স্বপ্নের জগতে বিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নের জগৎ থেকে কাল যে জগতে এলেন, মাইকেল বিয়ার নিজেও জানেন না এটির নাম। বছর খানেক আগেও মেলবোর্নের যে ক্লাব ক্রিকেটারের স্বপ্ন ছিল পেশাদার ক্রিকেটার হওয়া, কাল তিনিই একসঙ্গে অনুশীলন করলেন পন্টিং-ক্লার্কদের সঙ্গে। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার স্বপ্ন তাঁকে মেলবোর্ন থেকে এনে ফেলেছে পার্থে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলাটাই তাই বিয়ারের কাছে ছিল স্বপ্নপূরণের মতো। টেস্ট ক্রিকেটের জগৎটাকে তিনি কী বলবেন!প্রাথমিক উচ্ছ্বাসটা একটু স্তিমিত হয়ে এসেছে, কাটতে শুরু করেছে ঘোরও। বিয়ার উপলব্ধি করতে পারছেন নির্মম কঠিন এক জগৎ টেস্ট ক্রিকেট। এই জগতে টিকতে পারবেন কি না, নিশ্চিত নন তিনিও। তবে ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনারের আত্মবিশ্বাসের কমতি নেই, ‘এটা বলা কঠিন (টেস্টের জন্য প্রস্তুত কি না), তবে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমি ব্যাকুল। নিজের সামর্থ্যের ওপর আমার পুরো বিশ্বাস আছে। আশা করি, আমি ভালো করতে পারব। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। নিজের ভূমিকা সম্পর্কে আমার ভালোই জানা আছে, সেটা করার সর্বোচ্চ চেষ্টা করব আমি।’৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে মাত্র ১৬ উইকেট, ৫ উইকেট নেই একটিও। তবে বিয়ারের নিজের ধারণা, বছরটা যে জায়গা থেকে শুরু করেছিলেন, সেখান থেকে অনেকটা উন্নতি করেছেন তিনি। বিয়ারের পক্ষে আছে আরেকটা ব্যাপার, ইংল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ খেলার সাম্প্রতিক অভিজ্ঞতা আছে তাঁর। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল ইংল্যান্ড, ওই ম্যাচে দুই ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন বিয়ার।তবে নিজের অভিজ্ঞতা থেকে অস্ট্রেলিয়ার নতুন ‘স্পিন সেনশেসন’কে সতর্ক করে দিয়েছেন জেভিয়ার ডোহার্টি। বিয়ারকে নিয়ে যেমন আলোচনা, অ্যাশেজ দলে জায়গা পাওয়ার পর এমন আলোচনাই হয়েছিল ডোহার্টিকে নিয়ে। দুই টেস্টে ইংলিশ ব্যাটসম্যানদের হাতে তুলোধোনা হয়ে ছিটকে পড়েছেন ডোহার্টি। এই বাঁহাতি স্পিনার মোটামুটি নিশ্চিত, ইংলিশরা ‘টার্গেট’ করবে বিয়ারকে, ‘পার্থের পেসার-বান্ধব উইকেটে একজন স্পিনার পেলে ইংলিশরা নিশ্চিতভাবেই তাকে আক্রমণ করবে। আমার সঙ্গেও ওরা তাই করেছিল, আমাকে প্রচণ্ড চাপে ফেলে দিয়েছিল। আমি দিব্যি দেখতে পাচ্ছি, তার (বিয়ার) সঙ্গেও এমনটিই হতে যাচ্ছে। আমি ছেলেটাকে ঠিক চিনি না, তবে তার জন্য আমার শুভকামনা রইল।’ডোহার্টির মতো বিয়ারকে অনেকেই চেনেন না এবং তাঁর ডাক পাওয়ায় তাঁরা অবাক। তবে এই বিস্মিতদের ভিড়েও অবাক হতে হচ্ছে একজনের অবাক হওয়া দেখে। নাম তাঁর মার্ভ হিউজ। মাস দুয়েক আগেও অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলে থাকা সাবেক ফাস্ট বোলারও চমকে গেছেন বিয়ার-কাণ্ডে, ‘আমাকে বলতেই হবে, আমি আকাশ থেকে পড়েছি। সপ্তাহ তিনেক আগে তাঁকে ‘এ’ দলেও নেওয়া হয়নি, কারণ স্টিভ স্মিথ ও স্টিভ ও’কিফি ছিল। বিয়ারের ডাক পাওয়া তাই বড় একটা চমক, আমার ধারণা, দু-একজন ওর আগে আছে। তবে আমি এ বছর খেলা দেখিনি। গত পাঁচ বছর নির্বাচনী প্রক্রিয়ায় ছিলাম বলেই জানি, এ বছর ওর খেলা দেখে নির্বাচকেরা নিশ্চয়ই ওর মাঝে কিছু একটা খুঁজে পেয়েছে।’তবে অবাক হলেও অখুশি নন, ‘অ্যাডিলেড টেস্টের পর থেকে সবাই পরিবর্তন আনার জন্য চেঁচাচ্ছে, আবার পরিবর্তন আনা হলেই অভিযোগ তুলছে। ছেলেটাকে সুযোগ দেওয়া হোক, আশা করি ভালো করবে। আমি অবাক হয়েছি, কিন্তু একই সঙ্গে ওকে দেখার জন্য রোমাঞ্চিতও।’ ওয়েবসাইট।