স্বপ্নে বিভোর ক্লার্ক
নভেম্বর-ডিসেম্বরে তিনটি টেস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্ট ডিসেম্বর-জানুয়ারিতে। ফেব্রুয়ারি-মার্চে চার টেস্টের সিরিজ ভারতে, এরপরই পিঠাপিঠি দুটি অ্যাশেজ সিরিজে ১০ টেস্ট ইংল্যান্ডে ও দেশের মাটিতে। সব মিলিয়ে ১৫ মাসের মধ্যে ২০ টেস্ট! মাইকেল ক্লার্কের কাছে এটি ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর সময়টাকে কাজে লাগাতে চান বড় একটা স্বপ্নপূরণে—টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার! নেতৃত্ব পাওয়ার দিনটি থেকে এই স্বপ্নের কথা বলে আসছেন। টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া এখন তিনে (১১৬), দুইয়ে থাকা ইংল্যান্ডের চেয়ে ১ আর শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে ৪ রেটিং পয়েন্টে। ক্লার্কের স্বপ্নপূরণ এখন আর দূরের পথ নয়। স্বপ্নছোঁয়ার সম্ভাবনায় দারুণ রোমঞ্চিত অস্ট্রেলিয়ান অধিনায়ক, ‘আমার কোনো সংশয়ই নেই যে অস্ট্রেলিয়া শীর্ষে ফিরবে। সামনের ১২-১৫ মাস সময় দারুণ রোমাঞ্চকর, আমার ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমি এটা নিশ্চিত করতে পারি, অন্তত পরিশ্রম আর চেষ্টার ঘাটতির কারণে অস্ট্রেলিয়া ব্যর্থ হবে না।’ওয়ার্ন-ম্যাকগ্রা-গিলক্রিস্ট-হেইডেন-ল্যাঙ্গারদের বিদায়ের ধাক্কায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটে এখন নতুন দিনের গান। ওয়ার্নার-কামিন্স-প্যাটিনসনরা দলে এনেছেন নতুন প্রাণের জোয়ার। শেন ওয়াটসনের মতো অপরিহার্য একজনকে ছাড়াই ভারতকে ৪-০-তে উড়িয়ে দিয়েছে ক্লার্কের অস্ট্রেলিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ৩ টেস্টের সিরিজ জিতে এসেছে ২-০-তে। অধিনায়কের ভরসার ভিত্তি সাম্প্রতিক এই ফর্মই, ‘ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আমাদের শুরুটা হয়েছে দারুণ। সেই সাফল্যকে ভিত্তি করে আমরা এগিয়ে যেতে চাই। তরুণ এই দলটার জন্য অপেক্ষা করছে খুব রোমাঞ্চকর সময়।’এক নম্বরে ওঠার মতোই ক্লার্কের আরেকটা কঠিন চ্যালেঞ্জ অ্যাশেজ অস্ট্রেলিয়ায় ফিরিয়ে আনা। এ বছরের লন্ডন অলিম্পিক আর ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের কারণে আগামী বছর ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে দুটি অ্যাশেজ। বছরের মাঝামাঝি ইংল্যান্ডে আর শেষে অস্ট্রেলিয়ায়। তবে ওই চ্যালেঞ্জ নিয়ে এখন ভাবতে চান না ক্লার্ক। ভাবনায় আপাতত দক্ষিণ আফ্রিকা, ‘দক্ষিণ আফ্রিকার মতো কঠিন এক প্রতিপক্ষ অস্ট্রেলিয়ায় আসছে, আমাদের দৃষ্টি সেদিকেই। ইংল্যান্ডে গিয়ে খেলা সব সময়ই কঠিন, পরপর দুটি অ্যাশেজ মিলিয়ে সামনের ১৫ মাস খুব রোমাঞ্চকর। তবে দক্ষিণ আফ্রিকা বিশ্বের সেরা দলগুলোর একটি। মনোযোগ ধরে রাখা এবং খুব দূরে দৃষ্টি না দেওয়া তাই গুরুত্বপূর্ণ।’ এএফপি।