স্বপ্নের কাছে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর দুটি মাত্র বাধা পেরোলেই অধরা অলিম্পিক সোনা! পরশু হন্ডুরাসকে ৩-২ গোলে হারিয়ে ব্রাজিল পৌঁছে গেছে সেমিফাইনালে। দলে প্রতিভার ছড়াছড়ি। তবে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পেল ভাগ্যপ্রসূত জয়ে। কে জানে, এটিই হয়তো দিচ্ছে ভালো কিছুর ইঙ্গিত। আগামীকাল সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। সেমিফাইনালে জায়গা করে নিয়ে যারা ভেঙে দিয়েছে স্বাগতিক ব্রিটেনের স্বপ্ন। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ গোলে ড্রয়ের পর দক্ষিণ কোরিয়া স্বাগতিকদের স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে টাইব্রেকারে (৫-৪)। সেমিফাইনালে এশিয়ানদেরই জয়জয়কার। দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাপানও উঠে গেছে শেষ চারে। মানে চার সেমিফাইনালিস্টের দুটিই এশিয়ার। সেমিফাইনালের পথে জাপান ১০ জনের দল মিসরকে হারিয়েছে ৩-০ গোলে। শেষ চারে জাপানের প্রতিপক্ষ মেক্সিকো। যারা সেনেগালকে হারিয়েছে ৪-২ গোলে।৩-২ স্কোরই দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তবে স্নায়ুক্ষয়ী লড়াইয়ের সবটুকু উত্তেজনা ফুটিয়ে তুলতে পারছে কী! স্কোর দেখে কী করে বুঝবেন, ব্রাজিলের জয়টি ৯ জনের হন্ডুরাসের বিপক্ষে। স্কোর দেখে এটাও বোঝার উপায় নেই, হন্ডুরাসই দু-দুবার এগিয়ে গিয়েছিল ম্যাচে। দু-দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। ছেলেদের সেমিফাইনালে ওঠার দিনে ব্রাজিলের মেয়েদের স্বপ্ন ভেঙে দিয়েছে জাপান, কোয়ার্টার ফাইনালেই।১২ মিনিটে হন্ডুরাসকে এগিয়ে দেন মার্টিনেজ। কিন্তু কিছুতেই গোলের রাস্তা খুঁজে পাচ্ছিল না ব্রাজিল। এরই মধ্যে ম্যাচের ৩৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হন্ডুরাসের ডিফেন্ডার ওলমার ক্রিসান্তো। পরের ৫৭ মিনিট তাই মধ্য আমেরিকার দেশটিকে খেলতে হয়েছে ১০ জন নিয়ে। ম্যাচের শেষ মিনিটে আবার ওই দ্বিতীয় হলুদ কার্ডের খড়্গে কাটা পড়েই মাঠ ছাড়তে হয় দলের পক্ষে দ্বিতীয় গোল করা এস্পিনোজাকে। তবে শেষ মিনিটে এস্পিনোজার মাঠ ত্যাগ হন্ডুরাসের ততটা ক্ষতির কারণ হয়নি, যতটা ছিল ক্রিসান্তোর লাল কার্ড।ক্রিসান্তো মাঠ ছাড়ার পাঁচ মিনিট পর ব্রাজিলকে সমতায় ফেরান লিয়ানন্দ্রো দামিয়াও। ৪৮ মিনিটেই আবার হন্ডুরাসকে এগিয়ে দেন এস্পিনোজা। কিন্তু গোল করে তারা সোজা হয়ে দাঁড়ানোর আগেই ব্রাজিলকে সমতায় ফেরান নেইমার, পেনাল্টিতে। ৬০ মিনিটে দামিয়াও নিজের দ্বিতীয় গোল করে নিশ্চিত করেছেন ব্রাজিলের জয়। দু-দুটি লাল কার্ডের সঙ্গে একটি পেনাল্টি, তবুও হারের দায় রেফারির কাঁধে চাপাতে রাজি নয় স্পেনকে বিদায় করা হন্ডুরাস। এএফপি।