স্বপ্নের জগতে ওয়াহাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্যাপটা তুলে দেওয়ার সময় সহকারী কোচ ইজাজ আহমেদ বলেছিলেন, ‘যাও, নিজের সেরাটা দেখাও।’ মাঠে নামার আগে কোচ ওয়াকার ইউনুস বলেছিলেন, ‘নিজেকে উজাড় করে দাও।’ নিজেকে এমনভাবেই উজাড় করে দিলেন যে টেস্ট ক্রিকেটে প্রথম দিনের শেষেই ওয়াহাব রিয়াজ বলতে পারছেন, ‘সবকিছু স্বপ্নের মতো লাগছে!’চোট উমর গুলকে সিরিজ থেকে কেড়ে নেওয়ার পরই নিশ্চিত হয়ে যায় লর্ডসে অভিষেক হচ্ছে এক পেসারের। গুল-আসিফ-আমির ছাড়া স্কোয়াডে থাকা বাকি দুই পেসার নতুন। টেস্ট না খেলা হলেও তানভীর আহমেদ ও ওয়াহাব রিয়াজের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিজ্ঞতাটা কম নয়। ১০২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী তানভীর, ৬৫টি ওয়াহাব। গত মৌসুমে কায়েদে আজম ট্রফিতে সর্বোচ্চ ৮৬ উইকেট নেওয়ায় দুজনের লড়াইয়ে এগিয়ে ছিলেন তানভীরই। তবে টেস্টের আগের দিন ওয়াকার দুজনকে ডেকে বলেছিলেন, ‘যার মধ্যে আত্মবিশ্বাস বেশি দেখব, দলে জায়গা হবে তারই।’ এখানেই তানভীরকে টপকে যান ওয়াহাব।কোচকে সঠিক প্রমাণ করতে খুব বেশি সময় নেননি ২৫ বছর বয়সী তরুণ। টেস্ট ক্রিকেটে প্রথম ওভারেই ড্রাইভিং লেন্থে বল করে দুটো চার খান অ্যান্ড্রু স্ট্রাউসের হাতে। করণীয় বুঝে ফেলেন খুব দ্রুতই, পরের ওভারেই ‘শর্ট অব লেন্থে’ বোলিং করে আউট করে দেন স্ট্রাউসকে। এরপর একে একে তুলে নেন ট্রট, পিটারসেন ও মরগানকে। টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম স্পেল ১০-৫-১৯-৪! দারুণ এক স্লোয়ারে ব্রডকে আউট করে শুধু জুটিটাই ভাঙেননি, পেয়ে যান টেস্ট অভিষেকে ৫ উইকেট। নজর কেড়েছেন গতি দিয়েও, নতুন বলে ধারাবাহিকভাবে বোলিং করেছেন নব্বই মাইলের আশপাশে।অথচ দীর্ঘদেহী মোহাম্মদ ইরফান বা মোহাম্মদ সামিকে টপকে তাঁর স্কোয়াডে থাকা বা কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়ে সমালোচনা কম হয়নি। কায়েদে আজম ট্রফিতে পেয়েছেন মাত্র ১৪ উইকেট, সমালোচনা তো হবেই। তবে নির্বাচকেরা ওয়াহাবকে দলে নেন ‘এ’ দলের হয়ে পারফরম্যান্সে। ওয়াহাবও জানালেন, ‘এ’ দলের পারফরম্যান্সই তাঁকে করে তুলেছে আত্মবিশ্বাসী, ‘মূল বোলাররা ভালো করছে, আমি তাই জানতাম সুযোগ পেলে পারফর্ম করতেই হবে। ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ উইকেট পাওয়াটা আমাকে দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছিল।’ কৃতজ্ঞতা জানালেন কোচ ও সতীর্থ দুই পেসারের কাছেও, ‘ওয়াকার আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন। আমির-আসিফও আমাকে সব সময় বলে গেছে, আমি পারব।’ ৫ উইকেটে ৪টিই মূল ব্যাটসম্যানদের, তবে ওয়াহাব জানালেন, তাঁকে সবচেয়ে তৃপ্তি দিয়েছে দারুণ ফর্মে থাকা মরগানের উইকেটটি।ওভালে টেস্ট অভিষেক হলেও ওয়ানডে খেলেছেন কিন্তু ৫টি। সফলও হয়েছেন, উইকেট পেয়েছেন প্রতি ম্যাচেই। টেস্ট অভিষেকে ৫ উইকেট পাওয়ার স্বপ্ন পূরণের পর জানালেন পরবর্তী স্বপ্নের কথা, ‘এখন আমার লক্ষ্য ১০ উইকেট!’ শুধু তা-ই নয়, অপরাজিত ৮৪ রান করা ম্যাট প্রিয়রের সঙ্গে সংবাদ সম্মেলনে দেখা হলে বলেছেন, ‘এখন তোমার উইকেটটা আমার চাই।’ ওয়াকার তাহলে ভুল করেননি। সত্যিই আত্মবিশ্বাসে টইটম্বুর ওয়াহাব! ওয়েবসাইট।