স্বপ্নের এমন করুণ মৃত্যু!
এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের আগের দুই ম্যাচের খবর জেনে থাকলে এই স্কোরলাইনটা আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে।অবিশ্বাস্যই। মাঝে মাঝে ফুটবল মাঠে এমন হতে পারে ভেবে সান্ত্বনা খোঁজা যায়, তবে এই স্কোরলাইন সেই সান্ত্বনাও দিতে পারে না। এটি কল্পনারও অতীত। এটি সব হিসাব-নিকাশের ঊর্ধ্বে।৬ মিনিটে গোল খেল বাংলাদেশ, ৩৬ মিনিটে গোল বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখলেন গোলরক্ষক আমিনুল। সেই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকে বাংলাদেশের এক ডিফেন্ডারের মাথায় লেগে দ্বিতীয় গোল, তারপর ৭৯ মিনিটে তৃতীয় গোল। ০-৩ গোলে শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়ে চ্যালেঞ্জ কাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটাকে কলম্বোর সমুদ্র তীরে ডুবিয়ে দিল বাংলাদেশ দল। অন্তত ৪-৫ গোলের জয় প্রয়োজন ছিল এই ম্যাচে এবং সেই সামর্থ্য বাংলাদেশের ছিল বলেই সাধারণ বিশ্বাস। সেই ম্যাচেই কি না টুর্নামেন্টে সবচেয়ে বাজে দিনটা কাটল। এখন তো বাংলাদেশ শিবিরে বিস্ময় আর মাতম, হায়, এ কেমন সমাপ্তি!গোটা দল খেলল ছন্নছাড়া আর কুিসত ফুটবল। কিছুই হারানোর নেই ভেবে খেলতে নামা শ্রীলঙ্কানরা সেটি কাজে লাগাল ষোলআনা। ভালো খেলে জয়—এই প্রশংসা তাদের প্রাপ্যই।তাজিকদের ২-১ গোলে হারিয়ে চমক দেওয়া বাংলাদেশ, কিংবা মিয়ানমারের কাছে ১-২ গোলে হেরেও ভালো খেলার প্রশংসা পাওয়া বাংলাদেশ কাল মাঠে ছিল না। ছিল পাড়ার টিম!রক্ষণই ছিল সর্বনাশের মূল। তবে মাঝমাঠও দুটি পাস ঠিকমতো বাড়াতে পারেনি। স্ট্রাইকাররাও তথৈবচ, পোস্টে তাদের একটা ভালো শট পর্যন্ত নেই। টানা ম্যাচ গোলবিহীন কাটালেন এক নম্বর স্টাইকার জাহিদ হাসান (এমিলি)। আমিনুল লাল কার্ড দেখার পর এনামুলকে তুলে পাঠানো হলো বিপ্লবকে। সেই বিপ্লব পোস্টের নিচে দাঁড়াতে না দাঁড়াতেই গোল। কী অ্যান্টি ক্লাইমেক্স! ওয়ালি ফয়সালের মতো ডিফেন্ডার কাল যেভাবে প্রতিপক্ষ স্ট্রাইকারকে বল বানিয়ে দিলেন গোল করার জন্য, কোনো হূদরোগী তা দেখলে কী হতো বলা যায় না। তাঁকে কাটানোরও চেষ্টা করেননি শ্রীলঙ্কান স্ট্রাইকার ইজাদিন। ওয়ালি বল ক্লিয়ার করা দূরে থাক, আলতো টোকায় নিজেদের পোস্টের দিকেই ফাঁকা জমিতে বল ঠেললেন, ইজাদিন ভুল করেননি। আমিনুলের পাশ দিয়ে গড়ানো শট, গোল। বলা ভালো, গোল উপহার পেল শ্রীলঙ্কা।দ্বিতীয় গোলও তাই। এবার ভুল করে বিপদ ডেকে আনা ডিফেন্ডারের নাম নাসিরউদ্দিন, যার পরিচয় আসলে স্ট্রাইকার। দুই হলুদ কার্ডের খাড়ায় খেলতে না পারা রেজাউলের জায়গায় মামুন মিয়াকে বসিয়ে রেখে নাসিরউদ্দিন! যিনি রক্ষণকাজে মোটেও অভ্যস্ত নন মনে হলো। বলতেই হচ্ছে, এই ভুল সিদ্ধান্তই পরাজয়ের একটা বড় কারণ।মাঝমাঠে প্রথমে ভুল পাস ছিল শাকিলের, রক্ষণে নাসিরউদ্দিনের আয়ত্তেই ছিল বলটা সহজে ক্লিয়ার করার। কিন্তু তাঁর অক্ষমতা বা গাছাড়া মনোভাবে গোল খেয়ে বাংলাদেশ দল দেখল, এ ম্যাচ শ্রীলঙ্কার হাতের মুঠোয়। বিয়োগান্তক ব্যাপার হলো, শ্রীলঙ্কান ফরোয়ার্ড কিয়াজ মোহাম্মদকে গোলবঞ্চিত করতে আমিনুল বক্সের ৪-৫ গজ সামনে চলে আসেন। এরপর প্রয়োগ করলেন শেষ অস্ত্র, হাত দিয়ে ফেলে দেন চাতুরাকে। লাল কার্ড! কিন্তু যে গোল ঠেকাতে আমিনুল এটা করলেন, গোলটা ঠেকানো গেলে তবু কষ্ট থাকত না। কিন্তু মিডফিল্ডার চাতুরার নেওয়া ফ্রি-কিক জালে! বাংলাদেশের খেলোয়াড়েরা দেয়াল তৈরি করেছিলেন, সেই দেয়ালে দাঁড়ানো একজন খেলোয়াড়ের মাথায় লেগে খানিক দিক বদলে বল জালে যাওয়ায় বিপ্লবের আসলে কিছু করার রইল না। বাংলাদেশের মৃত স্বপ্নের কফিনে আর পেরেক ঠোকার দরকার ছিল না, তবু ৭৯ মিনিটে আবার সেই রক্ষণের ফাঁক গলে বাংলাদেশের জালে বল। ফরোয়ার্ড সঞ্জীবের পা থেকে বিপ্লব বল কাড়লেও সেই বল বেরিয়ে যায়, বাংলাদেশের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করার অগেই সঞ্জীবের টোকা জালে।বেলা তিনটায় খেলা হওয়ায় এখানকার গরমে সমস্যা হতে পারে—আগেই বলেছিলেন বাংলাদেশ কোচ। কাল গরম ছিল বেশ। তবে এটা অজুহাত হতে পারে না। গোলরক্ষককে কাটিয়েও কোনো খেলোয়াড় যদি পোস্টে শট না নিতে পারেন, কোনো ব্যাখ্যা হয় না। শেষ দিকে আতিকুরের সৌজন্যে এটাও দেখা গেল। প্রথমার্ধে গোটা দুই মিস ছিল, এমিলি-এনামুলরা শটই নিতে পারেননি পোস্টে। জাহিদের পা থেকে বল বেরিয়ে গেছে কয়েকবার।কারোরই কিছু ঠিকমতো হয়নি। একেকজনের শরীর বলছিল, ইচ্ছার বিরুদ্ধে খেলছেন। প্রচুর ভুল পাস, এলোমেলো আক্রমণে ওঠা আর প্রতিপক্ষের আক্রমণে বিভ্রান্ত। এসব লিখেও কালকের বাংলাদেশকে বোঝানো সম্ভব নয়!বাংলাদেশ দল: আমিনুল, নাসির, ওয়ালি, মিন্টু শেখ, নাসিরউদ্দিন, আতিকুর, মামুনুল, শাকিল (কমল), জাহিদ (তৌহিদুল), এমিলি, এনামুল (বিপ্লব)।