স্বপ্নের রঙ্গমঞ্চে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার ইউনাইটেডের জাদুঘরে ট্রফিকেসের সামনে এয়ারটেল উদীয়মান ফুটবলাররা ।  সৌজন্য ছবি
ম্যানচেস্টার ইউনাইটেডের জাদুঘরে ট্রফিকেসের সামনে এয়ারটেল উদীয়মান ফুটবলাররা । সৌজন্য ছবি

কাল দিনের প্রথম ভাগে এয়ারটেল উদীয়মান ফুটবল তারকাদের কেউ হয়ে গেল ওয়েইন রুনি, কেউ রবিন ফন পার্সি, কেউ বা ফিল জোনস, নেমানিয়া ভিদিচ, রিও ফার্ডিনান্ড, নানি কিংবা ডেভিড ডি গেয়া। কী করে, সেই গল্পটা এখন বলি।
কাল ছিল ম্যানচেস্টার ইউনাইটেড মাঠ, ড্রেসিংরুম ও জাদুঘর ঘুরে দেখার দিন। প্রথমে দেখা হলো জাদুঘর। ১৩৮ বছর বয়সী ক্লাবটির অতীত, বর্তমান জ্বলজ্বল করছে সেখানে। উত্থানের কাহিনি, দুঃসময় আর আলো ঝলমল সাফল্যের গল্প বিধৃত পাতায় পাতায়। এ পর্যন্ত সব টুর্নামেন্ট ও লিগ মিলিয়ে যত শিরোপা জিতেছে ইউনাইটেড, সবগুলো রাখা আছে একটা ঘরে, নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থায়। প্রথমে রাখা আছে ১৯৯২-৯৩ সালে শুরু প্রিমিয়ার লিগের ট্রফিগুলো। মোট ১৩টি। পাশে প্রথম বিভাগ লিগে জেতা ৭টি। আছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিগের ট্রফি, কাপ উইনার্স কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের শ্রেষ্ঠত্বের স্মারক। পাশেই ছবিতে ধরে রাখা বিজয়ের মুহূর্তগুলো। বিজয়ী কোচদের কথা লিপিবদ্ধ তাঁদের ছবিসহ। ১৯৪৫ সালের ম্যাট বুসবি হাসছেন, ২০০৮ সালের অ্যালেক্স ফার্গুসন কাপ উঁচিয়ে ধরেছেন। অতীতের সব কোচের ছবিসহ নাম লেখা আছে একটা জায়গায়, সর্বশেষ নামটি ডেভিড ময়েস। এ পর্যন্ত ক্লাবে যত খেলোয়াড় খেলেছেন, তাঁরাও আছেন স্মরণের ফিতায়। কিংবদন্তি খেলোয়াড়দের নামগুলো অবশ্য আলাদাভাবে জ্বলজ্বল করে। সেখানে ইউনাইটের ত্রিমূর্তি জর্জ বেস্ট, ডেনিস ল ও ববি চার্লটন সমহিমায় ভাস্বর।
১৯৫৮-এর মর্মান্তিক মিউনিখ দুর্ঘটনায় নিহত খেলোয়াড়-কর্মকর্তাদের জন্য উৎসর্গি করা আলাদা একটা জায়গা। অনেকেই বলেন এবং বিশ্বাস করেন, এই শোক থেকেই শক্তি সঞ্চয় করে বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত হয়েছে আজ ইউনাইটেড।
জাদুঘরে যেমন ইতিহাস এবং সফল বর্তমান মূর্ত, সঙ্গে এটাও ঠিক, উদ্যোগটি ভীষণ অর্থকরীও। প্রতিটি বিষয়ের সঙ্গে যেন জড়িয়ে আছে এখন টাকা আয় করার চিন্তা। দর্শন-বিনময় মাথাপ্রতি ১৮ পাউন্ড তো আছেই। জাদুঘরে অজস্র স্মারক বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এমনই সেসবের প্রচার যে, পয়সাওয়ালা দর্শনার্থী গাঁটের পয়সা খসাতে বাধ্য। ক্লাবের গাইড অ্যালেক্স রেমিংটনের সঙ্গে কথা বলে জানা গেল, ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ থাকলে সেদিন জাদুঘর বন্ধ থাকে। বাকি ছয় দিন প্রতিদিন গড়ে দুই হাজার করে দর্শনার্থী আসে। এদের ১৮ পাউন্ড দিয়ে গুণ করে দেখুন কত টাকা আয় হয় এই খাতে। অবাক হওয়ার কিছু নেই, পেশাদার ফুটবলের পৃথিবী তো এমনই। খেলা থেকে বিনোদন নাও, তবে সঙ্গে গাঁটের পয়সাও খসাও। ইউনাইটেডের জাদুঘর দেখতে দেখতে বারবার মনে পড়ছিল বাংলাদেশের আবাহনী-মোহামেডান বা অন্য ক্লাবগুলোর কথা। তারা পেশাদার ফুটবল খেলছে, অথচ ফুটবলকে ভাঙিয়ে কীভাবে টাকা রোজগার করতে হয় জানে না। জানলেও উদ্যোগ নেওয়ার বেলায় অনাগ্রহ। স্যার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ডঘেঁষা দ্বিতলবিশিষ্ট এই স্থাপনায় আসলে সময় বন্দী হয়ে আছে।
জাদুঘর দেখা শেষ হতেই মূল মাঠটা দেখার পালা। সেদিন এই স্টেডিয়ামেই বসে ম্যাচ দেখা হয়েছে, কিন্তু আকাশছোঁয়া গ্যালারিতে বসে মাঠটাকে দেখা হয়েছিল পাখির চোখে। কাল এই মাঠের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের ১২ জন খুদে ফুটবলারের সে কী আনন্দ! সবার ছোট্ট মশিউর তো দৌড়ে প্রায় ঢুকেই গিয়েছিল মাঠের মধ্যে। কিন্তু মাঠে পা দেওয়া দূরের কথা, দূর থেকে একটু ঘাসের স্পর্শ নেওয়াই কঠিন। কঠোর নিষেধাজ্ঞা। এই ঘাস রুনি-ফন পার্সিদের পা স্পর্শ করে, এই ঘাস একদা ছুঁয়েছে বেকহাম-রোনালদোর পা, মশিউর দূর থেকে একটু হাত ছোঁয়ালেই এটি অশুদ্ধ হয়ে যাবে! আসলে তা নয়। দর্শনার্থীদের জন্য কতশত নিষেধের জাল যে এখানে থাকে। বিশ্বের অন্যতম সেরা ক্লাব বলে কথা।
এই তুলনায় ড্রেসিংরুমে ঢোকা গেল অনায়াসেই। চমৎকার সাজানো-গোছানো, পরিষ্কার-পরিচ্ছন্ন। ১৮ জন খেলোয়াড়ের বসার জায়গা নির্দিষ্ট। ওপরে জার্সি নম্বর ঝুলিয়ে জায়গা নির্দিষ্ট করা। আজই এখানে খেলার এক ঘণ্টা আগে এসে বসবেন রুনিরা। মশিউর বসল রুনির জায়গায়, সোহান ফিল জোনসের জায়গায়, এভরার জন্য নির্দিষ্ট আসনে বসল ইমন। এ রকম কয়েক মিনিটের জন্য ওরা সবাই হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা খেলোয়াড়। রেমিংটন পরে নিয়ে গেলেন সংবাদ সম্মেলনকক্ষে, যেখানে ম্যাচের পর কোচ-অধিনায়কেরা বসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ওখানে গিয়েও কেউ হলে ‘রায়ান গিগস’ কেউ ‘রুনি’।
খেলোয়াড়দের টানেল দিয়ে হাঁটাহাঁটি করা হলো খানিক। এই টানেল দিয়েই আজ মাঠে খেলতে নামবেন রুনিরা। পাশাপাশি হেঁটে যাবেন সান্ডারল্যান্ড দলের খেলোয়াড়েরা।
ওঁরা যখন টানেল দিয়ে হেঁটে মাঠে নামবেন, তখন বাংলাদেশের এয়ারটেল উদীয়মান তারকারা দেশের পথে থাকবে বিমানে। তাদের বুকে থাকবে একগুচ্ছ স্বপ্ন, যে স্বপ্নরা জন্ম নিল ওল্ড ট্রাফোর্ড থেকে। ওহ্, ওল্ড ট্রাফোর্ড ফুটবল স্টেডিয়ামের আরেকটা নাম তো স্বপ্নের রঙ্গমঞ্চ, থিয়েটার অব ড্রিমস।