স্বপ্নের ফাইনালের দরজা খোলা

স্প্যানিশে শব্দটা কী কে জানে, তবে হেডফোনে ইংরেজি অনুবাদে দুবার শোনা গেল ‘সাফারিং’ ‘সাফারিং’...
ম্যাচের ১১৮ মিনিট পর্যন্ত গোল নেই, ম্যাচ যাচ্ছে টাইব্রেকারের লটারিতে—সেই সময়ের মানসিক অবস্থার কথা বলছিলেন লিওনেল মেসি। ‘শুধু মনে হচ্ছিল, দেশের মানুষ এত আশা করে আছে, আর একটা ভুল করলেই বিশ্বকাপ শেষ!’
বিশ্বকাপে ম্যান অব দ্য ম্যাচের ট্রফিটা সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকে ভরা মজলিশেই দেওয়া হয়। আর্জেন্টিনার ম্যাচে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, কে ম্যান অব দ্য ম্যাচ, এটি আর ঘোষণা করার প্রয়োজন পড়ছে না। টানা চার ম্যাচেই মেসি। ট্রফিটা হাতে নেওয়ার সময় মুখে মৃদু হাসি ছিল। তিন প্রশ্নের সংবাদ সম্মেলনের সময় অবশ্য একবারও হাসতে দেখা গেল না। চেহারায় আনন্দের চেয়ে বেশি ক্লান্তি। হাঁফ ছেড়ে বাঁচার স্বস্তি। একটু আগে শেষ হওয়া ম্যাচে অন্তিম লগ্নের ওই গোলের আনন্দ ছাড়া বাকি সবটাই যে ‘সাফারিং’ ‘সাফারিং’...
তিন দিন আগে বেলো হরিজন্তেতে নেইমারকে বিশ্বকাপে রেখে দিয়েছিল ক্রসবার। গত পরশু সাও পাওলোতে মেসিকে বিশ্বকাপে রাখল সম্ভবত সাইড পোস্ট। জামেলির ওই হেডে গোল না হওয়াটাই বিস্ময়কর। হলে ম্যাচ টাইব্রেকারে যায় এবং সেখানে ব্রাজিলের মতো আর্জেন্টিনার ভাগ্যও সুপ্রসন্ন থাকত কি না, কে জানে।
মেসি অবশ্য চূড়ান্ত ভাগ্য পরীক্ষায় যেতে না হওয়ার পরও ভাগ্যকে ধন্যবাদ দেওয়াটা কর্তব্যই মনে করলেন, ‘নিজেদের ভাগ্যবান বলে মানতেই হবে। আজ ভাগ্য অবশ্যই আমাদের পাশে ছিল।’
বিশ্বকাপ একটা হচ্ছে বটে! চিলির বিপক্ষে ব্রাজিল, সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা—এসবেও নাকি ভাগ্য নিয়ে এত কথাবার্তা! গ্রুপপর্ব থেকেই এবার ওলটপালট শুরু। দ্বিতীয় রাউন্ডে সেই অর্থে অভাবিত কোনো ফল না হলেও প্রায় সবগুলো ম্যাচই স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা নিয়ে ছেড়েছে। যা দেখে মেসির উপলব্ধি, ‘বিশ্বকাপে আসলে সহজ ম্যাচ বলতে কিছু নেই।’
সেটি আর্জেন্টিনাই বোধ হয় বেশি বুঝেছে। গ্রুপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়াকে পাওয়ার পর আর্জেন্টাইনদেরই কারও গোল্ডেন বুট পাওয়া নিশ্চিত দেখেছিলেন অনেকে। অথচ গোলবন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে দেওয়া দূরে থাক, তিন ম্যাচেই জিততে আর্জেন্টিনার ঘাম ছুটে গেছে। মিডফিল্ডার ম্যাক্সি রদ্রিগেজ বিশ্বকাপের চরিত্র বুঝিয়ে দিতে সেটিকেই ব্যবহার করছেন, ‘সবাই বলেছিল, গ্রুপপর্বে আমরা বিশাল ব্যবধানে জিতব। সেটি কি হয়েছে? এটা বিশ্বকাপ, এখানে সব ম্যাচেই ১০০ ভাগ ঢেলে দিতে হবে, নইলে যেকোনো দলই হারিয়ে দিতে পারে।’
বিশ্বকাপ জয়ের স্মৃতি রোমন্থন করতে আর্জেন্টিনাকে ফিরে যেতে হয় সেই ১৯৮৬ সালে। সেই বিশ্বকাপের সঙ্গে একটা মিল কিন্তু এরই মধ্যে পাওয়া যাচ্ছে। আর্জেন্টিনার সেই দলটিকে অনেকেই বলেন ‘ম্যারাডোনা ও আরও দশজন’। নামে অনেক বড় বড় খেলোয়াড় থাকলেও মাঠে তো এই আর্জেন্টিনাকেও মনে হচ্ছে ‘মেসি ও আরও দশজন’। অ্যাঙ্গেল ডি মারিয়া গোলটা করে মুখরক্ষা করেছেন। এর আগ পর্যন্ত তো তিনিও ব্যর্থতার মিছিলে আরেকটি মুখ মাত্র।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে বেলজিয়াম। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সেমিফাইনাল প্রতিপক্ষ। ইংল্যান্ডের বিপক্ষে ওই অবিস্মরণীয় গোলে আড়াল হয়ে গেছে, নইলে বেলজিয়ামের বিপক্ষেও একক নৈপুণ্যভাস্বর অসাধারণ একটি গোল করেছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনা দলের যে অবস্থা, তাতে সেমিফাইনালে উঠতে মেসিকেও হয়তো তেমন কিছুই করতে হবে।
সাদা চোখে কোয়ার্টার ফাইনালে সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে হল্যান্ড। কিন্তু এটা এমনই এক বিশ্বকাপ যে ‘সহজ প্রতিপক্ষ’ কথাটাই ব্যঙ্গের হাসি হাসে। বিশ্বকাপের আগে কোয়ার্টার ফাইনালে কোস্টারিকাকে পাবে জানলে হল্যান্ড নির্ঘাত সেমিফাইনাল নিয়ে ভাবতে শুরু করে দিত। অথচ সেই কোস্টারিকাকেই কি এখন সহজ ভাবার উপায় আছে?
তার পরও জার্মানি নিশ্চয়ই সুযোগ থাকলে ফ্রান্সের বদলে কোস্টারিকাকেই বেছে নিত। ফ্রান্সও তা-ই। আগামীকাল কোয়ার্টার ফাইনাল পর্ব শুরুই হচ্ছে সবচেয়ে হাই প্রোফাইল এই ম্যাচ দিয়ে। মারাকানায় জার্মানি-ফ্রান্স ম্যাচ শুরুর বাঁশি বাজার চার ঘণ্টা পর শুরু ফোর্তালেজায় ব্রাজিল-কলম্বিয়া। ৮ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই ম্যাচের বিজয়ীরা।
পরদিনের অন্য সেমিফাইনালে আর্জেন্টিনা-বেলজিয়াম ম্যাচে জয়ীর সঙ্গে হল্যান্ড বা কোস্টারিকা। বিশ্বকাপের ড্র হওয়ার পর থেকেই যা নিয়ে আলোচনা, সেই ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ফাইনালের দরজা তো তাহলে খোলাই থাকছে। সুইজারল্যান্ড ম্যাচের পর আলেসান্দ্রো সাবেলাকে স্বপ্ন-টপ্ন মিলিয়েই প্রশ্নটা করা হয়েছিল—সবাই ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ফাইনালের কথা বলছে। আপনিও কি এমন স্বপ্ন দেখছেন?
এমন একটা রোমান্টিক প্রশ্নের একেবারে কাঠখোট্টা উত্তর দিলেন আর্জেন্টিনার কোচ, ‘না, আমাদের স্বপ্নটা পরের ম্যাচটা জিতে সেমিফাইনালে ওঠা। দূরে তাকাতে চাই না। এটা বিশ্বকাপ আর বিশ্বকাপে অনেক আজব ব্যাপার ঘটে। নইলে ইতালি, ইংল্যান্ড, উরুগুয়ে, পতুর্গাল—এরা সব আজ কোথায়?’
উত্তরটা কাঠখোট্টা মনে হওয়ার একটা কারণ বোধ হয় সংবাদ সম্মেলনে সাবেলার একেবারে রসকষহীন কথাবার্তা। নইলে কথাটা তো আসলে আবেগকে প্রশ্রয় না দিয়ে বাস্তববুদ্ধির পরিচয়। এই বিশ্বকাপ পদে পদে যেমন ‘অ্যাম্বুশ’ পেতে রেখেছে, তাতে একটু দূরে ভাবা মানেই তো অবধারিত চোরাবালিতে ডুবে যাওয়া।
কোয়ার্টার ফাইনাল
৪ জুলাই
জার্মানি–ফ্রান্স
ব্রাজিল–কলম্বিয়া
৫ জুলাই
আর্জেন্টিনা–বেলজিয়াম
হল্যান্ড–কোস্টারিকা