স্বপ্নের বিশ্বকাপ, ব্রাজিলের স্বপ্নের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্তরের বিশ্বকাপের একটি পোস্টার
সত্তরের বিশ্বকাপের একটি পোস্টার

১৯৭০ বিশ্বকাপ। বিশ্বকাপের রঙিন এক আসর! খুব ভুল কী বলা হলো? বিশ্বব্যাপী টেলিভিশনদর্শকদের সামনে প্রথমবারের মতো রঙিন-দৃশ্যে প্রচারিত হয়েছিল এই বিশ্বকাপ। কিন্তু কেবল এ জন্যই যদি সত্তরের বিশ্বকাপকে ‘রঙিন’ হিসেবে অভিহিত করা হয়, তাহলে বড্ড অন্যায় করা হবে। ফুটবলের ইতিহাসে আকর্ষণীয় বিজ্ঞাপন হয়ে থাকা বেশ কয়েকটি ম্যাচের স্মৃতিই যে মেক্সিকোর এই আয়োজনকে দিয়েছিল ঝলমলে রঙের বর্ণচ্ছটা।

বিশ্বকাপ সেবারই প্রথম পা রেখেছিল উত্তর আমেরিকায়। স্বাগতিক মেক্সিকোর বাতাসে তখন সাংঘাতিক উষ্ণতা। বিশ্বকাপের উত্তেজনাজনিত উষ্ণতা নয়, আবহাওয়ার কথাই বলছি। এত গরমেও বিশ্বকাপ জমেছিল ভালোই। তবে বিশ্বকাপের উত্তাপ কী জিনিস, তা বিশ্ব বুঝেছিল টুর্নামেন্ট শুরুর আগে বাছাইপর্বেই, যখন হন্ডুরাসকে হারিয়ে এল সালভাদরের বিশ্বকাপে সুযোগ পাওয়া দুই দেশের মধ্যে চার দিনব্যাপী একটি যুদ্ধের প্রভাবক হয়ে দাঁড়ায়। ইতিহাসে যুদ্ধটি স্থানও পেয়েছে ফুটবলযুদ্ধ নামেই!

এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটিই দেখেছিল ইতিহাসের প্রথম খেলোয়াড় বদলি। সোভিয়েত ইউনিয়ন ও মেক্সিকোর মধ্যকার গোলশূন্য ড্র হওয়া ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামের সোভিয়েত ইউনিয়নের আনাতোলি পুজাচ। দুই দলই অবশ্য পরে প্রথম গ্রুপ থেকে শেষ আটের টিকিট তুলে নেয়। অন্য গ্রুপগুলোর যখন গোলের বন্যায় ভেসে যাচ্ছে দুকূল, দ্বিতীয় গ্রুপে যেন  গোলখরায় তপ্ত মাঠ। গ্রুপের ফার্স্ট বয় ইতালিই করেছিল মোটে এক গোল, যদিও নিজেদের জালেও বল জড়াতে দেয়নি একবারও।

এক বনে দুই বাঘের মতোই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্বপ্নের দল নিয়ে বিশ্বকাপ খেলতে আসা ব্রাজিল পড়েছিল একই গ্রুপে। ইংল্যান্ড দল তখন আরও পরিণত, চার বছর আগের চ্যাম্পিয়ন দলের চেয়ে ঢের যোগ্যতর দল। পেলে, তোস্তাও, জারজিনহো, রিভেলিনো আর অধিনায়ক কার্লোস আলবার্তোর ওই ব্রাজিলীয় দল তো স্বীকৃত সর্বকালেরই সেরা দল হিসেবে। দুই দলই জায়গা করে নিয়েছিল শেষ আটে, গ্রুপে শ্রেষ্ঠত্বের পতাকা উড়িয়েছিল অবশ্য পেলেদের ব্রাজিলই। চতুর্থ গ্রুপে জার্ড মুলারের পায়ে-পায়ে এগিয়ে শেষ আটে জায়গা করে নেয় পশ্চিম জার্মানি, সঙ্গে ছিল গ্রুপ রানার্সআপ পেরু।

সত্তরের বিশ্বকাপকে ‘সেরা আসর’ এমনিতেই বলা হয় না। অসাধারণ ফুটবলীয় বিনোদনের জন্ম দেওয়া কোয়ার্টার ফাইনাল রাউন্ডের ভূমিকা এখানে অনন্য। ইতিহাসেই ওই রাউন্ডকে নিঃসন্দেহে সেরা নকআউট রাউন্ড হিসেবে অভিহিত করা যায়। উরুগুয়ে-সোভিয়েত ইউনিয়নের ম্যাচটিতে যেমন অন্তিম লগ্নের গোলে উরুগুয়ে পেয়েছিল রোমাঞ্চকর জয়, ঠিক তেমনি প্রথম রাউন্ডে গোলখরায় ভোগা ইতালির বিশাল জয়ে মেক্সিকোকে উড়িয়ে দেওয়াও জন্ম দিয়েছিল আলোচনার। ওই ম্যাচেই সত্তরের বিশ্বকাপের প্রথম গোলটি হজম করেছিল ইতালি। তাও আবার সেটা ছিল আত্মঘাতী।

মহাদেশীয় সঙ্গী পেরুকে ৪-২ গোলে হারিয়ে ব্রাজিলের স্বপ্নের দলের এগিয়ে যাওয়া রূপকথার দিকে। ছেষট্টির হাইভোল্টেজ ফাইনালের দুই দল ইংল্যান্ড আর জার্মানির এবার দেখা হলো শেষ আটেই। আবারও মাঠে রোমাঞ্চের জন্ম দিয়ে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি শেষমেশ ৩-২-এ নিষপত্তি হলো জার্ড মুলারের গোলে।

সেমিফাইনালেও তোলা ছিল দারুণ সব রুদ্ধশ্বাস, সঙ্গে শৈল্পিক ফুটবলের নান্দনিকতা। ইতালি-জার্মানির লড়াইকে ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচের ছোট তালিকাটিতেও রাখতেই হয়। আট মিনিটেই এগিয়ে যাওয়া ইতালি লিড ধরে রাখে শেষ মিনিটের আগ পর্যন্ত। ৯০ মিনিটে ইতালির জালে বল জড়ান শ্লেলিঞ্জার, ম্যাচ গড়ায় ইতিহাসের নাটকীয়তম অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময় দেখেছিল পাঁচ পাঁচটি গোল। পাল্টা-পাল্টি গোল শোধে ৩০ মিনিট শেষে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৪-৩। ‘শতাব্দীর সেরা ম্যাচ’ আখ্যায়িত ওই লড়াই জিতে ৩২ বছর পর আবারও ফাইনালে ওঠে ইতালি।

ফাইনালের ১৮ মিনিটেই পেলে ম্যাজিক। হবেই বা না কেন, সম্রাটের সেবারই যে শেষ বিশ্বকাপ। একের পর এক আক্রমণের পর ইতালি সমতা ফেরায় কিছু পরেই। ৬৬ মিনিটের পর সমতা ভেঙে ব্রাজিলকে দুর্দান্ত এক শটে এগিয়ে দেন গারসন। জোগো বনিতোর অসাধারণ প্রদর্শনীতে ইতালির জালে বল জড়ায় আরও দুবার। ৪-১ গোলে ব্রাজিলের স্বপ্নের দল শুধু ফাইনাল নয়, জিতে নেয় সোনালি জুলে রিমে ট্রফিটি, চিরদিনের জন্যই। আক্ষরিক অর্থেই তা জিতে নেওয়া, ফিফার নিয়ম অনুসারে তিনবার কাপ জেতা দলের যে আজীবনের জন্যই ট্রফি পেয়ে যাওয়ার নিয়ম। বিশ্বকাপ ইতিহাসের সেরা দলখ্যাত ব্রাজিলের স্বপ্নের দলের ট্রফি তুলে ধরার মাধ্যমে ব্রাজিলেই শেষ হয় জুলে রিমে ট্রফির যাত্রা। পেশিশক্তির বদলে ফুটবলের সৌন্দর্যে মোড়ানো এক আসর দেখে বিশ্ববাসী টেলিভিশনের রঙিন পর্দায়। পেশিশক্তির ব্যবহার কমায় ভূমিকা অবশ্য সেবারই চালু হওয়া হলুদ কার্ড লাল কার্ডের নিয়মেরও কম ছিল না।

বিশ্বকাপের ট্রফি অর্জনের চেয়ে রক্ষা করা হয়তো বেশিই কঠিন। নয়তো কি চিরদিনের জন্য নিজেদের নামে লিখে নেওয়া ট্রফিটি এভাবে খোয়াতে হয়! ১৯৮৩ সালে রিও ডি জেনিরো থেকে চুরি হয়ে যায় মূল ট্রফিটি। চোরেরা ধরা পড়লেও আগেরবারের মতো এবার আর ট্রফিটি খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয়, চোরেরা বোধ হয় ট্রফি গলিয়ে স্বর্ণ বিক্রিই করে দিয়েছিল। ট্রফির মতো ব্রাজিলের কীর্তি অবশ্য গলে যায়নি, কিংবদন্তি পেলের শেষ বিশ্বকাপ আজও সেরা বিশ্বকাপ স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে ফুটবলপ্রেমীদের মনে।