
সুখস্বপ্ন সব সময়ই তৃপ্তিকর। ঘুমঘোর কেটে গেলেও সেটার রেশ থেকে যায়। কোস্টারিকা এখন মনে হচ্ছে সেই স্বপ্নের ঘোরেই আছে। ভয়ে যেন নিজেদের গায়ে চিমটিও কাটছে না, পাছে হঠাৎ করে সেই স্বপ্নটা শেষ হয়ে যায়!
বিশ্বকাপ ড্রয়ের পর গ্রুপ অব ডেথ বলা হচ্ছিল গ্রুপ ‘ডি’-কে। তিন সাবেক চ্যাম্পিয়ন ইতালি, ইংল্যান্ড, উরুগুয়ে এক গ্রুপে। তিন সাবেক চ্যাম্পিয়নের কার কপাল পুড়বে, সেটা নিয়ে কত জল্পনা-কল্পনা। কোস্টারিকা নামের একটা দল যে আছে, সেটা অনেকেই ভুলে গিয়েছিল। যাদের মনে ছিল, তারাও কোনো দ্বিধা না করেই বাতিলের খাতায় ফেলে দিয়েছিল মধ্য আমেরিকার দেশটিকে। কোস্টারিকাকে কত গোল করে দিলে কার কী সুবিধা হবে—সেটা নিয়েও কম হিসাব-নিকাশ হয়নি। সেই কোস্টারিকা গ্রুপ ‘ডি’ থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। উরুগুয়েকে হারানোটা যারা অঘটন ভেবেছিলেন, তাঁদের ভুল প্রমাণ করার জন্যই যেন পরশু ইতালিকে হারালেন রুইজরা।
২৪ বছরের মধ্যে প্রথমবার নকআউট পর্বে চলে গেল কোস্টারিকা। কোচ হোর্হে লুইস পিন্টো স্বপ্নের পরিধিটা আরও বড় করলেন, ‘জয়টা আমাদের দ্বিতীয় রাউন্ডে তুলে দিয়েছে। আমরা দারুণ আনন্দিত। তবে আমরা এখানেই থামতে চাই না। এটা তো কেবল শুরু।’ পিন্টোর কাছে জয়টা আরও বেশি মহিমান্বিত প্রতিপক্ষ ইতালি বলেই, ‘ইতালির ঐতিহ্য ও ব্যক্তিগত প্রতিভা হিসাব করলে ওদের সঙ্গে খেলা সহজ নয়। আমি ফুটবল সম্পর্কে যা জানি তার অনেকটুকুই ইতালির ফুটবল অনুসরণ করেই।’
ইতালি-বধের কোন মন্ত্রটা জপে দিয়েছিলেন শিষ্যদের? পিন্টো জানাচ্ছেন, ‘আমরা পিরলোকে বোতলবন্দী করে রাখতে চেয়েছিলাম। তবে আমি বাড়িয়ে বলছি না, আমি সত্যিই বিশ্বাস করি আমাদের রক্ষণ আজ নিখুঁত খেলেছে।’ এমন অবিশ্বাস্য অর্জনে খেলোয়াড়দের মাথা ঘুরিয়ে যাওয়াই স্বাভািবক। পিন্টো তাই মনে করিয়ে দিলেন, ‘আমাদের শান্ত থাকতে হবে। এই জয়টা তো উদ্যাপন করতে হবেই, কিন্তু মাথায় রাখতে হবে সামনে ম্যাচ আছে।’
৫১ হাজার বর্গমাইলের ছোট্ট একটা দেশ, লোকসংখ্যা ৫০ লাখও নয়। এমন একটা দেশ থেকে অভাবনীয় এই অর্জন ভাসিয়ে নিয়ে যাচ্ছে কোস্টারিকার জয়ের নায়ক ব্রায়ান রুইজকে, ‘এই মুহূর্তটার কথা আমরা শুধু কল্পনাই করেছি। যদিও অনেকেই আমাদের ওপর আস্থা রাখতে পারেনি। নিজেদের চেয়ে শক্তিশালী দলকে টপকে আমরা পরের পর্বে গেছি, এটা স্বপ্নপূরণ হওয়ার মতো। যারা আমাদের ওপর আস্থা রেখেছিল, তাদের ধন্যবাদ। আমাদের দেশটা এত ছোট, সেটা হিসাব করলে আমরা তো অসাধারণ কিছুই অর্জন করেছি।’ এএফপি, ওয়েবসাইট।