স্বপ্নের বিশ্বকাপ এখন সত্যি
২০০৭ বিশ্বকাপ। হিল্লোল যুবসংঘের হয়ে ঢাকায় তৃতীয় বিভাগ ক্রিকেটে খেলেন রুবেল হোসেন। তবে বিশ্বকাপের সময় ছিলেন বাগেরহাটের নাগেরবাজার এলাকায় নিজেদের বাড়িতে। টেলিভিশনে বিশ্বকাপ দেখতে দেখতে কল্পনাও করেননি পরের বিশ্বকাপে তাঁকেই টেলিভিশনে দেখবে সবাই। ২০১১ বিশ্বকাপ। রুবেলের কাছে এখন ক্রিকেটের মহাযজ্ঞ অনেকটাই বাস্তব। প্রতিটা সেকেন্ড কাটছে বিশ্বকাপ খেলার রোমাঞ্চ আর আকর্ষণে। কোমরের ডান পাশে সামান্য ব্যথা। তবে পুনর্বাসন যেভাবে চলছে, বিশ্বকাপের আগেই সেটা দূর হয়ে যাবে বলে বিশ্বাস।—মানুষের দিন বদলায়। তাই বলে এতটা! নাগেরবাজারের সেই স্কুলছাত্র রুবেল আজ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার! মাশরাফি বিন মুর্তজা ছিলেন স্বপ্নের নায়ক। এখন সেই মাশরাফির সঙ্গে এক দলে খেলেন, ফিটনেস বাড়ানোর দৌড় দৌড়ান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ মাঠে! ভাগ্যের কাছে কৃতজ্ঞতা তো জানানোই যায়।রুবেল ভাগ্য-টাগ্যে বিশ্বাস করেন কি না কে জানে, তবে অতীত নিয়ে পড়ে নেই। যেভাবেই হোক আজ তিনি এই জায়গায় এবং এটাই সত্যি। এখান থেকে চোখটা শুধু সামনের দিকে। ‘তখনকার জীবন আর এখনকার জীবনের মধ্যে অনেক পার্থক্য। জীবন অনেক বদলে গেছে। কোথায় ছিলাম, কী করতাম—ওসব আর ভাবি না। এখন যেভাবে চলছে চলুক। আরও ওপরের দিকে কীভাবে যাওয়া যায়, সেটা নিয়েই চিন্তা করি। আপাতত সব চিন্তা যেমন বিশ্বকাপ নিয়ে’—রুবেলের জীবনদর্শনের একটা রূপ বলতে পারেন এটাকে।‘অতীতকে ভুলে গেছেন রুবেল’ জাতীয় শিরোনামও হতে পারে এসব কথাবার্তার। কিন্তু তা নিয়ে রুবেল থোড়াই ভাবেন। তাঁর মনজুড়ে শুধুই ভবিষ্যতের চিন্তা। রুবেল হোসেন আরও কত বড় বোলারের নাম হতে পারে, সেই জল্পনা, ‘খেলা যখন শুরু করি, এত ওপরে আসব কখনোই চিন্তা করিনি। যখন ভালো একটা পর্যায়ে আসি, তখনই চিন্তাটা আসে। স্বপ্ন দেখি, বিশ্বকাপ খেলব। আর এখন স্বপ্নটা হচ্ছে বিশ্বকাপের সেরা ২-৩ জন বোলারের মধ্যে থাকা।’চিন্তার স্রোত বদলেছে পরিবারেও। ছোটবেলায় মা ছাড়া আর কেউ খেলাধুলায় উর্যাসাহ দিতেন না। বাবা-ভাইয়েরা মিলে শুধু পড়ার কথা বলতেন। আর এখন ক্রিকেটার রুবেলের পেছনে গোটা পরিবারের উজাড় করা সমর্থন। বাগেরহাটবাসীরও, ‘বাগেরহাটের সবাই আমাকে অনেক সাপোর্ট করে। দেখলে সবাই ডাকে, কথা বলতে চায়। যাদের চিনি না, তারাও রাস্তা দিয়ে যাওয়ার সময় বলে, ওই যে রুবেল হোসেন যাচ্ছে! কোথাও কোনো অনুষ্ঠান হলে আমাকে যেতে বলে। খুব ভালো লাগে এসব।’এলাকার মানুষ বিশ্বকাপেও ভালো কিছু আশা করছে তাঁর কাছে, ‘বিশ্বকাপ নিয়ে সবার একটাই কথা—ভালো খেলতে হবে। এলাকার মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাই তা-ই চায়। সবাই আশা করে আছে আমাকে নিয়ে।’আশার বুকে আছে সূক্ষ্ম চিনচিনে একটা ব্যথাও। ১৫ জনের দলে আছেন, অথচ বিশ্বকাপের মাত্র ২৫ দিন আগেও পুরোপুরি ফিট নন রুবেল! কোমরের পুরোনো ব্যথাটা আবার মাথাচাড়া দিয়েছে। ফিজিওর সঙ্গে চালাচ্ছেন পুনর্বাসন-প্রক্রিয়া। রুবেল অবশ্য আশাবাদী, বিশ্বকাপে এই ব্যথা বাধা হবে না, ‘ইনজুরি অনেকটাই সেরে গেছে। দু-তিন দিন ধরে সমস্যা ছাড়াই পুরো রানআপে বোলিং করছি। ফিজিও বলেছেন, এভাবে চলতে থাকলে আর অল্প কয়েক দিন লাগবে পুরো ভালো হতে।’নিজের চোট ভালো হয়ে যাচ্ছে বলে রুবেলের খুশি-খুশি ভাবটা উবে যায় মাশরাফির চোটের প্রসঙ্গ উঠলেই। যাঁকে রোল মডেল মানেন, সেই মাশরাফি নেই বিশ্বকাপের দলে! অলৌকিক কিছু ঘটিয়ে যদি ফেরেন, কাউকে না কাউকে তো ছিটকে পড়তেই হবে। সেটা নিয়ে টেনশন না করে রুবেল বরং বলছেন, ‘মাশরাফি ভাই সুস্থ হয়ে ফিরলে আমিই সবচেয়ে খুশি হব।’মাশরাফির মতো আরেকজন বোলার আছেন রুবেলের অভিধানে, যাঁর বোলিংও টানে তাঁকে—লাসিথ মালিঙ্গা। ভাবতে পারেন, বোলিং অ্যাকশনের মিল আছে বলেই হয়তো...। কিন্তু রুবেল বলছেন, ‘মালিঙ্গার সঙ্গে আমার বোলিং অ্যাকশনের মিল আছে, সেটা পত্রিকা পড়ে প্রথম জেনেছি। বাংলাদেশ দলের নেটে প্রথম বল করতে এসেই শুনলাম কথাটা। নইলে মালিঙ্গাকে আমি অনুসরণ-অনুকরণ কোনোটাই করি না। আমি আমার অ্যাকশনেই বল করি।’বোলিং কোচ ইয়ান পন্ট সেই অ্যাকশনটাও বদলে ফেলার কর্মসূচি হাতে নিয়েছেন। সফল হতে পারেননি এখনো। এ নিয়ে খানিকটা বিব্রত রুবেলও, ‘বোলিং কোচ বলেছিলেন, আমার পা-টা সোজা গেলে গতি আরও বাড়বে। কিন্তু এখনো আমি সেটা ঠিকভাবে করতে পারছি না। কয়েক দিন বল করেই ইনজুরিতে পড়ছি। তার পরও চেষ্টা করে যাচ্ছি কোচের দেখানো অ্যাকশনটাই। আশা করি, পারব।’পারতেই হবে। নিজের অজান্তেই জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে একটা অসাধ্য সাধন করে ফেলেছেন। অ্যাকশন বদলানোর কাজটা তো করছেন জেনেশুনেই!