স্বপ্নময় রাতে নতুন স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা ৩-১। মেসির দল তৃতীয় গোলটা করে ফেলল এই মাত্র। ভরা গ্যালারির উচ্ছ্বাসের শব্দতরঙ্গ ছড়িয়ে পড়ছে চারপাশে। প্রেসবক্সে লাগছে এর ধাক্কা। এ তো নতুন এক রাত!বিকেল চারটা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢোকার পরিবেশটা বেশ গোছানো লাগল। আহা রে, ঘরোয়া ফুটবল কখনো তো এই ছিমছাম রূপটা দেখেনি। এক আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ সবই বদলে দিয়ে গেল। কিছু সময়ের জন্য সব যেন অচেনা। সেই প্রেসবক্স, সেই গ্যালারি, সেই ভিআইপি বক্স। শূন্যতা নিয়ে কাটে বছরের বেশির ভাগ দিনই। অন্তত এই একটা রাত হোক না আলাদা!বিরতির সময় কাজী সালাউদ্দিনের চোখেমুখে তৃপ্তির ছাপ। তৃপ্তি এই জন্য যে, তাঁর একটা স্বপ্ন পূরণের রাত এটি। বাফুফের সভাপতির চেয়ারে বসে হাজারো ঝড়ঝাপটা পেরিয়েছেন। ঢাকায় এনেছেন সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। সেই তৃপ্তি খেলা করল তাঁর মুখে, ‘আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে।’তবে স্বপ্নবিলাসী সালাউদ্দিন এটা আরও একবার বলতে ভুললেন না, ‘সামনে আরও আছে। এটা তো কেবল শুরু। আমি আরও অনেক কিছু করতে চাই।’ সবকিছুর আগে খেলা কেমন দেখছেন জানতে চাওয়া। এর উত্তরে সাবেক তারকা, ‘দেখা কী দেখছি, বুঝতে পারছি না। খেলা তো ঘোলা দেখছি!’ বাকিটা আর বলার দরকার নেই। পরশু ভোর পর্যন্ত বাফুফে ভবনে ছিলেন। হাজারো সমস্যার সমাধান দিয়ে কিছু সময়ের জন্য গেছেন বাসায়। ক্লান্তির কাছে হার মানেননি, তবে চাইলেও কি সেটি লুকানো যায়?দৃশ্যমান আরও অনেক কিছুই। এবং সবই ইতিবাচক। এই যে ঝকঝকে মাঠ, ঝকঝকে ড্রেসিংরুম...এসব তো বাংলাদেশের ফুটবলারদের কাছে সোনার হরিণ! এটা ঠিক, আর্জেন্টিনা-নাইজেরিয়া বাংলাদেশে খেলে যাওয়া মানে সব বদলে যাবে না। তবে এই যে অমূল্য কিছু সময় কাটল স্টেডিয়ামে, তার জন্য স্বপ্নচারী হতে বাধা কোথায়?জাতীয় দলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য মাঠে এসেছেন চারটার কিছু পর। বাফুফে ভবন থেকে আসতে আসতে চোখে আঁকছিলেন রঙিন স্বপ্ন, ‘আমাদের ঘরের মাঠে আর্জেন্টিনা-নাইজেরিয়ার মতো দল খেলছে, বিশ্বাস করতে পারছি না। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ফোনে তাঁর গলায় আরও উচ্ছ্বাস, ‘অসাধারণ লাগছে। মনে হচ্ছে, আর্জেন্টিনা হোমগ্রাউন্ডে খেলছে। এটি আমাদের ফুটবলে নতুন দিগন্তের সূচনা। সারা বিশ্ব বাংলাদেশ সম্পর্কে জানবে। উফ, কী যে আনন্দ লাগছে, ভাষায় প্রকাশ করা কঠিন।’কালকের দিনটা আসলে বাংলাদেশের ফুটবলের জন্যই ভাষা হারানোর দিন। ম্যাচ শেষে ‘ওলে ওলে’ গানের উচ্চ স্বর চারপাশটাকে আরও উৎসবমুখর করে তুলল, মাঠ ছেড়ে যাওয়া দর্শকেরা ফিরল স্বপ্ন নিয়ে। এরপর হয়তো ব্রাজিলকেও দেখা সম্ভব এই মাঠে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজের কণ্ঠে সেই আশাবাদ, ‘আমরা যেভাবে এই ম্যাচটা আয়োজন করলাম, তাতে আশাটা আরও অনেক বেড়ে গেছে। স্টেডিয়ামে নিজেকেই বিশ্বাস করাতে পারছিলাম না, এ কোথায় এলাম! এত সুন্দর পরিবেশ। দারুণ, দারুণ।’প্রেসবক্সে কিছু অব্যবস্থাপনা ছিল। জাতীয় খেলোয়াড়েরা খেলা দেখতে এসে ‘কোথায় বসবেন’ এই বিড়ম্বনায় পড়েন। তারপরও দারুণ শব্দটা সবার মুখেই। আয়োজক, খেলোয়াড়, কর্মকর্তা—কে নেই এই দলে। সাবেক ফুটবলার গোলাম গাউস ম্যাচ দেখতে দেখতে বলছিলেন, ‘এই ম্যাচ ১০ হাজার টাকা কেন, এর চেয়েও বেশি টাকা দিয়ে দেখা উচিত। টাকা মানুষ জীবনে অনেক রোজগার করবে। কিন্তু এই জীবনে চোখের সামনে মেসিকে দেখার সুবর্ণ সুযোগ তো সব সময় আসবে না। তাই ম্যাচ দেখতে চলে এলাম।’কথাগুলো শুনতে শুনতে ঘোরের মধ্যে যাওয়ার অবস্থা হলো। কিন্তু ঘোর নয়, এ তো বাস্তব! রঙিন একটা রাত উপহার দিয়ে স্বপ্নটাকে উসকেই দিয়ে গেলেন মেসিরা। জয়তু মেসি!