের পতন, ১৯ রানে দ্বিতীয়, ৫৫ রানে তৃতীয়, ৭০ রানে চতুর্থ—এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারত? নাসির জামশেদ ফিরে যাওয়ার পর নাজমুলের বলে এলবিডব্লু ইউনুস খান। অধিনায়ক মিসবাহ-উল-হক রানআউট। রাজ্জাকের বলে হাফিজ ক্যাচ দিলেন নাজমুলের হাতে। যেন দৃশ্যের পর দৃশ্য মঞ্চস্থ হয়ে যাচ্ছিল শিরোপা জয়ের চিত্রনাট্য!উমর আকমল-হাম্মাদ আযমের পঞ্চম উইকেট-জুটির দেওয়ালটা ছিল ক্ষণস্থায়ী। পেসারদের শুরু করে দেওয়া সাফল্যধারায় হাত লাগালেন স্পিনাররা। সাকিবের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান হাম্মাদ। তবে আতঙ্কের কারণ হয়ে ছিলেন আফ্রিদি। এশিয়া কাপে বড় কিছু পাওনা হয়ে দাঁড়িয়েছিল তাঁর কাছে। ২২ বলে ৩২ রানের ইনিংসে সে রকম কিছু দেওয়ার আভাসও ছিল। শেষ পর্যন্ত হলো না সাকিবের কারণে। না, শুধু সাকিব নন, লংঅফ থেকে দৌড়ে এসে যে রকম উড়ন্ত ডাইভে ক্যাচটা নিলেন নাসির হোসেন, আফ্রিদির উইকেটের অর্ধেক কৃতিত্ব তাঁকেই দিতে হবে। এশিয়া কাপে আরেকটা ইতিবাচক দিকের ‘ট্রেলার’ বলতে পারেন নাসিরের ওই ক্যাচটাকে। সাকিব-মাশরাফির মতো ২ উইকেট পেয়েছেন আবদুর রাজ্জাকও। ১ উইকেট করে নাজমুল-মাহমুদউল্লাহর। উমর আকমলকে কটবিহাইন্ড করে টুর্নামেন্টে কালই প্রথম উইকেট পাওয়া সহ-অধিনায়কও একটা অবদান রাখলেন বল হাতে। বোলাররা তাঁদের কাজ করেছেন। শিরোপা-সাফল্যের ছবিটা আঁকতে দলের দুই ব্যাটিং-স্তম্ভ তামিম ও সাকিব রেখেছেন বড় ভূমিকা। কিন্তু সাকিবের বিদায়ের পরে হঠাৎ করেই যে জয়ের ছবিটা দূরে সরে গিয়েছিল, সেটিকেই কাছে নিয়ে এলেন ব্যাটিংয়েও স্বরূপে ফেরা মাশরাফি। তবে বেশির ভাগ সময়েই স্বপ্নের সঙ্গে যেন বাস্তবের একটা আড়ি থাকে। সেটাই ঘটল। ১৬ কোটি মানুষের হূদয় ভেঙে জয়টা ধরা দিল পাকিস্তানের হাতে। কাল স্বপ্ন আর বাস্তব, আনন্দ আর বেদনা, প্রাপ্তি আর বঞ্চনা থেকে গেল খুব কাছাকাছি।